সীমিত সংখ্যায় ফিরে এল BMW Z4

জনপ্রিয় BMW Z4 মডেলটিকে নতুন রূপে ফিরিয়ে আনছে Bovensiepen Automobile।

Bovensiepen বিশ্বখ্যাত Alpina-র উত্তরসূরী। BMW ২০২২ সালে Alpina-র ব্র্যান্ডটির ট্রেডমার্কটি কিনে নেওয়ার পর পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠানটি নিজেদের নাম পরিবর্তন করে 'Bovensiepen' হিসেবে আত্মপ্রকাশ করে।

Bovensiepen ২০২৫ সালের শেষ নাগাদ নির্মিত পুরোনো গাড়িগুলোর রক্ষণাবেক্ষণ অব্যাহত রাখার পাশাপাশি নিজেদের নামে সম্পূর্ণ নতুন ও বিশেষ কাস্টমাইজড মডেল তৈরি করে আসছে।

প্রতিষ্ঠানটির নতুন এই যুগের সৃষ্টির মধ্যে রয়েছে Zagato-র ডিজাইনে M4 Convertible-ভিত্তিক কার্বন-ফাইবার কুপে Bovensiepen Zagato এবং Frank Stephenson-এর ডিজাইনে M5 Touring-ভিত্তিক 05 GT। উল্লেখ্য Frank Stephenson- আধুনিক Mini এবং প্রথম প্রজন্মের BMW X5-এর ডিজাইনার হিসেবে বিশ্বজুড়ে বিখ্যাত।

এবার জনপ্রিয় Z4 M40i মডেলের ওপর ভিত্তি করে নতুন 'Bovensiepen Spider'-টির নকশা করেছেন স্বনামধন্য এই অটোমোবাইল ডিজাইনার।

কোচবিল্ট এই রোডস্টারটির বডিতে সূক্ষ্ম কিছু পরিবর্তন আনার পাশাপাশি এতে দেওয়া হয়েছে ক্লাসিক Alpina ডিজাইনের অনুপ্রেরণায় তৈরি ২০ ইঞ্চির ফোর্জড হুইল।

হুডের নিচে রয়েছে BMW-র B58 3.0-liter টার্বোচার্জড ইনলাইন-সিক্স ইঞ্জিন। এই টিউনড ইঞ্জিনটি থেকে ৪৩৫ হর্সপাওয়ার এবং ৪২৮ পাউন্ড-ফুট (৫৮০ Nm) টর্ক উৎপন্ন হয়, যা সাধারণ Z4 M40i মডেলের চেয়ে ৫৩ হর্সপাওয়ার ও ৫৯ পাউন্ড-ফুট বেশি। এই বাড়তি শক্তির কারণে গাড়িটি শূন্য থেকে ১০০ কিলোমিটার (০-৬২ মাইল) গতি তুলতে সময় লাগে মাত্র ৪.২ সেকেন্ড। এছাড়া Performance Package ব্যবহার করলে এর সর্বোচ্চ গতি ওঠে প্রতি ঘণ্টায় ১৮৩ মাইল (২৯৫ কিমি)।

প্রতিষ্ঠানটি 'Bovensiepen Spider'-এর মাত্র ৯৯টি ইউনিট তৈরি করবে। জার্মানির বাজারে গাড়িটির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৫০০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।

ইতিমধ্যেই প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে এবং আগামী বছরের প্রথম প্রান্তিকে গ্রাহকদের কাছে গাড়িগুলো সরবরাহ শুরু হবে।

Previous
Previous

গাড়ি দিয়ে ছবি তুলতে চায় Toyota

Next
Next

Defender ট্রাক তৈরির ভাবনায় JLR