চীন ছাড়ছে Nissan-এর বিদ্যুতায়িত পিকআপ
ছবিঃ Nissan
শেষ পর্যন্ত চীনের বাজারে সীমাবদ্ধ নিজেদের বৈদ্যুতিক পিকআপের স্বাদ বিশ্বের বাকি অংশকেও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে Nissan।
Frontier Pro একটি মিডসাইজ প্লাগ-ইন হাইব্রিড পিকআপ, যা চীনে বাজারজাত করার পর এবার আন্তর্জাতিক বাজারে আসছে। তবে একে Nissan-এর নিজস্ব সৃষ্টি বললে ভুল হবে। ট্রাকটি তৈরি হয়েছে Dongfeng-এর সঙ্গে Nissan-এর সম্মিলিত প্রয়াসে এবং এর ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে Changan-এর প্ল্যাটফর্ম। সহজ কথায়, Nissan-এর ব্যাজ পরা একটি Changan।
চীনা বাজারের জন্য Frontier Pro তৈরি করেছে Zhengzhou Nissan, যা Dongfeng-এর সঙ্গে Nissan-এর যৌথ উদ্যোগ। এর প্লাগ-ইন হাইব্রিড পাওয়ারট্রেনে রয়েছে 1.5-litre turbocharged পেট্রোল ইঞ্জিন এবং ট্রান্সমিশনে বসানো একটি বৈদ্যুতিক মোটর। দুটি মিলিয়ে উৎপন্ন হয় 402 horsepower শক্তি। বৈদ্যুতিক মোটরটিকে শক্তি জোগায় 33-kilowatt-hour ব্যাটারি। তবে রপ্তানির জন্য তৈরি সংস্করণগুলোর পাওয়ারট্রেন সম্পর্কে বিস্তারিত জানায়নি Nissan। ফলে বাজারভেদে চূড়ান্ত স্পেসিফিকেশনে কিছুটা পার্থক্য থাকতে পারে।
চলতি মাসেই Mexico-র বাজারে আসবে Frontier Pro। এরপর বছরের শেষ দিকে লাতিন আমেরিকার নির্বাচিত কয়েকটি দেশে পৌঁছাবে এটি। ২০২৭ সালে Australia, New Zealand, Philippines এবং Middle East-এ বিপণনের কথা রয়েছে। এসব অঞ্চলে পিকআপটি বিক্রি হবে Navara Pro নামে।
Frontier Pro বিশ্বজুড়ে গাড়িশিল্পে যে রূপান্তর চলমান তারই একটি উদাহরণ। বর্তমানে প্রতিষ্ঠিত গাড়ি নির্মাতারা তাদের নিজস্ব উৎপাদনকেন্দ্রগুলোতে প্রতিটি মডেল নতুন করে তৈরি করার ধারণা থেকে সরে আসছে। এর পরিবর্তে, বিশ্ববাজারে রপ্তানির উদ্দেশ্যে গাড়ি উৎপাদনের জন্য তারা দিন দিন চীনা যৌথ অংশীদারিত্ব এবং সেখানকার কারখানাগুলোর ওপর বেশি নির্ভর করছে।
উদাহরণ হিসেবে Chevrolet-এর কথা বলা যায়। মেক্সিকতে ব্র্যান্ডটি চীনা গাড়িতে নিজেদের ব্যাজ লাগানো সংস্করণ বিক্রি করে। এর মধ্যে রয়েছে Wuling Xingchi-ভিত্তিক Chevrolet Groove এবং Wuling Starlight S-ভিত্তিক Chevrolet Captiva EV। Mazda তাদের Changan-নির্মিত EZ-60 বৈদ্যুতিক গাড়ি ইউরোপ ও এশিয়াতে রপ্তানি করে। অন্যদিকে, Toyota বাজারজাত করছে GAC-নির্মিত bZ3 ক্রসওভার। Volkswagen-এর প্রধান নির্বাহী Oliver Blume-ও জানিয়েছেন, কোম্পানিটি চীনে তৈরি নির্বাচিত কিছু মডেল ইউরোপে আমদানির কথা বিবেচনা করতে পারে।
Nissan-এর দাবি, আন্তর্জাতিক বাজারে Frontier Pro ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ মূলত তাদের নিজস্ব ব্যবসায় একটি "উদ্ভাবন এবং রপ্তানি কেন্দ্র" হিসেবে চীনের ক্রমবর্ধমান ভূমিকাকেই প্রমাণ করে।
এই কৌশলের পেছনে বাস্তবসম্মত কারণও রয়েছে। চীনে পিকআপ ট্রাক এখনও তুলনামূলকভাবে সীমিত চাহিদার একটি পণ্য। এর একটি কারণ, শহরাঞ্চলে এসব গাড়ির ব্যবহার নিয়ে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। ফলে বিদেশি ক্রেতাদের জন্য বিদ্যুতায়িত পিকআপ তৈরিতে নির্মাতাদের আগ্রহ বাড়ছে। বৈশ্বিক পিকআপ বাজারে নিজেদের অংশীদারিত্ব বাড়াতে চীনা নির্মাতারা যখন তৎপর, তখন Frontier Pro-কে Chery Stockman এবং BYD Shark-এর মতো মডেলের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে।
তবে শিগগিরই যুক্তরাষ্ট্রের রাস্তায় Frontier Pro দেখার আশা করবেন না। চীনে তৈরি গাড়ি ও ট্রাকের ওপর উচ্চ আমদানি শুল্ক এবং চীনা কানেক্টেড-ভেহিকল হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ে প্রস্তাবিত বিধিনিষেধ—সব মিলিয়ে মার্কিন বাজারে প্রবেশের পথ বেশ কঠিন। এর পরিবর্তে, উত্তর আমেরিকায় Nissan-এর কৌশলের কেন্দ্রে রয়েছে হাইব্রিড গাড়ি। ২০৩০ সালের মধ্যে এই অঞ্চলে হাইব্রিডকে নিজেদের প্রধান পাওয়ারট্রেন বিকল্পে পরিণত করতে চায় কোম্পানিটি। সেই যাত্রা শুরু হবে Rogue Hybrid দিয়ে।
Nissan-এর জন্য Frontier Pro এই শিল্পের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতারই একটি প্রতিফলন। জাপানি ব্র্যান্ড, চীনা প্ল্যাটফর্ম এবং বৈশ্বিক রপ্তানি কৌশল—এই সমন্বয় এখন ক্রমেই পরিচিত হয়ে উঠছে। তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এইযে, দাম ও পণ্য দুটোই সামঞ্জস্যপূর্ণ হলে ক্রেতারা আর কত দিন পর্যন্ত মাথা ঘামাবেন, গাড়িটি আসলে কোথায় তৈরি হয়েছে তা নিয়ে!
শেষ পর্যন্ত চীনের বাজারে সীমাবদ্ধ নিজেদের বৈদ্যুতিক পিকআপের স্বাদ বিশ্বের বাকি অংশকেও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে Nissan।