নিলামে উঠছে Monaco-র প্রথম সুপারকার

ছবিঃ Broad Arrow Auctions

Monaco-র ইতিহাসের প্রথম সুপারকার হিসেবে স্বীকৃত ১৯৯০ সালের বিরল MCA Centenaire মডেলটিকে নিজেদের আসন্ন 'Zoute Concours Auction'-এ বিক্রির জন্য তালিকাভুক্ত করেছে নিলামকারী প্রতিষ্ঠান Broad Arrow Auctions।

Monte Carlo Automotive-এর তৈরি এই উদ্যোগের প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক Formula 2 ও CART চালক Fulvio-Maria Ballabio। তাঁর সাথে যুক্ত ছিলেন Scuderia Ferrari ও Autodelta-র সাবেক শীর্ষ প্রকৌশলী Carlo Chiti এবং Alfa Romeo-র সাবেক স্পোর্টিং ডিরেক্টর Pierluigi Corbari-র মতো অটোমোবাইল জগতের নামজাদা ব্যক্তিত্বরা। Automobile Club de Monaco-র শতবর্ষ পূর্তি উদযাপনে স্বয়ং Prince Albert II-এর পৃষ্ঠপোষকতায় এই উচ্চাভিলাষী গাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল।

তবে কিভাবে তারা এই কিম্ভূতকিমাকার নকশায় একমত হয়েছিলেন সেটা একটা রহস্য। গাড়িটি দেখে মনে হচ্ছে ইটালির প্রত্যেকটি প্রস্তুতকারকের গাড়িগুলো কোন এক বিশাল দুর্ঘটনায় পড়েছিল এবং প্রত্যেকটি গাড়ির অবশিষ্ট অংশ জোড়া তালি মেরে এটি তৈরি করা হয়েছে।

যদিও এই বেখাপ্পা বহিরাবরণের নিচে গাড়িটির যান্ত্রিক সক্ষমতা তামাশা করার মতো না। উৎপাদন-উপযোগী রোড কার হিসেবে এটিতেই সম্ভবত বিশ্বের প্রথম কার্বন ফাইবার মনোকক চ্যাসিস ব্যবহার করা হয়েছিল। মিড-ইঞ্জিন কাঠামোর এই সুপারকারে রয়েছে ৫.২ লিটারের Lamborghini V12 ইঞ্জিন, যা নেওয়া হয়েছিল Countach 5000 QV থেকে। আর এই ইঞ্জিনের শক্তি ZF সিক্স-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের মাধ্যমে সরাসরি পেছনের চাকাগুলোতে সরবরাহ করা হয়।

বিরলতার/দুষ্প্রাপ‍্যতার দিক দিয়ে এই গাড়ির রেকর্ড রীতিমতো অবিশ্বাস্য, কারণ ১৯৯০ ও ১৯৯১ সালের মধ্যে মাত্র পাঁচটি Centenaire তৈরি হয়েছিল। যার মধ্যে দুটি পরবর্তীতে Le Mans-এর রেসের জন্য কিছুটা মডিফাই করা হয় এবং শোনা যায় সেগুলো 'Mulsanne Straight'-ট্র‍্যাকে ঘণ্টায় ২২০ মাইল পর্যন্ত গতি তুলতে পেরেছিল।

অবশ্য নিলামে উঠতে যাওয়া নির্দিষ্ট ইউনিটটি গ্যাসের গাড়িগুলো থেকেও একটু আলাদা, কারণ এটি মূলত সেই আদি প্রোটোটাইপ, যা দিয়ে পুরো Centenaire প্রজেক্টটির সূচনা হয়েছিল।

আগামী ৯ অক্টোবর Belgium-এর Knokke-Heist-এ Zoute Grand Prix Car Week চলাকালীন Approach Golf-এ গাড়িটি নিলামে উঠবে। নিলামে এর সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৯ লাখ থেকে ১২ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৮ লাখ ৭৫ হাজার থেকে ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।

বেঢপ চেহারার এক 'Lamborghini কাজিন'-এর জন্য এই অকল্পনীয় অর্থ খসানো কারও কারও কাছে পাগলামি মনে হতে পারে; কিন্তু গাড়িটির জন্ম যখন এমন এক ট্যাক্স হেভেনে যেখানে বিত্তবানরা কাড়ি কাড়ি টাকা ওড়াতে দ্বিধাবোধ করেন না, সেখানে এই অদ্ভুত সৃষ্টিটি লুফে নেওয়ার মতো সৌখিন ক্রেতার অভাব নিশ্চয়ই হবে না।

Previous
Previous

চীনা গাড়ির দাম নিয়ে ক্ষুব্ধ BMW

Next
Next

রেট্রো Z Kaze কনসেপ্টে নব্বইয়ের দশক ফিরিয়ে আনল Nissan