বাংলাদেশে এলো Forthing Friday EREV
ছবিঃ ইমরান আবিদ
বাংলাদেশে নতুন রেঞ্জ-এক্সটেন্ডেড ইলেকট্রিক ক্রসওভার (EREV) Forthing Friday আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে Akij Renewable Energy & Automobiles Limited (AREAL)। গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ঢাকার Radisson Blu Dhaka Water Garden-এ এক জমকালো আয়োজনের মাধ্যমে গাড়িটি বাজারে আনা হয়।
এর পাশাপাশি Dongfeng Motor Group-এর অঙ্গপ্রতিষ্ঠান Dongfeng Liuzhou Motor-এর একমাত্র পরিবেশক হিসেবে নিজেদের আত্মপ্রকাশের ঘোষণাও দেয় প্রতিষ্ঠানটি।
পাঁচ আসনের এই গাড়িটিতে একটি ১৫০ কিলোওয়াট মোটর রয়েছে যা ২৪০ এনএম টর্ক তৈরি করতে পারে। গাড়িটির বিশেষত্ব হলো, এর চাকাগুলো বৈদ্যুতিক শক্তিতে চলে এবং ভেতরের পেট্রোল ইঞ্জিনটি ব্যাটারিতে চার্জ সরবরাহ করে। এটি বাংলাদেশের বাজারে BYD Sealion 5, Deepal S05 এবং MG ZS Hybrid+-এর মতো জনপ্রিয় মডেলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
গাড়িটি দৈর্ঘ্যে ৪,৬০০ মিমি, চওড়ায় ১,৮৬০ মিমি এবং উচ্চতায় ১,৬৮০ মিমি, যার হুইলবেস ২,৭৭৫ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিমি। এটি মাত্র ৪ সেকেন্ডে ০ থেকে ৫০ কিমি/ঘণ্টা গতি তুলতে পারে এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৭০ কিমি। গাড়িটিতে ফুল ইলেকট্রিক মোডে ২০০ কিমি এবং মোট ১৩০০ কিমি পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে। প্রতি কিলোমিটারে খরচ পড়বে প্রায় ৬.৫ টাকা। এসি চার্জিংয়ে সময় লাগবে প্রায় ৪ ঘণ্টা এবং ডিসি ফাস্ট চার্জিংয়ে ৩০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় নেবে প্রায় ৩০ মিনিট।
উন্মোচন অনুষ্ঠানে Akij Venture Group-এর চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, "নতুন Dongfeng Forthing Friday বাংলাদেশের ভবিষ্যৎ পরিবহনব্যবস্থা নিয়ে আমাদের ভাবনারই প্রতিফলন। এটি এমন একটি আধুনিক স্পোর্টস এসইউভি, যেখানে একসঙ্গে মিলেছে বুদ্ধিদীপ্ত প্রযুক্তি, গতিশীল পারফরম্যান্স এবং ৫-স্টার সেফটি রেটিং।’
নিরাপত্তার দিক থেকে গাড়িটি ৫-স্টার ASEAN NCAP রেটিং পেয়েছে। এতে অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, ব্লাইন্ড-স্পট মনিটরিং, লেন-চেঞ্জ অ্যাসিস্ট এবং ৩৬০-ডিগ্রি ক্যামেরাসহ প্রয়োজনীয় এয়ারব্যাগ ও আধুনিক সুরক্ষা ফিচার রয়েছে। এছাড়া ইন্টেরিয়রে থাকছে ১৪.৬ ইঞ্চির ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, প্যানোরামিক গ্লাস রুফ এবং ৫-স্পিকারের অডিও সিস্টেম।
বাংলাদেশি টাকায় গাড়িটির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯.৯০ লাখ টাকা। ক্রয়ের সাথে গ্রাহকরা পাবেন ৫ বছর বা ১,৫০,০০০ কিমি মোটর ও কন্ট্রোলার ওয়ারেন্টি, ৫ বছরের গ্যারান্টি, ৫টি ফ্রি সার্ভিসিং এবং ২৫টি ফ্রি চার্জিং কুপন। অনুষ্ঠানে Forthing এবং AREAL-এর উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যাংকিং পার্টনার ও HuQ Riaz এবং Cars & Conversations-সহ দেশের অটোমোবাইল মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
গত বছরই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর এবার বড় ধরনের বিনিয়োগের ইঙ্গিত দিল জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Toyota।