কোণাকুণি নকশায় নতুন Tucson

ছবিঃ Hyundai

আগের মসৃণ ও বাঁকানো নকশা পেছনে ফেলে এবার তীক্ষ্ণ ও বক্সি শেপে উন্মোচিত হলো 2027 Hyundai Tucson।

আকারে সব দিক থেকেই বড় হয়েছে নতুন এই কমপ্যাক্ট ক্রসওভার। এর দৈর্ঘ্য ২.৩ ইঞ্চি বেড়ে ১৮৫.০ ইঞ্চি এবং হুইলবেস এক ইঞ্চিরও বেশি বেড়ে ১০৯.৬ ইঞ্চি হয়েছে। প্রস্থ ১.৫৭ ইঞ্চি বৃদ্ধি পেয়ে ৭৫.০ ইঞ্চি হওয়ায় পেছনের দরজার কাঁচ বড় করা সম্ভব হয়েছে এবং দরজা খোলার সুযোগ ৮৩ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। গাড়িটির উচ্চতা ০.৮ ইঞ্চি বেড়ে ৬৬.৩ ইঞ্চি হওয়ায় পেছনের যাত্রীদের জন্য হেডরুম ১.১ ইঞ্চি বৃদ্ধি পেয়েছে।

নতুন এই মডেলটির জন্য Ranger Green, Driftwood Gray, Red Rock Orange এবং Kodiak Blue—এই চারটি নতুন রঙের অপশন আনা হয়েছে। আর এর অফ-রোডধর্মী XRT ট্রিমও নতুন বডি ক্ল্যাডিং নিয়ে ফিরে এসেছে। চৌকো ধারালো ডিজাইন শৈলীর সাথে এর হেডল্যাম্প এবং টেলল্যাম্প জুড়ে ব্যবহার করা হয়েছে জ্বলজ্বলে "H" মোটিফ।

গাড়িটির কেবিনে আনা হয়েছে ব‍্যাপক পরিবর্তন, যার কেন্দ্রে রয়েছে Hyundai-র নতুন "Pleos" ইনফোটেইনমেন্ট সিস্টেম। ড্যাশবোর্ডে চালকের সরাসরি দৃষ্টিসীমায় ৯.৯ ইঞ্চির চিকন ডিজিটাল ক্লাস্টারের পাশাপাশি গ্রাহকরা চাইলে ১২.৯ ইঞ্চির স্ট্যান্ডার্ড টাচস্ক্রিন কিংবা ১৭.০ ইঞ্চির বড় ডিসপ্লে বেছে নিতে পারবেন। বড় ডিজিটাল স্ক্রিন থাকা সত্ত্বেও ফিজিক্যাল বাটন বা সুইচ পুরো বাদ দেয়নি তারা। সেই সাথে রাখা হয়েছে উডের ট্রিম ও অ্যাম্বিয়েন্ট লাইটিং।

আমেরিকান বাজারের পাওয়ারট্রেন লাইনআপে তিনটি বিকল্প রাখা হয়েছে। শুরুতেই রয়েছে ১.৬ লিটার টার্বোচার্জড ফোর-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন, যা ১৮৪ হর্সপাওয়ার উৎপন্ন করে। এটি ফ্রন্ট বা অল-উইল ড্রাইভের সাথে ৮-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনে পাওয়া যাবে এবং ০ থেকে ৬০ মাইল গতি তুলতে সময় নেবে ৯.৫ সেকেন্ড। এরপর রয়েছে ট্র্যাডিশনাল হাইব্রিড ভ্যারিয়েন্ট, যেখানে ১.৬ লিটার টার্বো ইঞ্জিনের সাথে ইলেকট্রিক মোটর যুক্ত হয়ে ২৩৩ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে এবং ০ থেকে ৬০ মাইল গতি তুলতে সময় নেয় ৮.৫ সেকেন্ড। আর পারফরম্যান্সের শীর্ষে থাকা প্লাগ-ইন হাইব্রিড (PHEV) সংস্করণে রয়েছে বড় ব্যাটারি প্যাক ও ইলেকট্রিক মোটর, যা সম্মিলিতভাবে ২৮৮ হর্সপাওয়ার উৎপন্ন করে। কেবল ব্যাটারিতেই গাড়িটি প্রায় ৫০ মাইল পর্যন্ত চলতে পারে এবং মাত্র ৭.৯ সেকেন্ডেই ০ থেকে ৬০ মাইলের গতি স্পর্শ করে।

২০২৬ সালের শেষভাগে অথবা ২০২৭ সালের শুরুর দিকে উত্তর আমেরিকার শোরুমগুলোতে পৌঁছাবে 2027 Tucson; গাড়িটির আনুষ্ঠানিক বিক্রয়মূল্যও বাজারে আসার কাছাকাছি সময়ে প্রকাশ করা হবে। বাংলাদেশের বাজারে গাড়িটি কবে আসবে তা সুনির্দিষ্টভাবে জানা না গেলেও, গত আগস্টে দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ বাজারে এর আত্মপ্রকাশ থেকে ইঙ্গিত পাওয়া যায় যে দক্ষিণ এশিয়ার গ্রাহকদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।

Previous
Previous

সম্পূর্ণ বিদ্যুতায়িত হওয়ার লক্ষ‍্যে Nissan

Next
Next

Range Rover Sport Electric-এর আত্মপ্রকাশ