Luce EV কিনতে বাধ্য করার অভিযোগ অস্বীকার Ferrari-র
নিজেদের তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি (EV) ‘Luce’ কেনার জন্য শীর্ষ সংগ্রাহক বা ক্রেতাদের বাধ্য করা হচ্ছে—এমন অভিযোগ কঠোরভাবে অস্বীকার করেছে Ferrari।
সম্প্রতি Bloomberg-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, Ferrari-র দীর্ঘদিনের গাড়ি সংগ্রাহকদের এই ইলেকট্রিক মডেলটি কেনার জন্য জোরাজুরি করা হচ্ছে, যাতে তারা ভবিষ্যতে কোম্পানির বিশেষ সিরিজের (Special Series) গাড়ি পাওয়ার নিশ্চয়তা বা ভিআইপি (VIP) মর্যাদা ধরে রাখতে পারেন।
বিশ্বখ্যাত এই ইতালিয়ান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের Chief Marketing Officer Enrico Galliera গাড়ি বিষয়ক মাধ্যম The Drive-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, "না, এই প্রতিবেদনটি দেখে আমি খুবই ক্ষুব্ধ হয়েছি, কারণ এতে যা লেখা হয়েছে তা আমরা মোটেও সমর্থন করি না এবং এটি সম্পূর্ণ ভুল।" Galliera ব্যাখ্যা করেন যে, Luce EV-টি তাদের চিরাচরিত সুপারকার সংগ্রাহকদের জন্য নয়, বরং সম্পূর্ণ ভিন্ন একদল ক্রেতাকে টার্গেট করে ডিজাইন করা হয়েছে। তিনি আরও যোগ করেন, "আমরা শুরু থেকেই আমাদের গ্রাহকদের কাছে পরিষ্কার করে দিয়েছি যে এই গাড়িটির লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন ধরনের ক্রেতারা।"
Ferrari-র মতে, অনিচ্ছুক ক্রেতাদের কাছে জোর করে গাড়ি বিক্রি করলে তা ব্র্যান্ডের প্রিমিয়াম ভাবমূর্তি এবং পণ্যের নিজস্ব বাজার মূল্য—উভয়কেই ক্ষতিগ্রস্ত করবে। Galliera বিষয়টি বুঝিয়ে বলেন, "যারা এটি কিনতে চান আমরা তাদের জন্য আনন্দিত। তবে আমাদের নিশ্চিত করতে হবে যে যিনিই এই গাড়িটি কিনছেন, তিনি যেন নিজের ইচ্ছায় কেনেন—কোনো জোরজুলুমের মাধ্যমে নয়। এর একটি সহজ কারণ হলো, অতীতের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে কোনো গ্রাহককে তার অনিচ্ছায় গাড়ি গছিয়ে দিলে, তিনিই বাজারে ব্র্যান্ডের প্রথম নেতিবাচক প্রচারক বা 'নেগেটিভ অ্যাম্বাসেডর' হয়ে ওঠেন।"
এই নির্বাহী কর্মকর্তা জোরপূর্বক গাড়ি বিক্রির দীর্ঘমেয়াদী পরিণতি সম্পর্কে সতর্ক করে বর্তমান বাজারে অন্যান্য ইলেকট্রিক গাড়ি নির্মাতাদের সাম্প্রতিক সংকটের উদাহরণ টানেন। Galliera বলেন, "কোনো গ্রাহককে গাড়ি কিনতে বাধ্য করা হলে এবং তিনি যদি সেটি পছন্দ না করেন, তবে তিনি পণ্যের বাজার মূল্য ধ্বংস করে দেবেন; বাজারে অন্য কিছু EV ব্র্যান্ডের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে।" তিনি ব্র্যান্ডের বণ্টন নীতি পুনর্ব্যক্ত করে স্পষ্ট জানান, "আমাদের বার্তা খুবই পরিষ্কার। এই গাড়িটি মানুষের ওপর চাপিয়ে দেওয়া হবে না, এটি কেবল তাদেরই দেওয়া হবে যারা এটি কিনতে চান।"
Ferrari জোর দিয়ে বলেছে যে, তাদের অন্যান্য প্রচলিত জ্বালানি বা কম্বাশন মডেলগুলোর মতো Luce কেনার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ, এই ইলেকট্রিক গাড়িটি কিনলেই কেউ ভবিষ্যতের বিশেষ হাইপারকারগুলো পাওয়ার ক্ষেত্রে কোনো বাড়তি বা অগ্রাধিকারমূলক সুবিধা পাবেন না। Galliera বলেন, "আমি আবার বলতে চাই, Luce আমাদের লাইনে থাকা অন্য আরেকটি গাড়ি মাত্র। তাই এটি কিনলে একজন গ্রাহক ঠিক ততটুকুই সুবিধা পাবেন যা অন্য যেকোনো Ferrari কিনলে পাওয়া যায়। Luce কিনলে তাদের গ্যারেজের শোভা হয়তো বাড়বে, তবে এটি অন্য কোনো গাড়ি কেনার অধিকার বা বাড়তি সুবিধা দেবে না।"
মারানেলোর (Ferrari-র সদর দফতর) এমন করপোরেট অবস্থান সত্ত্বেও, আড়ালে ফ্র্যাঞ্চাইজি ডিলারশিপগুলো ৫,৬০,০০০ মার্কিন ডলার মূল্যের এই বিতর্কিত EV-টির স্টক খালি করতে স্বাধীনভাবে চাপ প্রয়োগ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গাড়িটি বাজারে আসার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছে। এর অন্যতম বড় এবং হাই-প্রোফাইল সমালোচক হলেন Ferrari-র সাবেক প্রেসিডেন্ট Luca di Montezemolo, যিনি ব্যাটারিচালিত এই গাড়িটির প্রকাশ্য নিন্দা করেছেন। Montezemolo বলেন, "আমি আশা করি তারা অন্তত এই গাড়িটি থেকে 'প্র্যান্সিং হর্স' (Ferrari-র ঐতিহ্যবাহী লাফানো ঘোড়ার লোগো) সরিয়ে নেবে।" তিনি আরও যোগ করে বলেন, "নিশ্চিতভাবেই এটি এমন একটি গাড়ি যা চীনারা অন্তত আমাদের দেখে নকল করবে না।"