রেট্রো Z Kaze কনসেপ্টে নব্বইয়ের দশক ফিরিয়ে আনল Nissan
ছবিঃ Nissan
নিজেদের সোনালী অতীতকে স্মরণ করে নব্বইয়ের দশকের টিউনিং ধাঁচের ওপেন-রুফ ‘Z Kaze’ কনসেপ্ট উন্মোচন করেছে জাপানি অটোমেকার Nissan।
নস্টালজিয়া ভরা এই কনসেপ্টে ব্যবহার করা হয়েছে বিশেষ টি-টপ (T-top) ছাদ ও রিমুভেবল গ্লাস প্যানেল—যা বিখ্যাত Z31 এবং Z32 প্রজন্মের পর আর কোনো Z মডেলে দেখা যায়নি। আর সামনের কাঁচে শোভা পাচ্ছে বিশাল এক পার্টসের ফর্দ।
নজরকাড়া ‘Pacific Teal’ রঙে মোড়ানো গাড়িটির হুড, ফেন্ডার ফ্লেয়ার, হুড ভেন্ট এবং অ্যারোডাইনামিক বডি কিটে বিপুল পরিমাণে হালকা ওজনের কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে।
তবে গাড়িটির মূল আকর্ষণ এর চাকাগুলো।
কোনো আধুনিক রেপ্লিকা নয়, বরং ১৯৯৬ সালে RAYS-এর তৈরি সম্পূর্ণ আসল ও রিস্টোর করা টু-পিস ফোর্জড NISMO LMGT2 হুইল ব্যবহার করা হয়েছে এতে, যার সরাসরি যোগসূত্র রয়েছে কিংবদন্তি R33-প্রজন্মের GT-R 400R-এর বিখ্যাত LMGT1 চাকার সাথে।
কার্বন ভেন্টেড হুডের নিচে থাকা Twin-Turbocharged 3.0-liter V6 ইঞ্জিনটিতে নব্বইয়ের দশকের আবহ ফিরিয়ে আনতে কিংবদন্তি আফটারমার্কেট টিউনার GReddy-র যন্ত্রাংশ বসানো হয়েছে। এতে থাকছে আপগ্রেডেড ইন্টারকুলার, Airinx এয়ার ইনটেক এবং Supreme SP এক্সহস্ট—যাকে শক্ত ভিত দিতে যুক্ত হয়েছে উন্নত NISMO সাসপেনশন প্যাকেজ।
Arizona-র Phoenix-এ আয়োজিত ZCON মোটর শো-তে গাড়িটি প্রথমবারের মতো জনসমক্ষে আনা হয় এবং পরবর্তীতে এটি Japanese Classic Car Show-তেও প্রদর্শিত হবে।
তীব্র করপোরেট সংকটের মুখে দাঁড়িয়ে নিজস্ব ঐতিহ্যকে পুঁজি করে মোড় ঘোরানোর চেষ্টা করছে একসময়ের বিখ্যাত এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।
Honda-র সাথে প্রস্তাবিত একীভূতকরণ বা যৌথ উদ্যোগ ভেঙে যাওয়ার পর কার্যত নড়বড়ে অবস্থায় পড়েছে প্রতিষ্ঠানটি। সংকট সামাল দিতে ইতোমধ্যে একাধিক সংযোজন কারখানা বন্ধ, সৃজনশীল ডিজাইন বিভাগে ছাঁটাই এবং নিজেদের ফুটবল টিম বিক্রি করতে বাধ্য হয়েছে তারা। তবু কর্তৃপক্ষের দাবি, পুরোনো ঐতিহ্যকে আঁকড়ে ধরেই এই পতনের মুখ থেকে ঘুরে দাঁড়াতে চাইছে তারা।
আর জাপানি পারফরম্যান্স আইকন হিসেবে নিজেদের হারিয়ে যাওয়া জাদুকরী ভাবমূর্তি ফিরিয়ে আনার এই প্রচেষ্টা এখন বেশ স্পষ্ট।
যেকোনো সাধারণ যাত্রীবাহী গাড়ির গায়েই নিজেদের উচ্চ পারফরম্যান্স ব্র্যান্ড 'Nismo'-র স্টিকার মেরে বিক্রি করার অভ্যাস বাদ দিতে চায় Nissan।