চীনা যন্ত্রাংশে খরচ কাটাচ্ছে Honda
৭০ বছরের মধ্যে প্রথমবারের মতো নিট লোকসানের মুখোমুখি হওয়ার পর ২০৩০ সালের মধ্যে প্রায় ১.৫ ট্রিলিয়ন ইয়েন (বর্তমান বিনিময় হারে প্রায় ৯.৬ বিলিয়ন মার্কিন ডলার) খরচ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Honda।
Reuters-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ নথি অনুযায়ী যন্ত্রাংশ সরবরাহকারীদের কাছ থেকে মূল্যছাড়ের যে অনুরোধ করা হয়েছে তা অস্বাভাবিক রকমের বড়। এই কৌশলগত সিদ্ধান্তের অংশ হিসেবে প্রেসেড ও ফোরজড কম্পোনেন্ট, বৈদ্যুতিক সরঞ্জাম এবং সফটওয়্যার-ডিফাইন্ড ভেহিকল হার্ডওয়্যারের ক্ষেত্রে সরবরাহকারীদের কাছে ৩০ শতাংশ পর্যন্ত দাম কমানোর আহ্বান জানিয়েছে Honda। পাশাপাশি গাড়ি তৈরিতে চীনা যন্ত্রাংশের ব্যবহার বাড়ানোর এবং প্রমিত (standardized) যন্ত্রাংশ উৎপাদনকারী দ্বিতীয় ও তৃতীয় সারির সরবরাহকারীদের থেকে বেশি কেনাকাটার জোর তাগিদ দেওয়া হয়েছে।
বৈদ্যুতিক গাড়ি (EV) সংক্রান্ত লোকসান প্রায় ২.৫ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার) ছুঁতে পারে—এমন পূর্বাভাসের পরই এই বড় আকারের সঞ্চয় পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। ইভির অপ্রত্যাশিত কম চাহিদার কারণে Honda এখন হাইব্রিড গাড়ির দিকে মনোযোগ বাড়াচ্ছে। একই সাথে সফটওয়্যার, নতুন প্রযুক্তি ও অটোমোবাইল ইলেকট্রিক্যালে নতুন মূলধন নিশ্চিত করতে সব ধরণের ইঞ্জিনের গাড়ি উৎপাদনের খরচ কমানোর লক্ষ্য নিয়েছে তারা।
নির্দিষ্ট সঞ্চয় লক্ষ্যমাত্রা বা সরবরাহকারীদের সাথে চলমান আলোচনার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি Honda। তবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, মানসম্মত ও প্রমিত যন্ত্রাংশের ব্যবহার বাড়িয়ে বিশ্বব্যাপী সরবরাহকারীদের সাথে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন এবং উৎপাদন খরচ কমাতেই মূলত কাজ করছে Honda।
গত বছরই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর এবার বড় ধরনের বিনিয়োগের ইঙ্গিত দিল জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Toyota।