জাপানে হাইব্রিড ‘Kicks’ আনল Nissan
প্রথাগত জ্বালানিচালিত ইঞ্জিন থেকে পুরোপুরি বৈদ্যুতিক গাড়িতে (EV) রূপান্তরের অন্তর্বর্তীকালীন ধাপ হিসেবে জাপানের বাজারে দ্বিতীয় প্রজন্মের ‘Kicks’ হাইব্রিড গাড়িটি নিয়ে এসেছে Nissan।
এই প্রথম জাপানের অভ্যন্তরীণ বাজারে কমপ্যাক্ট ক্রসোভার ঘরানার এই গাড়িটিতে কোম্পানির নিজস্ব ‘e-Power’ হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মূলত যারা এখনই পুরোপুরি বৈদ্যুটিং গাড়িতে ঝুঁকতে দ্বিধাবোধ করছেন কিংবা পর্যাপ্ত চার্জিং অবকাঠামো নেই এমন এলাকায় বসবাস করছেন, তাদের লক্ষ্য করেই এই মডেলটি বাজারে ছাড়া হয়েছে।
জাপানের বাজারে আসা এই Kicks গাড়িটিতে ব্যবহার করা হয়েছে Nissan-এর তৃতীয় প্রজন্মের e-Power সেটআপ, যা প্রচলিত হাইব্রিড গাড়ির চেয়ে সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। এর ভেতরে থাকা ১.৪ লিটারের ফোর-সিলিন্ডার গ্যাসোলিন ইঞ্জিনটি সরাসরি গাড়ির চাকা ঘোরে না; বরং এটি মূলত একটি জেনারেটর হিসেবে কাজ করে ব্যাটারি এবং ইলেকট্রিক ড্রাইভ মোটরকে সচল রাখার জন্য বিদ্যুৎ উৎপাদন করে।
জাপানি ক্রেতারা দুটি পারফরম্যান্স লেআউটে গাড়িটি বেছে নিতে পারবেন। এর একটি হলো ১৪১ হর্সপাওয়ারের স্ট্যান্ডার্ড ফ্রন্ট-হুইল-ড্রাইভ (FWD) সংস্করণ এবং অন্যটি হলো অল-হুইল-ড্রাইভ (AWD) ভ্যারিয়েন্ট। এই অল-হুইল ড্রাইভে রয়েছে Nissan-এর ‘e-4ORCE’ অল-হুইল-কন্ট্রোল সিস্টেম এবং মোড় ঘোরার সময় গাড়ির ভারসাম্য (কর্নারিং স্ট্যাবিলিটি) ও হ্যান্ডলিং উন্নত করার জন্য একটি বিশেষ সাসপেনশন সেটআপ।
দেশটির বাজারে গাড়িটি চারটি ভিন্ন ট্রিমে পাওয়া যাবে— X, X+, X Simple Package এবং ফ্ল্যাগশিপ ‘G’ ট্রিম। বাহ্যিকভাবে, শীর্ষ সারির G মডেলটিতে প্রিমিয়াম গ্লস-ব্ল্যাক বাম্পার ফিনিশ দেওয়া হয়েছে, যেখানে নিচের ট্রিমগুলোতে বডির নিচের অংশে কিছুটা সাধারণ ক্ল্যাডিং ব্যবহার করা হয়েছে। গাড়ির ভেতরে রয়েছে আধুনিক লেআউটের ডুয়াল ১২.৩ ইঞ্চির ডিজিটাল ডিসপ্লে, যা ড্যাশবোর্ড জুড়ে বিস্তৃত থেকে একই সাথে ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং সেন্ট্রাল ইনফোটেইনমেন্ট সিস্টেমের কাজ করে।
এই মডেলটির উদ্বোধনের মাধ্যমে বৈশ্বিক বাজারের মূল্যের এক বড় ব্যবধানও সামনে এসেছে। জাপানে এই e-Power Kicks-এর দাম শুরু হচ্ছে ২,৯৯৯,৭০০ ইয়েন (প্রায় ১৮,৭২৩ মার্কিন ডলার) থেকে। এর বিপরীতে আমেরিকার বাজারে সাধারণ বা নন-হাইব্রিড Kicks-এর শুরুর মূল্য উল্লেখযোগ্যভাবে বেশি, প্রায় ২৪,২৭৫ ডলার। বাজার বিশ্লেষকদের মতে, ভিন্ন আইনি কাঠামো এবং আঞ্চলিক প্যাকেজিংয়ের কারণে সরাসরি তুলনা করা জটিল হলেও, এই আগ্রাসী মূল্য নির্ধারণের মাধ্যমে ঘরের মাঠে কমপ্যাক্ট হাইব্রিড সেগমেন্টে নিজেদের আধিপত্য ধরে রাখতে চাইছে Nissan।