কৃত্রিম বুদ্ধিমত্তা প্রত্যাখ্যান করল Bentley
ছবিঃ Bentley
রোবট আর অ্যালগরিদমের যুগে মানুষের হাতের কারুকাজ তথা প্রথাগত হস্তনির্মিত অ্যাসেম্বলি প্রক্রিয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে প্রতিস্থাপন না করার ঘোষণা দিয়েছে বিলাসবহুল ব্রিটিশ গাড়ি নির্মাতা Bentley।
প্রতিষ্ঠানটির প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক মডেল Torcal এসইউভি উন্মোচনের সময় সংবাদমাধ্যম CarExpert-এর কাছে এই অঙ্গীকারের কথা জানান শীর্ষ নির্বাহীরা। ব্যাটারি-ইলেকট্রিক গাড়ির যুগে পা রাখলেও হস্তশিল্পের এই ঐতিহ্যকেই নিজেদের অস্তিত্বের ভিত্তি হিসেবে ধরে রাখার ওপর জোর দিয়েছেন তারা।
Torcal-এর প্রোডাক্ট লাইন ডিরেক্টর Martin Page উৎপাদন প্রক্রিয়া অ্যালগরিদমের হাতে ছেড়ে দেওয়ার ভাবনা সরাসরি নাকচ করে দেন। তার মতে, যান্ত্রিক উৎকর্ষের যুগেও মানুষের সুনিপুণ হাতের স্পর্শ ও কারুশিল্পই এই ব্র্যান্ডের মূল সত্তা, যা ব্র্যান্ডটির চড়া মূল্যের যথার্থতা প্রমাণ করে। তিনি বলেন, “এটি আমাদের ব্র্যান্ডের ডিএনএ-র অংশ। কারখানা থেকে বের হওয়া প্রতিটি গাড়িতে সেই মানুষের নিজস্ব ছোঁয়া থাকাটা আবশ্যক এবং এতে কোনো পরিবর্তন আসছে না।”
একই সুর মিলিয়ে Bentley-র হেড অব ডিজাইন T. Jon Mayer ডিজিটাল শর্টকাটের চেয়ে মানুষের হাতের দক্ষতাকে এগিয়ে রেখেছেন। গণহারে তৈরি সাধারণ গাড়ির কারখানাগুলোতে খরচ কমাতে যেভাবে রোবট বসানো হচ্ছে, Bentley তাদের সীমিত উৎপাদনের কারণে সেই ধারা থেকে মুক্ত বলে তিনি দাবি করেন। তিনি বলেন, “মানুষের ছোঁয়া, স্বকীয়তা এবং সূক্ষ্ম খুঁটিনাটি কাজ কখনোই কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবট দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়। আমরা লাখ লাখ গাড়ি বানাই না, ফলে আমাদের উৎপাদন শৈলীও একেবারেই আলাদা।”
ব্রিটিশ এই অটোমেকার নিশ্চিত করেছে যে তাদের Torcal মডেলটির নকশা, প্রকৌশল এবং সম্পূর্ণ উৎপাদন সম্পন্ন হবে Great Britain -এ। Manchester-এর কাছে প্রতিষ্ঠানটির ঐতিহাসিক Crewe সদর দপ্তরে ১৯৩৮ সালে তৈরি একটি ঐতিহ্যবাহী কারখানাকে নতুন করে সাজিয়ে সেখানে অত্যাধুনিক প্রোডাকশন লাইনে এই গাড়িটি তৈরি করা হবে।
আধুনিক বৈদ্যুতিক গাড়ির অ্যাসেম্বলির সাথে শতবর্ষী হস্তশিল্পের মেলবন্ধন ঘটাতে এই Crewe ক্যাম্পাসে কোটি কোটি পাউন্ড ঢালা হয়েছে।
যখন সবাই কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয়করণের পেছনে ছুটছে, তখন মানুষের স্পর্শ বজায় রাখার ক্ষেত্রে বেন্টলির অবস্থান প্রশংসনীয়। তবে সীমিত গাড়ি উৎপাদনের কারণে এই ঐতিহ্য ধরে রাখা বাস্তবসম্মত হলেও, ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে ভবিষ্যতে এই নীতি টিকবে কি না তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
রোবট আর অ্যালগরিদমের যুগে মানুষের হাতের কারুকাজ তথা প্রথাগত হস্তনির্মিত অ্যাসেম্বলি প্রক্রিয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে প্রতিস্থাপন না করার ঘোষণা দিয়েছে বিলাসবহুল ব্রিটিশ গাড়ি নির্মাতা Bentley।