ফ্ল্যাট-এইট সুপারকার আনছে Porsche
ছবিঃ Porsche
অবশেষে 911 গন্ডি পেরিয়ে নতুন কিছু নিয়ে ভাবছে Porsche।
জনপ্রিয় 911 সিরিজের উপরে অবস্থান করবে এমন একটি নতুন ফ্ল্যাগশিপ মডেল আনার কথা বিবেচনা করছে এই জার্মান স্পোর্টস কার নির্মাতা।
২০১৫ সালের জুনে প্লাগ-ইন হাইব্রিড 918 Spyder-এর উৎপাদন শেষ হওয়ার পর এটি হতে পারে প্রতিষ্ঠানটির প্রথম পুরোদস্তুর সুপারকার। এর আগে ২০১৭ সালে "919 Street" কনসেপ্ট নেওয়া হলেও তা ক্লে-মডেলের বাইরে এগোয়নি।
গত মার্চের শুরুতে সংবাদমাধ্যম Motor1-এর কাছে একটি নতুন "হাইপারকার" তৈরির সক্রিয় ভাবনার বিষয়টি নিশ্চিত করেছেন Porsche-র এক মুখপাত্র।
জার্মান বাণিজ্যবিষয়ক সংবাদপত্র Handelsblatt-এর বরাতে জানা গেছে, অভ্যন্তরীণভাবে “S1” কোডনামে পরিচিত এই মডেলটির প্রারম্ভিক মূল্য হতে পারে প্রায় ৫ লাখ ইউরো, যা বর্তমান বিনিময় হার ও জার্মানির ১৯ শতাংশ ভ্যাটসহ প্রায় ৫ লাখ ৭৪ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা)।
এই দাম ব্র্যান্ডটির অভ্যন্তরীণ বাজারে থাকা 911 GT3 RS-এর মূল্যের দ্বিগুণেরও বেশি এবং ভবিষ্যতের 911 GT2 RS-এর অনুমিত দামকেও ছাড়িয়ে যাবে। অন্যদিকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এটি সাধারণ 911 প্ল্যাটফর্মের কোনো আপগ্রেডেড সংস্করণ নয়, বরং সম্পূর্ণ স্বতন্ত্র দুই দরজার একটি নতুন মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে।
গাড়িটির পেছনে একটি এইট-সিলিন্ডার বক্সার ইঞ্জিন বসানোর পরিকল্পনা চলছে। অতীতে রেসিং প্রতিযোগিতার জন্য ফ্ল্যাট-এইট ইঞ্জিন বানালেও সাধারণ রাস্তায় চলার কোনো বাণিজ্যিক গাড়িতে এটি কখনো ব্যবহার করেনি Porsche।
তবে মজার ব্যাপার হল, প্রতিষ্ঠানটির eFuels প্রকল্পের ম্যানেজার Marcos Marques জানান, এর আগেও তারা ফ্ল্যাট-এইট ইঞ্জিনযুক্ত একটি পরীক্ষামূলক Cayman প্রোটোটাইপ তৈরি করেছিলেন।
টুইন-টার্বো 5.0-liter ফ্ল্যাট-এইট ইঞ্জিনের সেই গাড়িটি ৭৫০ হর্সপাওয়ার এবং ৭৩৮ পাউন্ড-ফুট (১,০০০ Nm) টর্ক উৎপন্ন করত। Weissach-এর রাস্তায় এক বছরেরও বেশি সময় পরীক্ষার পর প্রতিষ্ঠানটি সেই সময় গাড়িটিকে উপযুক্ত মনে না করায় প্রকল্পটি স্থগিত করে। এছাড়াও স্বতন্ত্র স্পেশালিস্ট Ruf-ও টুইন-টার্বো 4.4-liter ফ্ল্যাট-এইটের ১,০০০ হর্সপাওয়ারের নিজস্ব একটি প্রোটোটাইপ তৈরি করেছিল।
অর্ধ-মিলিয়ন ইউরোর এই হাইপারকার মূলত বেশি গাড়ি বিক্রির চেয়ে ব্র্যান্ডটির প্রচার এবং মুনাফার মার্জিন বাড়ানোর সুদূরপ্রসারী করপোরেট কৌশলের প্রতিফলন। Porsche-র প্রধান নির্বাহী কর্মকর্তা Michael Leiters চলতি বছরের শুরুতে Frankfurter Allgemeine Zeitung-কে বলেন, প্রতিষ্ঠানটিকে "কম গাড়ি বিক্রি করেও বেশি অর্থ আয় করতে হবে।"
আগামী ৭ অক্টোবর আয়োজিত Porsche-র ‘Capital Markets Day’-তে বিনিয়োগকারীরা এই S1 হাইপারকার প্রকল্পের প্রথম ঝলক দেখতে পেতে পারে। ওই অনুষ্ঠানে গ্যাসোলিনচালিত Macan-এর উত্তরসূরী, Audi Q5-সম্পর্কিত ক্রসওভার, বিলম্বিত 718 ইলেকট্রিক মডেলের অগ্রগতি এবং Cayenne-এর উপরে অবস্থান নেওয়া তিন সারির ফ্ল্যাগশিপ এসইউভি সম্পর্কিত বিভিন্ন বড় ঘোষণা আসতে পারে।
এছাড়া ২০২৭ সালের দিকে বহুল প্রতীক্ষিত 911 GT2 RS আসার বিষয়েও তথ্য পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
সব মিলিয়ে এক যুগেরও বেশী সময় পর Porsche 911-এর গায়ে বিভিন্ন টুকরা জোড়া লাগানো বাদ দিয়ে একবারে নতুন কিছু তৈরিতে হাত দিয়েছে . তবে নতুন এই গাড়ি কিংবদন্তি 918-এর ঐতিহ্য টেক্কা দিতে পারবে কিনা তা শুধু সময়ই বলতে পারবে।
ইলেকট্রিক গাড়ি (EV) থেকে সরে আসছে—এমন অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছে জার্মান গাড়ি নির্মাতা Porsche.