নিলামে উঠছে Steve McQueen-এর দুর্লভ Ferrari
ছবিঃ Rétromobile New York
হলিউড কিংবদন্তি Steve McQueen এবং ক্ল্যাসিক ভিন্টেজ Ferrari—সংগ্রাহকদের বাড়াবাড়ি রকম অর্থ খসানোর জন্য এই দুটি নামই যথেষ্ট। এবার এই দুই কিংবদন্তি একসঙ্গে উঠতে যাচ্ছে নিলামের হাতুড়ির নিচে।
Steve McQueen-এর ব্যক্তিগত ১৯৬৭ সালের Ferrari 275 GTB/4*S NART Spider (চ্যাসিস নম্বর: 10453) প্রথমবারের মতো নিলামে উঠছে। গাড়িটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ১৫ মিলিয়ন থেকে ২০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৭ কোটি ৫০ লাখ টাকা থেকে ২৫০ কোটি টাকা।
ঐতিহাসিক এই ড্রপ-টপ মডেলটি Manhattan-এর Javits Center-এ অনুষ্ঠিতব্য ‘Rétromobile New York’ নিলামের মূল আকর্ষণ হতে যাচ্ছে। ইউরোপের বিখ্যাত কালেক্টর-কার প্রতিষ্ঠান Gooding Christie’s আয়োজিত যুক্তরাষ্ট্রে তাদের প্রথম এই নিলামে মূল ইভেন্ট অনুষ্ঠিত হবে ২০ ও ২১ নভেম্বর।
১৯৬৭ থেকে ১৯৬৮ সালের মধ্যে নির্মিত মাত্র ১০টি NART Spider-এর মধ্যে চ্যাসিস নম্বর 10453 ছিল ষষ্ঠতম। কারখানা থেকে ‘Blu Sera’ রঙে তৈরি হওয়া মাত্র দুটি মডেলের একটি এটি। Ferrari-র উত্তর আমেরিকান রেসিং পার্টনার Luigi Chinetti-র জোরাজুরিতেই মূলত Enzo Ferrari এবং কোচবিল্ডার Scaglietti মূল 275 GTB/4 berlinetta-র ওপর ভিত্তি করে এই ওপেন-টপ রোডস্টার সংস্করণ বানাতে রাজি হয়েছিলেন।
১৯৬৭ সালের সেপ্টেম্বরে Luigi Chinetti Motors হয়ে Hollywood Sport Cars-এর মাধ্যমে গাড়িটি McQueen-এর হাতে পৌঁছায়। কেনার পরই তিনি গাড়িটিতে কিছুটা গাঢ় মেটালিক ব্লু রঙ করান এবং বিশেষ স্টিচিংয়ের সিট যুক্ত করেন। পরবর্তীতে Pacific Coast Highway-তে এক দুর্ঘটনার শিকার হলে ক্যালিফোর্নিয়ার বিখ্যাত কারিগর Junior Conway-কে দিয়ে এর মেরামত করান McQueen।
১৯৭১ সালে গাড়িটি বিক্রি করে দেন তিনি। কয়েক হাত ঘুরে ১৯৮৬ সালে এর বর্তমান মালিক Long Island ডিলারশিপ Grand Prix SSR-এর মাধ্যমে গাড়িটি কেনেন এবং দীর্ঘ চার দশক ধরে সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় পরম যত্নে সংরক্ষণ করেন। এখনো গাড়িটির মূল 3.3-liter বিশিষ্ট ৩০০ হর্সপাওয়ারের V12 ইঞ্জিন, ট্রান্সঅ্যাক্সেল ও Scaglietti-র নকশা অক্ষত রয়েছে। গত ৫০ বছরে গাড়িটি কেবল দুটি প্রদর্শনীর জন্য জনসমক্ষে এসেছিল।
Gooding Christie's-এর প্রেসিডেন্ট David Gooding এই গাড়িটিকে McQueen-এর ব্যক্তিগত সংগ্রহের ‘সবচেয়ে অধরা ও অলীক বাহন হিসেবে উল্লেখ করেছেন। Ferrari বিশেষজ্ঞ Marcel Massini একে গাড়ি ইতিহাসের এক যুগান্তকারী মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন।
নিলামে এই অনন্য গাড়িটির পাশাপাশি উঠছে আরও কিছু চোখধাঁধানো ক্লাসিক মডেল। যার মধ্যে Scaglietti-র বডিতে গড়া ১৯৬৫ সালের Ferrari 275 GTB-র সম্ভাব্য দাম ধরা হয়েছে ২.২৫ মিলিয়ন থেকে ২.৫ মিলিয়ন ডলার (প্রায় ২৮ কোটি ১২ লাখ থেকে ৩১ কোটি ২৫ লাখ টাকা)। এছাড়া McQueen-এর পূর্বে ব্যবহৃত আরেকটি গাড়ি—১৯৬৩ সালের Ferrari 250 GT Lusso-র মূল্য হাঁকা হতে পারে ১.৪ মিলিয়ন থেকে ১.৬ মিলিয়ন ডলার (প্রায় ১৭ কোটি ৫০ লাখ থেকে ২০ কোটি টাকা)।
হলিউড কিংবদন্তি Steve McQueen এবং ক্ল্যাসিক ভিন্টেজ Ferrari—সংগ্রাহকদের বাড়াবাড়ি রকম অর্থ খসানোর জন্য এই দুটি নামই যথেষ্ট। এবার এই দুই কিংবদন্তি একসঙ্গে উঠতে যাচ্ছে নিলামের হাতুড়ির নিচে।