Defender ট্রাক তৈরির ভাবনায় JLR
ঐতিহ্যবাহী Defender-এর একটি পিকআপ ট্রাক সংস্করণ আনার পরিকল্পনা করছে ব্রিটিশ গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান Jaguar Land Rover (JLR)।
তবে বিশেষ শর্ত হলো, গাড়িটি Slovakiar-র পরিবর্তে খোদ যুক্তরাষ্ট্রের মাটিতে তৈরির চিন্তা চলছে।
এই লক্ষ্যে ইতিমধ্যেই ২০২৬ সালের মে মাসে অটোমোবাইল গ্রুপ Stellantis-এর সাথে একটি নন-বাইন্ডিং সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে JLR। প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার Richard Molyneux জানিয়েছেন, চলতি বছরের শেষের মধ্যেই এই চুক্তি চূড়ান্ত হতে পারে। এছাড়া JLR-এর চিফ এক্সিকিউটিভ অফিসার Pathamadai Balachandran Balaji উল্লেখ করেছেন, Stellantis-এর সাথে এই যৌথ উদ্যোগ যুক্তরাষ্ট্র ও সংলগ্ন বাজারগুলোতে তাদের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির পরিকল্পনাকে আরো এগিয়ে নিতে সহায়তা করবে।
Stellantis-এর চিফ এক্সিকিউটিভ অফিসার Antonio Filosa নিশ্চিত করেছেন যে, উভয় প্রতিষ্ঠান নির্দিষ্ট একটি কারখানাকে কেন্দ্র করে যৌথভাবে কাজ করারসম্ভাবনা খতিয়ে দেখছে। তবে তিনি সুনির্দিষ্ট কোনো কারখানার নাম বা সংশ্লিষ্ট গাড়ির মডেল প্রকাশ করেননি। Automotive News-এর তথ্যমতে, Illinois-এর Belvidere কারখানায় সম্ভাব্য উৎপাদনের আলোচনা চলছে, যদিও কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি।
ধারণা করা হচ্ছে, সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্ম তৈরির বদলে ট্রাকটিতে Ram কিংবা Jeep-এর বিদ্যমান আর্কিটেকচার ব্যবহার করা হতে পারে। তবে কোনো প্রতিষ্ঠানই নির্দিষ্ট প্ল্যাটফর্ম, ইঞ্জিন বা পাওয়ারট্রেনের বিষয়ে কিছু জানায়নি। ফলে গাড়িটি Ram 1500-এর মতো সনাতন বডি-অন-ফ্রেম কাঠামোর হবে, নাকি Defender-এর মতো ইউনিবডি ডিজাইনে তৈরি হবে, তা এখনো স্পষ্ট নয়।
মূলত বাণিজ্য নীতি ও অতিরিক্ত শুল্ক এড়াতেই আমেরিকায় স্থানীয়ভাবে উৎপাদনের এই কৌশল বেছে নেওয়া হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে থাকা Defender-এর 90, 110 ও 130 মডেলগুলো Slovakia-তে নির্মিত হয়। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য থেকে আমদানি করা সাধারণ যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে বাড়তি শুল্কের পাশাপাশি যুক্তরাষ্ট্রে পিকআপ ট্রাক আমদানির ওপর দীর্ঘদিনের পুরনো ২৫ শতাংশ 'চিকেন ট্যাক্স' (Chicken Tax) প্রযোজ্য। এর ফলে ইউরোপে তৈরি করে যুক্তরাষ্ট্রে Defender ট্রাক আমদানি বাণিজ্যিকভাবে লাভজনক হবে না।
আমেরিকার মাটিতে স্থানীয়ভাবে উৎপাদন করলে এসব চড়া আমদানি শুল্ক এড়ানো সম্ভব হবে। এবং এর মাধ্যমে ১৯৭০-এর দশকের শুরুর দিক পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া 'Series' পিকআপের পর আবারও মার্কিন মাটিতে Land Rover-এর ট্রাক তৈরির ঐতিহ্য ফিরে আসবে।
তবে নতুন এই Defender ট্রাকটি কেবল যুক্তরাষ্ট্রের বাজারের মধ্যেই সীমাবদ্ধ থাকার জোর সম্ভাবনা রয়েছে।
ইউরোপজুড়ে চীনা গাড়িগুলোর আগ্রাসী উপস্থিতির একটি বড় মাইলফলক রচিত হলো যুক্তরাজ্যে; সেখানে গত মাসে বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির মুকুট ছিনিয়ে নিয়েছে চীনের তৈরি একটি ক্রসওভার।