৪ লাখ রোবট নিয়োগ দেবে Toyota

ছবিঃ Toyota

তবে এগুলো পুরোপুরি মানুষ শ্রমিক প্রতিস্থাপন করবে না।

বিশ্বব্যাপী নিজস্ব কারখানা, সহযোগী প্রতিষ্ঠান এবং প্রধান সরবরাহ চেইনের আধুনিকায়নে প্রায় ৪ লাখ রোবট প্রয়োজন হতে পারে বলে বিনিয়োগকারীদের সামনে একটি স্বয়ংক্রিয় প্রযুক্তির পূর্বাভাস উপস্থাপন করেছে Toyota। ২০২৮ সাল থেকে শুরু করে এই প্রকল্পে বার্ষিক প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬.৪ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০,০০০ কোটি টাকা) ব‍্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Brussels-এ Toyota Motor Europe-এর সদর দফতরে আয়োজিত বিনিয়োগকারীদের এক প্রযুক্তি ব্রিফিংয়ে এই সম্ভাব্য হিসাব তুলে ধরা হয়। সেখানে শীর্ষ নির্বাহীরা প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী উৎপাদন রূপরেখা এবং নিজস্ব হিউম্যানয়েড রোবট প্ল্যাটফর্ম প্রদর্শন করেন।

তবে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে এখনো এই বিশাল অঙ্কের বাজেট বরাদ্দের ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি।

খসড়া অনুযায়ী, সম্ভাব‍্য ৪ লাখ রোবটের মধ্যে প্রায় ১ লাখ ৫০ হাজার ইউনিট স্বয়ং Toyota Group-এর অভ্যন্তরীণ কারখানাগুলোতে এবং প্রায় ২ লাখ ৫০ হাজার ইউনিট তাদের অংশীদার ও সরবরাহকারীদের কারখানায় মোতায়েন করা হবে। সংবাদমাধ্যম Nikkei-এর তথ্যমতে, এই পরিকল্পনায় হিউম্যানয়েড ও নন-হিউম্যানয়েড উভয় ধরনের রোবটই অন্তর্ভুক্ত থাকবে, যা সম্পূর্ণ নতুন স্বয়ংক্রিয় ব্যবস্থার পাশাপাশি কারখানার পুরোনো যন্ত্রপাতি প্রতিস্থাপনে ব্যবহৃত হবে।

প্রস্তাবিত কৌশল অনুযায়ী, বিশ্বজুড়ে কারখানা সংস্কার ও পুনর্নির্মাণের অংশ হিসেবে এই বৃহৎ স্বয়ংক্রিয় ব্যবস্থার কাজ এগিয়ে নেওয়া হবে। এটি Toyota-র গাড়ির যন্ত্রাংশের জটিলতা কমানোর চলমান উদ্যোগের সাথেও সামঞ্জস্যপূর্ণ। এছাড়া যুক্তরাষ্ট্রের উৎপাদন কারখানায় হাইব্রিড গাড়ির বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি স্থানীয় কারখানাগুলোকে জটিল বা বিশেষায়িত অ্যাসেম্বলি কাজে যুক্ত করতে সাহায্য করবে এই প্রযুক্তি। চীনা প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর তীব্র চাপের মুখে গাড়ির মান ও নির্ভরযোগ্যতা বজায় রাখা এবং অ্যাসেম্বলি লাইনে সময় নষ্ট না করে একসাথে একাধিক মডেল তৈরির গতি বাড়াতেও ভূমিকা রাখবে এই পদক্ষেপ।

'ELEY' (Embodied Learning robot for Enhanced Yield)

প্রযুক্তি প্রদর্শনীটির মূল আকর্ষণ ছিল Toyota Research Institute-এর তৈরি চাকাযুক্ত হিউম্যানয়েড রোবট প্ল্যাটফর্ম 'ELEY' (Embodied Learning robot for Enhanced Yield)। ELEY মানুষের কয়েকটি প্রাথমিক নির্দেশনা দেখেই জটিল উৎপাদন কাজ শিখে নেওয়ার জন্য Large Behavior Models ব্যবহার করে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে দক্ষ কারিগর বা takumi-দের বিশেষ অ্যাসেম্বলি কৌশল।

শ্রমিকদের পুরোপুরি বাদ দেওয়ার বদলে উদ্যোগটিতে মানুষ ও রোবটের সহাবস্থানের ওপর জোর দেওয়া হয়েছে। এতে অভিজ্ঞ কর্মীদের সাথে স্বয়ংক্রিয় যন্ত্রপাতির সমন্বয় ঘটানো হবে; যেখানে পুনরাবৃত্তিমূলক বা শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ ভারী কাজগুলো রোবট পরিচালনা করবে এবং জটিল ও সূক্ষ্ম বিচারের দায়িত্ব থাকবে অভিজ্ঞ মানব কর্মীদের হাতেই।

Previous
Previous

বাড়ছে তেলের দাম, বিক্রি হচ্ছে বৈদ্যুতিক গাড়ি

Next
Next

গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করছে বাংলাদেশি প্রতিষ্ঠান