সম্পূর্ণ বিদ্যুতায়িত হওয়ার লক্ষ‍্যে Nissan

ছবিঃ Nissan

একসময় সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি তৈরির উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে এগোলেও গ্রাহকদের চাহিদার পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এখন দ্রুত অবস্থান পাল্টাচ্ছে Nissan।

নিজেদের মূল নীতি পুনর্নির্ধারণ করে এখন হাইব্রিড এবং ‘এক্সটেন্ডেড-রেঞ্জ ইলেকট্রিক ভেহিকল’ (EREV)-এর দিকে ঝুঁকছে জাপানি এই অটোমোটিভ জায়ান্ট। নিজেদের হালনাগাদ করা ব্লুপ্রিন্ট অনুযায়ী ২০৩০ সালের মধ্যে উত্তর ও দক্ষিণ আমেরিকা জুড়ে হাইব্রিড ও EREV পাওয়ারট্রেনকেই মূল চালিকাশক্তি করার পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি; যার মূল কেন্দ্রবিন্দুতে থাকছে তাদের "E-Power" সিরিজের হাইব্রিড ব্যবস্থা।

এই কৌশলের অংশ হিসেবে সম্প্রতি বাজারে এসেছে U.S.-স্পেক Rogue E-Power সিরিজ হাইব্রিড, যা জাপানের অভ্যন্তরীণ বাজারে Rogue Hybrid নামে পরিচিত। শুরুতে গাড়িটি সরাসরি জাপান থেকে আমদানি করা হলেও ২০২৮ সাল থেকে Tennessee-র Smyrna কারখানায় স্থানীয়ভাবে এর অ্যাসেম্বলি বা সংযোজন শুরু করার পরিকল্পনা রয়েছে। পরিবর্তনের গুরুত্ব তুলে ধরে Nissan Americas-এর চেয়ারম্যান Christian Meunier জানান, তিনি চান খুব শিগগিরই মোট Rogue বিক্রির ৩০ থেকে ৪০ শতাংশ জায়গা দখল করে নিক Rogue E-Power। এর ধারাবাহিকতায় ২০২৮ সালের মধ্যে আমেরিকান বাজারে জনপ্রিয় গ্যাসোলিনচালিত Kicks সাবকমপ্যাক্ট ক্রসওভারেরও একটি E-Power হাইব্রিড সংস্করণ আনার পরিকল্পনা রয়েছে।

আগের দুর্বল ও খণ্ডিত হাইব্রিড কৌশল থেকে সরে আগ্রাসী এই পদক্ষেপের মাধ্যমে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিলো তারা। অতীতে North America-র বাজারে ২০০৮-২০১০ সালের Altima হাইব্রিডের মতো স্বল্পমেয়াদী ও অবহেলিত মডেল এবং Murano, Pathfinder ও Infiniti QX60-র স্বল্পস্থায়ী উদ্যোগের কারণে Toyota, Honda, Kia ও Hyundai-র মতো প্রতিযোগীদের চেয়ে অনেক পিছিয়ে পড়েছিল Nissan; যেখানে Toyota তাদের Camry, Sienna ও RAV4-এর মতো মূলধারার মডেলগুলোকে সম্পূর্ণ হাইব্রিড সংস্করণে রূপান্তর করে বাজারে রাজত্ব করছে।

অন্যদিকে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের বাজারে Nissan-র সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির লাইনআপ ক্রমশ সংকুচিত হয়ে কেবল একটি মডেলে এসে ঠেকেছে—তা হলো পুরনো Leaf। Ariya ক্রসওভারটিকে আমেরিকান বাজার থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যদিও আন্তর্জাতিক বাজারে Tesla-র স্টাইলের NACS চার্জিং হার্ডওয়্যার দিয়ে গাড়িটির হালনাগাদ মডেল বিক্রি অব্যাহত রয়েছে।

ভবিষ্যতে Nissan-র নতুন এই হাইব্রিড ও EREV জোয়ারের পাশাপাশি পুরোপুরি ব্যাটারি-ইলেকট্রিক কোনো মডেল আদৌ আসবে কি না, তা নির্ভর করছে সামগ্রিক বাজার পরিস্থিতি এবং আর্থিক সংকট থেকে সময়মতো কোম্পানিটিকে কতটা ঘুরে দাঁড় করানো সম্ভব হয়—তার ওপর।

Previous
Previous

ইভি-বিরোধী অভিযোগ নাকচ করল Porsche

Next
Next

কোণাকুণি নকশায় নতুন Tucson