বড় স্ক্রিন নিয়ে Mazda-র সাফাই
নতুন CX-5 গাড়ির ড্যাশবোর্ডে ফিজিক্যাল বাটন বা বোতাম বাদ দিয়ে বিশাল স্ক্রিন রাখার সিদ্ধান্তকে যুক্তিসঙ্গত দাবি করেছে Mazda।
জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Mazda তাদের নতুন CX-5 মডেলে একটি বিশাল ১৫.৬ ইঞ্চির ইনফোটেইনমেন্ট ডিসপ্লে যুক্ত করেছে। তবে এই ড্যাশবোর্ডে কোনো ফিজিক্যাল বাটন বা প্রচলিত বোতাম না থাকায় অনেকেই একে খরচ কমানোর কৌশল হিসেবে সমালোচনা করছেন।
তবে এই অভিযোগকে উড়িয়ে দিয়ে কোম্পানিটি দাবি করেছে, তাদের এই ডিজাইন মূলত চালকের নিরাপত্তা এবং ব্যবহারের সুবিধাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।
Mazda-র ইন-ভেহিকল টেকনোলজি ও হিউম্যান-মেশিন ইন্টারফেসের প্রজেক্ট ম্যানেজার Matthew Valbuena গত ফেব্রুয়ারিতে Motor1-কে বলেন, "আমাদের মূল লক্ষ্য ছিল গাড়ি চালানোর সময় চালকের মনোযোগ যেন অন্যদিকে নষ্ট না হয়।" একই সুর শোনা গেছে Mazda North American Operations-এর পাবলিক অ্যাফেয়ার্স ম্যানেজার Tamara Mlynarczyk-এর কণ্ঠেও। ২০১৫ সালের জুলাইয়ে তিনি জানান, এই নতুন ইউজার ইন্টারফেসটি গ্রাহকদের ফিডব্যাকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
অস্ট্রেলিয়ান ম্যাগাজিন Drive-এর সাথে আলাপকালে CX-5-এর প্রোগ্রাম ম্যানেজার Koichiro Yamaguchi ব্যাখ্যা করেন যে, কেন প্রথাগত বোতামের চেয়ে একটি বড় ডিজিটাল স্ক্রিন বেশি নিরাপদ। Yamaguchi বলেন, "এয়ার কন্ডিশনার আপনি আঙুল দিয়ে অনায়াসেই চালাতে পারেন। কিন্তু আমরা যদি সেখানে ফিজিক্যাল বাটন রাখতাম, তবে সেগুলো ড্যাশবোর্ডের বেশ নিচের দিকে দিতে হতো। তখন চালককে নিচের দিকে তাকাতে হতো এবং সেখানে একই রকম দেখতে ১৫টি সুইচ থাকত। এর মানে হলো, সঠিক বোতামটি বেছে নিতে চালককে রাস্তা থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকাতেই হতো। তার চেয়ে এই কন্ট্রোলটি স্ক্রিনে রাখাই ভালো, যা চালকের মনোযোগ বিচ্যুতি অনেকটাই কমিয়ে আনে।"
ব্যবহারকারীদের এই সম্ভাব্য সমস্যা দূর করতে এবং মনোযোগ ধরে রাখতে Mazda-র প্রকৌশলীরা একটি বিশেষ কৌশল নিয়েছেন। তারা ঘন ঘন ব্যবহৃত ফাংশনগুলো, যেমন প্রধান ক্লাইমেট কন্ট্রোল সেটিংস, টাচস্ক্রিনের নিচের অংশে স্থায়ীভাবে বা পিন করে রেখেছেন।
আপাতত ব্র্যান্ডটি এই ডিজিটাল লেআউটের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ হলেও, প্রথাগত সুইচের বিদায় কিন্তু স্থায়ী নাও হতে পারে। Yamaguchi ভবিষ্যতের মডেলগুলোতে আবার পুরোনো আমলের বোতাম ফিরিয়ে আনার পথ খোলা রেখেছেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এটি কেবল গ্রাহকদের ফিডব্যাক বা মতামতের ওপর ভিত্তি করেই করা হবে।
Mazda-র লাইনে কেবল এই গাড়িটিই এমন মিনিমালিস্ট বা ছিমছাম নান্দনিকতা পেয়েছে তা নয়। তাদের 6e এবং CX-6e মডেলগুলোতেও ড্যাশবোর্ডে স্ক্রিনের আধিপত্য দেখা গেছে। তবে ওই দুটি নির্দিষ্ট মডেল মূলত চীনের বাজারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যেখানে গ্রাহকরা বিশাল আকৃতির ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করতেই বেশি পছন্দ করেন।
আরও পড়ুন