চীন ছাড়ার চিন্তাভাবনা করছে Chevrolet
বিক্রি মারাত্মকভাবে কমে যাওয়ায় চীনের বাজার থেকে নাম গুটিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছে আমেরিকান আইকনিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান Chevrolet। তীব্র স্থানীয় প্রতিযোগিতার মুখে পড়ে চীনের বাজার থেকে প্রধান কোনো পশ্চিমা অটোমেকারের ব্যবসা গুটিয়ে নেওয়ার এটি আরেকটি বড় ইঙ্গিত।
২০০৫ সাল থেকে চীনে কার্যক্রম চালিয়ে আসা এই জনপ্রিয় ব্র্যান্ডটি ২১ বছরে সেখানে প্রায় ৭০ লাখের বেশি গ্রাহক তৈরি করেছিল। কিন্তু ২০১৪ সালে যেখানে তাদের বিক্রি ছিল প্রায় ৭ লাখ গাড়ি, সেখানে ২০২৫ সালে এসে তা কমে মাত্র ৯ হাজারে নেমে এসেছে।
মূলত চীনের স্থানীয় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কঠিন প্রতিযোগিতায় টিকতে না পেরেই এই ধস নেমেছে। বিশেষ করে ব্যাটারি-চালিত বৈদ্যুতিক এবং প্লাগ-ইন হাইব্রিড গাড়ির ‘New Energy Vehicle (NEV)’ সেগমেন্টে চীন এখন বেশ এগিয়ে, যা বর্তমানে দেশটির মোট নতুন গাড়ি বিক্রির অর্ধেকেরও বেশি দখল করে আছে। অন্যদিকে Chevrolet-র স্থানীয় মডেলগুলো এখনো পুরনো এবং পেট্রোল-ডিজেল চালিত। তাদের কাছে কেবল দুটি NEV মডেল রয়েছে: Equinox PHEV এবং Menlo EV (যা ২০২০ সালে চালুর পর বড় কোনো আপডেট পায়নি)। এছাড়া Chevrolet Equinox EV চীনের Ministry of Industry and Information Technology-র নথিতে অন্তর্ভুক্ত এবং স্থানীয়ভাবে চালুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর বাজারে আসেনি।
মে মাসের শেষের দিকে InsideEVs-এর এক প্রতিবেদনে Chevrolet-র বাজার ছাড়ার গুঞ্জনের কথা বলা হয়। যদিও সে সময় General Motors এবং Chevrolet China এই খবর অস্বীকার করেছিল, তবে বিক্রির দুর্বল চিত্র তাদের স্থানীয় কার্যক্রমকে বেশ চাপে ফেলেছে। ওই অঞ্চলে একই ধরণের বাজার দর পতনের কারণে ইতোমধ্যে Mitsubishi এবং Volkswagen-এর Skoda ব্র্যান্ড চীন ছেড়েছে, আর Porsche-ও তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে।
Chevrolet চীনের বাজার ছাড়লেও General Motors সেখানে তাদের উপস্থিতি বজায় রাখবে। সম্প্রতি তারা SAIC-এর সাথে তাদের যৌথ উদ্যোগের মেয়াদের সময়সীমা আরো ২০ বছর বাড়িয়েছে। তারা মূলত Buick এবং Cadillac ব্র্যান্ডের ওপর জোর দেবে এবং ২০৩০ সালের মধ্যে ৩০টি নতুন NEV মডেল চালুর পরিকল্পনা করেছে। এদিকে National Business Daily-কে Chevrolet-র এক মুখপাত্র জানিয়েছেন, চীনে নির্মিত গাড়িগুলো স্থানীয় বাজারে বিক্রি না হলেও তা লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার অন্যান্য বাজারে রপ্তানি অব্যাহত থাকতে পারে।
এছাড়া অন্যান্য দেশে রি-ব্যাজিং অংশীদারিত্বও সচল রয়েছে; যেমন মেক্সিকোতে বিক্রি হওয়া Chevrolet Spark EV এবং Chevrolet Captiva EV মডেল দুটি মূলত SAIC-GM যৌথ উদ্যোগের মাধ্যমে Baojun ও Wuling মডেলকে রি-ব্যাজ করে তৈরি করা হয়েছে।
ইউরোপজুড়ে চীনা গাড়িগুলোর আগ্রাসী উপস্থিতির একটি বড় মাইলফলক রচিত হলো যুক্তরাজ্যে; সেখানে গত মাসে বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির মুকুট ছিনিয়ে নিয়েছে চীনের তৈরি একটি ক্রসওভার।