ম্যানুয়াল গিয়ারে ফিরছে না Lamborghini

ছবিঃ Lamborghini

পুরোনো নস্টালজিয়ায় আক্রান্ত কট্টরপন্থীদের শত অনুনয়-বিনয় সত্ত্বেও তিন-প্যাডেল ড্রাইভিংয়ে ফেরার কোনো ইচ্ছা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে Lamborghini।

প্রতিদ্বন্দ্বী নির্মাতাদের দেখানো পথে হেঁটে ম্যানুয়াল গিয়ারবক্স ফিরিয়ে আনার বদলে, নিজেদের সমস্ত প্রকৌশল সক্ষমতা পরবর্তী প্রজন্মের হাইব্রিড সুপারকারেই নিয়োজিত রাখতে চায় ইতালীয় সুপারকার নির্মাতা প্রতিষ্ঠানটি। Italy-র Milan-এ অস্ট্রেলিয় সংবাদমাধ্যম CarExpert-এর সঙ্গে আলাপকালে Temerario-র প্রোডাক্ট লাইন ডিরেক্টর Paolo Racchetti ঐতিহ্যপ্রেমীদের মনে যে আশার আলো ছিল তা পুরোপুরি নিভিয়ে দিয়েছেন।

তিনি বলেন, “আমার মনে হয় Lamborghini-র এমন গ্রাহক সবসময়ই থাকবেন যারা ম্যানুয়াল গিয়ারবক্স এবং আমাদের ঐতিহ্যের সাথে জড়িয়ে থাকা প্রতিটি বিষয়ের দাবি জানাবেন। তবে Lamborghini-র মূল পরিচয়ই হলো প্রতিনিয়ত নিজেকে বিকশিত করা এবং ভবিষ্যৎ নিয়ে ভাবা। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য হলো হাইব্রিড আর্কিটেকচারকে অনেক দূর এগিয়ে নেওয়া। তাই আমরা আমাদের ‘Cor Tauri’ ( ষাঁড়ের হৃদয়) কৌশলের মূল দর্শন অনুযায়ী পথ চলা অব্যাহত রাখব।”

২০২১ সালে প্রণীত ‘Direzione Cor Tauri’ বৈদ্যুতিক রূপরেখা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে গাড়িপ্রতি ৪০ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর বাধ্যবাধকতা রয়েছে। এই কৌশলের অংশ হিসেবে ইতোমধ্যে Revuelto এবং Temerario-র মতো দুটি প্লাগ-ইন হাইব্রিড ফ্ল্যাগশিপ এসেছে এবং Urus পারফরম্যান্স এসইউভি-কেও পুরোপুরি প্লাগ-ইনে রূপান্তর করা হয়েছে। এই পুরো নীলনকশা থেকে পুরোপুরি বাদ পড়েছে ম্যানুয়াল স্টিক শিফট, যা এক দশকেরও বেশি আগে তৈরি সর্বশেষ ম্যানুয়াল Gallardo-র পর প্রতিষ্ঠানটির আর কোন গাড়িতে ব্যবহার করা হয়নি।

Lamborghini-র এমন সোজা অস্বীকৃতি অবশ্য অন্য সুপারকার নির্মাতাদের বাণিজ্যিক কৌশলের সম্পূর্ণ বিপরীত। সম্প্রতি Ferrari তাদের 12Cilindri Manuale-এ থ্রি-প্যাডেল এনে আলোড়ন সৃষ্টি করলেও কিছু কট্টরপন্থীরা একে একধরনের ধোঁকাবাজি বলেই অভিহিত করেছেন; তাদের দাবি Ferrari-র ‘Manuale By-Wire’ সিস্টেমে একটি আট-গতির ডুয়াল-ক্লাচ অটোমেটিকের সাথে স্রেফ সাজানো গেটেড শিফটার ও প্যাডেল জুড়ে দিয়ে খাঁটি যান্ত্রিক অনুভূতির নকল করেছে। অন্যদিকে McLaren কিংবদন্তি F1-এর পর প্রথমবারের মতো ২০২৮ সালের সীমিত সংস্করণের McL 6GT-তে আসল মেকানিক্যাল ম্যানুয়াল গিয়ার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে আসল অনুভূতির বাজি ধরছে।

অটোমোবাইল খাতের চলতি চালচিত্র এখন দিবালোকের মতো স্পষ্ট—সাধারণ বাণিজ্যিক গাড়িতে ম্যানুয়ালকে মৃত ঘোষণা করা হলেও, অতি-ধনীদের কাছে কৃত্রিম নস্টালজিয়া বিক্রি করে আকাশচুম্বী মুনাফা লুটতে অন্য ব্র্যান্ডগুলোর কোনো আপত্তি নেই।

তবে এ ক্ষেত্রে Lamborghini এক বিরল ব্যতিক্রম, যারা বিগত দিনে ডুবে না থেকে পুরোনোকে কবরে রেখেই সামনে এগোতে বদ্ধপরিকর

Previous
Previous

নিলামে উঠছে Steve McQueen-এর দুর্লভ Ferrari

Next
Next

ক্রোম ও পিয়ানো ব্ল্যাক বাতিল করছে Nissan