চীনা গাড়ির দাম নিয়ে ক্ষুব্ধ BMW

ছবিঃ BMW

ইউরোপের বাজারে চীনা গাড়ি নির্মাতাদের আগ্রাসী মূল্যের তীব্র সমালোচনা করেছেন বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান BMW।

প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) Milan Nedeljković দাবি করেছেন, ইউরোপে আমদানি করা বেশ কিছু চীনা গাড়ির দাম বাস্তব ব্যবসায়িক অর্থনীতির সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। জার্মান সংবাদপত্র Frankfurter Allgemeine Zeitung (FAZ)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি চীনা প্রতিষ্ঠানগুলোর গাড়ি 'ডাম্পিং' করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, "এখানে কিছু চীনা গাড়ি এমন অবিশ্বাস্য দামে বিক্রি হচ্ছে যার কোনো ব্যবসায়িক যুক্তি নেই। এর ফলে ইউরোপে সংরক্ষণবাদী মনোভাব বাড়ছে। BMW মুক্ত বাণিজ্যে বিশ্বাস করে এবং প্রতিযোগিতাকে স্বাগত জানায়, তবে অবাস্তব দাম নির্ধারণের মাধ্যমে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করা অত্যন্ত বিপজ্জনক।"

অতিরিক্ত শুল্ক আরোপ বা শাস্তিমূলক বাণিজ্যিক ব্যবস্থার পরিবর্তে রাজনৈতিক সমঝোতার ওপর জোর দিচ্ছেন Nedeljković। তিনি সতর্ক করেন, পুরোদমে বাণিজ্যিক লড়াই শুরু হলে ভঙ্গুর ইউরোপীয় সাপ্লাই চেইনের ওপর পাল্টা চরম আঘাত আসতে পারে। তিনি বলেন, "পাল্টা পদক্ষেপ হিসেবে চীন হয়তো ব্যাটারি সেল সরবরাহ বন্ধ বা সীমিত করতে পারে, যার ওপর ইউরোপ সরাসরি নির্ভরশীল। কেউ সংঘাত বাড়াতে চায় না, তবে দীর্ঘমেয়াদে বাজারের স্থিতিশীলতা ও কর্মসংস্থান বাঁচাতে ব্রাসেলস ও বার্লিনের নীতিনির্ধারকদের অবশ্যই আমাদের অর্থনীতির প্রতিযোগিতামূলক পরিবেশ জোরদার করতে হবে। বিচ্ছিন্নতাবাদ দিয়ে প্রতিযোগিতা জয় করা অসম্ভব।"

ছবিঃ BYD

চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর ইউরোপীয় ইউনিয়ন ১৭ থেকে ৩৫.৩ শতাংশ পর্যন্ত ভর্তুকি বিরোধী শুল্ক আরোপ করলেও BYD, SAIC ও Geely-র মতো ব্র্যান্ডগুলোর আগ্রাসী অগ্রযাত্রায় চিড় ধরাতে পারছে না। সাশ্রয়ী দাম ও অত্যাধুনিক প্রযুক্তির জোরে প্রতিষ্ঠানগুলো দ্রুত ইউরোপীয় বাজার দখল করে নিচ্ছে।

এই পরিস্থিতিতে উভয়সংকটে পড়েছে খোদ BMW। কারণ প্রতিষ্ঠানটি নিজেরাই চীনে তাদের বৈদ্যুতিক Mini Cooper হ্যাচব্যাক এবং Aceman ক্রসওভার তৈরি করে তা ইউরোপের শোরুমে এনে বিক্রি করার জন্য মুক্ত বাণিজ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

জার্মান গাড়িশিল্পের এমন রক্ষণাত্মক অবস্থান মূলত দীর্ঘদিনের সোনালি অতীতের এক নির্মম বিপরীত রূপ। দশকের পর দশক ধরে চীনকে নিছক মুনাফা অর্জনের চারণভূমি হিসেবে ব্যবহারের পর, এখন নিজেদের আঙিনাতেই চীনা প্রতিদ্বন্দ্বীদের হাতে কোণঠাসা হয়ে নীতিগত সুরক্ষার জন্য হাত পাতছে ইউরোপীয় অটোমেকাররা।

BMW Group Annual Report 2025-এর তথ্য অনুযায়ী, ২০২১ সালে চীনে প্রতিষ্ঠানটির সরবরাহ ৮ লাখ ৪৭ হাজার ৯০০ ইউনিটের শীর্ষে পৌঁছালেও তা হুড়মুড় করে নেমে গত বছর ৬ লাখ ২৬ হাজারে দাঁড়িয়েছে।

এদিকে প্রতিদ্বন্দ্বী Volkswagen Group, Renault Group এবং Stellantis দাবি তুলেছে 'Made in Europe' ফ্রেমওয়ার্ক চালুর, যেখানে গাড়ির ৭০ শতাংশ পার্টস স্থানীয়ভাবে তৈরি বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।

তবে নিরপেক্ষ গবেষণা সংস্থা Bruegel সতর্ক করেছে, এমন কৃত্রিম নিয়মে স্থানীয়ভাবে ব্যয়বহুল ব্যাটারি তৈরির খরচ সাধারণ গ্রাহকের ঘাড়েই চাপবে—যার ফলে গাড়ি প্রতি দাম বাড়বে ২,০০০ ইউরোর বেশি বা আনুমানিক ২,৩২০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৯০ হাজার টাকা)। ফলে জার্মান প্রকৌশল আদৌ ক্ষিপ্রগতির এই চীনা উদ্ভাবনের সামনে টিকে থাকতে পারবে কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে

Previous
Previous

বৈদ্যুতিক গাড়ির লক্ষ্য বাতিল করল Bentley

Next
Next

নিলামে উঠছে Monaco-র প্রথম সুপারকার