সব গাড়িতে Nismo ব্যাজ নয়: Nissan
ছবিঃ Nissan
যেকোনো সাধারণ যাত্রীবাহী গাড়ির গায়েই নিজেদের উচ্চ পারফরম্যান্স ব্র্যান্ড 'Nismo'-র স্টিকার মেরে বিক্রি করার অভ্যাস বাদ দিতে চায় Nissan।
পারফরম্যান্স ব্যাজের ঐতিহ্য ও মর্যাদা ধরে রাখা সস্তা জনপ্রিয়তার চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছে জাপানি অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।
সংবাদমাধ্যম The Drive-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে Nissan North America-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ প্ল্যানিং অফিসার Ponz Pandikuthira জানান, স্রেফ সুযোগ আছে বলেই যেকোনো গাড়িতে Nismo ব্যাজ বসানো যায় না। Nismo ব্র্যান্ডকে অবশ্যই তার নৈপুণ্যের জায়গায় খাঁটি আর বিশ্বস্ত হতে হবে।
নতুন 2027 Rogue Hybrid-এর কোনো Nismo সংস্করণ আসবে কি না—এমন প্রশ্নে তিনি জানিয়ে দেন, এই মুহূর্তে এমন কোনো পরিকল্পনা নেই। তিনি উল্লেখ করেন, একটি আসল Nismo মডেল তৈরি করতে হলে ৩০০-এর বেশি হর্সপাওয়ারের ইঞ্জিন এবং হালকা ওজনের চ্যাসিস প্রয়োজন, যা সাধারণ কমপ্যাক্ট ক্রসওভার ক্রেতাদের চাহিদার সম্পূর্ণ বিপরীত।
কাগজে-কলমে এমন নীতি আদর্শ মনে হলেও, বাস্তবে কিন্তু কিছুটা অমিল দেখা যায়। যেমন—দানবীয় আকারের Armada Nismo—যা বাংলাদেশে Nissan Patrol নামে পরিচিত—এসইউভি-তে বডি কিট, রেড অ্যাকসেন্ট ও ২২ ইঞ্চির চাকা জোড়া হলেও একটি প্রচলিত Armada-র তুলনায় মাত্র ৩৫ অতিরিক্ত হর্সপাওয়ার উৎপন্ন করে।এছাড়া গত বছর Japan-এর অভ্যন্তরীণ বাজারে X-Trail এর Nismo সংস্করন বাজারে এসেছে, যা কেবল একটি বাহ্যিক সাজসজ্জার স্টাইলিং প্যাকেজ।
অবশ্য Pandikuthira-র মূল যুক্তি শুধুই প্রযুক্তিগত সীমাবদ্ধতা নয়, বরং মূলধনের সঠিক ব্যবহার ও গ্রাহকের চাহিদার ওপর নির্ভরশীল। তিনি জানান, Rogue-কে স্পোর্টি করার পেছনে সময় নষ্ট না করে বরং Z Nismo-কে আরও উন্নত করা কিংবা বাজারে GT-R আনায় জোর দেওয়া বেশি যুক্তিসঙ্গত। তাছাড়া Rogue বা এ ধরনের গাড়ি যারা কেনেন, তারা অফ-রোডিং কিংবা ক্যাম্পিংয়ের উপযোগী 'Rock Creek' সংস্করণের প্রতিই বেশি আগ্রহী হন।
Rogue-র কোনো পারফরম্যান্স সংস্করণ না আনার এই সিদ্ধান্ত অবশ্য প্রতিদ্বন্দ্বী Toyota-র কৌশলের সম্পূর্ণ বিপরীত, যারা তাদের জনপ্রিয় RAV4-এর ৩২০ হর্সপাওয়ারের স্পোর্টি 'GR Sport' সংস্করণ বাজারে এনেছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বিক্রি হওয়া Ariya Nismo ইলেকট্রিক ক্রসওভারটিকেও North America-র বাজারে না এনে Rock Creek বা Z Nismo-র মতো মূল ফ্ল্যাগশিপগুলোতেই সীমাবদ্ধ রাখছে Nissan।
যেকোনো সাধারণ যাত্রীবাহী গাড়ির গায়েই নিজেদের উচ্চ পারফরম্যান্স ব্র্যান্ড 'Nismo'-র স্টিকার মেরে বিক্রি করার অভ্যাস বাদ দিতে চায় Nissan।