গাড়ি দিয়ে ছবি তুলতে চায় Toyota
গাড়ি চালানোর সময় চালকের চোখের দৃষ্টি অনুসরণ করে বাইরের আকর্ষণীয় দৃশ্যের ছবি তোলার এক অভিনব প্রযুক্তির পেটেন্ট আবেদন করেছে Toyota।
যুক্তরাষ্ট্রের পেটেন্ট আবেদনে (নম্বর: 2026/0261754 A1) "Systems and Methods for Capturing Driver-Relevant Road Scene Information" শিরোনামে প্রযুক্তিটির বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
সংবাদমাধ্যম Autoblog-এর সূত্রে জানা গেছে, এই সিস্টেমে গাড়ির ভেতরে থাকা ড্রাইভ-মনিটরিং সেফটি ক্যামেরা চালকের মাথা ও চোখের অবস্থান বিশ্লেষণ করে দৃষ্টিসীমা নির্ধারণ করবে। পরবর্তীতে সেই অবস্থান অনুযায়ী গাড়ির বাইরের ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স ক্যামেরাগুলো নিজে থেকেই লক্ষ্যবস্তুকে শনাক্ত করে ছবি ধারণ করবে, ফলে চালককে আলাদা করে ক্যামেরার লক্ষ্য ঠিক করতে হবে না।
ভয়েস কমান্ড বা ফিজিক্যাল বাটন চাপার মাধ্যমে ছবি তোলা যাবে এবং ছবিগুলো সরাসরি সংযুক্ত স্মার্টফোনে পাঠিয়ে দেওয়া হবে।
প্রস্তাবিত এই ব্যবস্থায় যুক্ত করা হয়েছে পারসোনালাইজেশনের সুবিধা। চালক চাইলে নিজস্ব পছন্দ নির্ধারণ করে রাখতে পারবেন—যেমন ক্যামেরার ফ্রেমে কোনো ক্লাসিক কার এলে ক্যামেরাটি স্বয়ংক্রিয়ভাবে তার ছবি তুলে নিবে। এছাড়া চালকের পূর্ববর্তী ছবি তোলার অভ্যাস এবং সফরের সার্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে কোন দৃশ্যগুলো চালকের জন্য প্রাসঙ্গিক, তা অনুমান করতে পারবে এর সফটওয়্যার।
Toyota জানিয়েছে, নিরাপত্তা এবং গোপনীয়তার বিষয় দুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। রাস্তার পাশের কোনো দৃশ্য মুঠোফোনে ক্যামেরাবন্দী করতে গিয়ে চালকদের বিভ্রান্তি এবং ঝুঁকি এড়াতেই এই উদ্যোগ। তাছাড়া ছবিগুলো সরাসরি ব্যবহারকারীর ফোনে পাঠানোয় গাড়ির মধ্যে স্থায়ী কোনো ফটো লাইব্রেরি তৈরির ঝামেলা থাকবে না, যা যাত্রীদের গোপনীয়তা নিশ্চিত করবে এবং ইতিপূর্বে জেনারেল মোটরস (General Motors)-এর মতো প্রতিষ্ঠানগুলো কেবিন ক্যামেরা তথ্য বিক্রয় নিয়ে যে ধরণের সমালোচনার মুখে পড়েছিল, তা এড়ানো সম্ভব হবে।
এর আগেও ক্যামেরাজনিত বেশ কিছু প্রযুক্তির পেটেন্ট নিয়েছিল Toyota। তবে অন্যান্য পেটেন্টের মতো এই গেইজ-ডিরেক্টেড (Gage-directed) ক্যামেরা সিস্টেমটিও বাণিজ্যিকভাবে কবে নাগাদ গাড়িতে আসবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সময়সীমা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
'Street Fighter II'-এর সেই বোনাস স্টেজের কথা মনে আছে, যেখানে ঘুষি-লাথি মেরে একটা Lexus LS ভেঙে চুরমার করে দেওয়া যেত? সেই পিক্সেলযুক্ত গাড়িটি এবার অলৌকিকভাবে বাস্তব রূপ নিয়েছে—আর প্রতিযোগিতায় অংশ নিয়ে এটি জিতে নেওয়াও সম্ভব।