লাভজনক গাড়িতে জোর দিচ্ছে Audi

সুপারকার উৎপাদনের বদলে তাদের মূলধারার গাড়িগুলো ঢেলে সাজানোর ওপর জোর দিচ্ছে জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Audi।

নির্বাহিদের আগ্রহ থাকা সত্ত্বেও পরিস্থিতির কারণে প্রতিষ্ঠানটির গাড়িপ্রেমীদের জন্য বিশেষ 'প্যাশন প্রজেক্ট' বাস্তবায়ন কিছুটা বাধার মুখে পড়েছে। সম্প্রতি Monterey Car Week-এ এক প্রশ্নোত্তরপর্বে অটোমোবাইল পাবলিকেশন The Drive-কে প্রতিষ্ঠানটির চিফ টেকনিক্যাল অফিসার ও হেড অব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট Rouven Mohr এই কথা বলেন।

আইকনিক R8-এর কোনো উত্তরসূরি আসছে কি না কিংবা ড্রাইভিংপ্রেমীদের জন্য বিশেষ কোন গাড়ি তৈরি হবে কিনা - এমন প্রশ্নের জবাবে Mohr স্পষ্ট করেন যে, এই মুহূর্তে কোম্পানির মূল মনোযোগ অন্য জায়গায়। তিনি বলেন, "ভবিষ্যতে আপনারা আরও আকর্ষণীয় বা আবেগ জাগানো গাড়ি দেখতে পাবেন। তবে এর মানে এই নয় যে R8 ফিরছে বা ফিরছে না; এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মূলত আমাদের বর্তমান অগ্রাধিকারগুলো ভিন্ন।"

তবে পারফরম্যান্স কার যে সবসময়ই Audi-র দীর্ঘমেয়াদী ঐতিহ্যের কেন্দ্রবিন্দুতে থাকবে, সেই আশ্বাস তিনি দিয়েছেন। Mohr আরো উল্লেখ করেন , কোম্পানির সিইও Gernot Dollner, ডিজাইন প্রধান Massimo এবং তিনি নিজে গাড়ির প্রতি অত্যন্ত আবেগপ্রবণ। তাই কেবল গাড়ি বিক্রির সংখ্যা বাড়ানোই নয়, বরং গ্রাহকদের সাথে আত্মিক যোগাযোগ রাখাকেও তারা সমান জরুরি মনে করেন।

এব্যাপারে তিনি তাদের নতুন Nuvolari সুপারকারকে ব্র্যান্ডটির পথপ্রদর্শক বা "নর্থ স্টার" হিসেবে উল্লেখ করেন।

Nuvolari সুপারকারের আধুনিক প্রযুক্তি কেবল সীমিত সংস্করণের গাড়িতে আটকে না রেখে পর্যায়ক্রমে সাধারণ মূলধারার গাড়িতেও নিয়ে আসা হবে। বিশেষ করে সুপারকারটির ইন্টেলিজেন্ট ও সেলফ-লার্নিং অল-হুইল-ড্রাইভ টর্ক ডিস্ট্রিবিউশন সফটওয়্যারটি সাধারণ মডেলেও ব্যবহার করা হবে। Mohr জানান, Audi-র ভবিষ্যৎ Quattro প্রযুক্তিতে এটি দুটি রূপে আসবে—একটি সংস্করণ ট্র্যাকশন ও ড্রাইভিংয়ের রোমাঞ্চ বাড়াবে, যা Audi-র RS মডেলগুলোতে থাকবে; আর অন্য সংস্করণটি সাধারণ গাড়িগুলোর জ্বালানি দক্ষতা বাড়াতে সাহায‍্য করবে। ড্রাইভটেন প্রযুক্তির ক্ষেত্রে এটি হবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক; যেখানে কেবল মেকানিক্যাল হার্ডওয়্যারের ওপর নির্ভর না করে আধুনিক সফটওয়্যারের বুদ্ধিমত্তাকে কাজে লাগানো হবে।

সুপারকারে ব্যবহৃত সব ব‍্যায়বহুল উপাদান সাধারণ গাড়িতে দেওয়া সম্ভব না হলেও Audi-র সিগনেচার ফিল বা ট্রেডমার্ক অনুভূতি ও প্রিমিয়াম ফিনিশিং যে বজায় থাকবে ‍- তার আশ্বাস দিয়েছেন Mohr। তিনি উল্লেখ করেন, গাড়ির দরজার সেই নিখুঁত আর মজবুত শব্দ, স্পর্শানুভূতি এবং ডিজিটাল অভিজ্ঞতার মেলবন্ধন সাধারণ গাড়িগুলোতেও অক্ষুণ্ণ রাখা হবে।

তিনি ব্র্যান্ডের প্রথম TT এবং Avant মডেলগুলোর উদাহরণ টেনে উল্লেখ করেন, ঐতিহাসিকভাবে প্রচলিত ধারার বাইরে গিয়ে কাজ করলেই Audi সবচেয়ে বেশি সফল হয়েছে । পরিশেষে তিনি জানান, Audi বর্তমানে উত্তর আমেরিকার বাজারে নিজেদের অবস্থান নতুন করে শক্তিশালী করার বাণিজ্যিক কৌশল নিয়ে কাজ করছে , কারণ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্র্যান্ডটি পরিচিতি আর জনপ্রিয়তা খানিকটা ম্লান হয়ে পড়েছে।

Previous
Previous

অবশেষে আসছে Tesla Roadster

Next
Next

গাড়ির ব্যবসা আলাদা করল Tata