সফটওয়্যার একীভূত করছে Honda ও Nissan

পরবর্তী প্রজন্মের গাড়ির ইলেকট্রনিক আর্কিটেকচার একীভূত বা মানসম্মত (standardize) করার লক্ষ্যে গত ৩১ আগস্ট একটি যৌথ উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে দুই জাপানি গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান Honda এবং Nissan। এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠানের ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট (ECU), ইন-কার অপারেটিং সিস্টেম, মিডলওয়্যার এবং ভেহিকল-কন্ট্রোল সফটওয়্যার অন্তর্ভুক্ত থাকবে।

চুক্তির আওতায় থাকা সফটওয়্যারগুলো ২০২৯ অর্থবছরে উভয় প্রতিষ্ঠানের পেট্রোল, হাইব্রিড এবং ইলেকট্রিক মডেলে ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই অংশীদারিত্ব মূলত ইলেকট্রনিক আর্কিটেকচারের চারটি স্তরের ওপর ভিত্তি করে গঠিত: কোর ECU, মূল ভেহিকল অপারেটিং সিস্টেম, কি-মিডলওয়্যার এবং ভেহিকল-কন্ট্রোল সফটওয়্যার। তবে এই সহযোগিতার মধ্যে যৌথ কোনো ফিজিক্যাল ভেহিকল প্ল্যাটফর্ম তৈরি কিংবা নতুন কর্পোরেট জয়েন্ট ভেঞ্চার গঠনের বিষয় অন্তর্ভুক্ত নেই।

একটি রেগুলেটরি ফাইলিংয়ে ২০২৯ অর্থবছরে বাস্তবায়নের কথা নিশ্চিত করেছে Honda। তারা আরও উল্লেখ করেছে যে, ২০২৭ সালের মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরে তাদের একত্রিত আর্থিক ফলাফলে এই চুক্তির বড় কোনো প্রভাব পড়বে না। এদিকে Biz Chosun-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন অপারেটিং সিস্টেম এবং ECU সেটআপের মূল ভিত্তি হিসেবে কাজ করছে Nissan-এর প্রযুক্তি, যদিও কোনো প্রতিষ্ঠানই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

এর আগে ২০২৪ সালের শেষের দিকে Honda, Nissan এবং Mitsubishi-র মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক থেকে আলোচনা শুরু হয়েছিল। তবে কর্পোরেট নিয়ন্ত্রণ ও কাঠামোগত জটিলতার কারণে ২০২৫ সালের শুরুর দিকে তাদের একীভূত হওয়ার (merger) প্রস্তাবিত আলোচনা ভেঙে যায়। পরবর্তীতে সেই আলোচনার ধারাবাহিকতায় এবার এই যৌথ উন্নয়ন চুক্তিটি স্বাক্ষরিত হলো।

Previous
Previous

বাংলাদেশে এলো Forthing Friday EREV

Next
Next

জ্বালানি স্পোর্টস কারেই দীর্ঘ ভবিষ্যৎ দেখছেন Rimac