দুর্লভ Gullwing Sera ভাড়া দিচ্ছে Toyota

ছবিঃ Toyota

নায়ক সালমান শাহ্-র চোখ ধাঁধানো গালউইং দরজার সেই Toyota Sera-র কথা মনে আছে? নব্বইয়ের দশকের এই দুর্লভ নস্টালজিয়াকে অভিজ্ঞতার সুযোগ দিচ্ছে Toyota।

তবে এর জন্য প্রথম শর্ত হলো—আপনাকে প্রথমেই Japan-এর টিকিট কাটতে হবে।

Toyota-র মোবিলিটি বিভাগ Kinto তাদের 'Kinto Vintage Club' রেন্টাল ফ্ল্যাটে ১৯৯০ সালের এই দুষ্প্রাপ‍্য মডেলটি যুক্ত করতে যাচ্ছে। এর মাধ্যমে গাড়ির ইতিহাসপ্রেমীরা নব্বই দশকের অন্যতম অদ্ভুত ও ব্যতিক্রমী এক জাপানি ক্লাসিক ড্রাইভ করার সুযোগ পাবেন। Japan-এর Kochi অঞ্চলে অবস্থিত Shikoku Automobile Museum থেকে চালুর অপেক্ষায় থাকা এই রেন্টাল সুবিধাটি আগামী ২০২৬ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কেবল শনিবার ও রবিবারগুলোতে মিলবে। ৪ ঘণ্টার ড্রাইভিং ব্লকের জন্য ভাড়া গুনতে হবে ১৬,০০০ ইয়েন (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২,৫০০ টাকা বা প্রায় ১০০ মার্কিন ডলার)।

১৯৯০ সালে প্রথম বাজারে আসা Sera একটি ছোট ২+২ লিফটব্যাক কুপ গাড়ি। Toyota-র মূল প্রেস রিলিজ অনুযায়ী, এটি ছিল কাচ দিয়ে তৈরি গালউইং দরজা বিশিষ্ট প্রথম জাপানি গণউৎপাদিত গাড়ি; যার বিশেষ ডোর-মেকানিজম বিভিন্ন তাপমাত্রায় সমানভাবে দরজা খোলার ক্ষমতা রাখত। এই দরজার অনন্য ডিজাইনটি বিখ্যাত গাড়ি ডিজাইনার Gordon Murray-র নজর কেড়েছিল, যা পরবর্তীতে McLaren F1 সুপারকারের দরজার নকশায় সরাসরি অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

বাহ্যিকভাবে বিশাল কাচের কাঠামো থাকলেও ভেতরে ছিল সাধারণ Toyota Starlet-এর যন্ত্রপাতি । এতে রয়েছে ১.৫ লিটারের ৪-সিলিন্ডার ইঞ্জিন, যা ১০৮ হর্সপাওয়ার এবং ৯৭ lb-ft টর্ক উৎপন্ন করে গাড়ির সামনের চাকায় শক্তি জোগায়। Kinto-র দেওয়া গাড়িটিতে রয়েছে ৪-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, যার মোট ওজন ২,০৫০ পাউন্ড (৯৩০ কেজি)। সমগ্র উৎপাদনকালে এই মডেলটির ১৬,০০০ ইউনিটেরও কম গাড়ি তৈরি করা হয়েছিল।

জাপানি অভ্যন্তরীণ বাজারের (JDM) ক্লাসিক গাড়িগুলোকে মিউজিয়ামে ফেলে না রেখে সাধারণ মানুষের চালানোর উপযোগী রাখা ও সংরক্ষণের উদ্দেশ্যেই এই উদ্যোগ নিয়েছে Kinto Vintage Club। Sera-র পাশাপাশি তাদের তালিকায় রয়েছে Celica, Supra, Chaser, Aristo, Altezza, MR2 এবং ক্লাসিক 70 Series Land Cruiser-এর মতো জনপ্রিয় সব মডেল।

Previous
Previous

সব গাড়িতে Nismo ব্যাজ নয়: Nissan

Next
Next

ইউরোপীয় গাড়ি নির্মাতাদের তীব্র সমালোচনা করলেন Rimac