AI প্রযুক্তিতে গাড়ি বানাবে Nissan

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ডিজিটাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গাড়ি তৈরির সময় প্রায় অর্ধেক কমিয়ে আনার পরিকল্পনা করছে Nissan।

জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Nissan তাদের নতুন গাড়িগুলোর ডিজাইন থেকে উৎপাদন প্রক্রিয়া আরও দ্রুত করতে AI প্রযুক্তির সাহায্য নিচ্ছে। এই নতুন কৌশলের প্রথম প্রমাণ হতে যাচ্ছে আগামী শীতকালে বাজারে আসতে যাওয়া তাদের পরবর্তী প্রজন্মের Nissan Skyline। আগের মডেলটি তৈরি করতে যেখানে ৫৫ মাস সময় লেগেছিল, সেখানে এই নতুন মডেলটি মাত্র ২০ মাসে তৈরি করা হয়েছে।

কোম্পানির Chief Executive Officer Ivan Espinosa গণমাধ্যম Nikkei Asia-কে জানান, ডিজাইন, টেস্টিং এবং ম্যানুফ্যাকচারিং ধাপে AI ও নতুন ডিজিটাল টুলের ব্যবহার এই পরিবর্তন সম্ভব করেছে। মূলত চীনা নির্মাতাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যারা মাত্র দুই বছরে গাড়ি তৈরি করছে। Dongfeng Motor-এর সাথে যৌথ উদ্যোগে Dongfeng Nissan N7 মডেলটি মাত্র দুই বছরে তৈরি করার পর Nissan এই সিদ্ধান্ত নেয়। ২০২৬ অর্থবছর নাগাদ তাদের ৯০ শতাংশ গাড়ির ক্ষেত্রে এই দ্রুত উন্নয়ন প্রক্রিয়া চালু করার লক্ষ্য রয়েছে।

খরচ কমাতে Nissan তাদের প্ল্যাটফর্ম এবং প্রধান যন্ত্রাংশগুলো একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকার Mississippi-র Canton প্ল্যান্টে তৈরি একটি বড় আর্কিটেকচার দিয়ে ২০২৮ অর্থবছর থেকে Nissan, Infiniti এবং Mitsubishi ব্র্যান্ডের ৫টি SUV এবং পিকআপ ট্রাক তৈরি করা হবে। এছাড়া, বিশ্বব্যাপী বিক্রির ৮০ শতাংশই আসবে মাত্র তিনটি ভেহিকল ফ্যামিলি থেকে।

সম্প্রতি বাজারে কিছুটা মন্দা পার করছে কোম্পানিটি। ২০২৫ অর্থবছরে বিশ্বব্যাপী তাদের গাড়ি বিক্রি ৬ শতাংশ কমে ৩.১৫ মিলিয়নে দাঁড়িয়েছে এবং জাপানের অভ্যন্তরীণ বাজারে বিক্রি ১৩ শতাংশ কমে প্রায় ৪,০০,০০০ ইউনিটে নেমেছে। এই পরিস্থিতি সামাল দিতে Nissan তাদের ইতিহাসের সবচেয়ে দ্রুততম প্রোডাক্ট রোলআউট বা নতুন গাড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে, যার আওতায় এক বছরের মধ্যে ৭টি নতুন মডেল বাজারে আসবে। এর মধ্যে নতুন ডিজাইনের Leaf এবং Skyline অন্যতম। এছাড়া, পরবর্তী প্রজন্মের GT-R নিয়েও কাজ চলছে।

Previous
Previous

Goodwood-এ আসছে প্রথম T.50s সুপারকার

Next
Next

মডেলের সংখ্যা কমাচ্ছে Toyota