এবার আসছে Mercedes-এর AMG GT-র SUV সংস্করণ
ছবিঃ Mercedes
Mercedes-AMG-র প্রশ্নসাপেক্ষ নকশার AMG GT 4-Door Coupe-র কথা মনে আছে? আপনার যদি মনে হয় ওই বৈদ্যুতিক গাড়িটি দেখতে যথেষ্ট বিকট ছিল না তবে চিন্তা নেই, তার ক্রসওভার সংস্করণ বাজারে আনছে জার্মান প্রতিষ্ঠানটি।
পরিচিত হোন 2028 Mercedes-AMG GT SUV-র সাথে, ব্র্যান্ডটির প্রথম পূর্ণ আকারের সম্পূর্ণ বৈদ্যুতিক SUV। AMG GT 4-Door Coupe-এর পর এটিই AMG.EA ইলেকট্রিক পারফরম্যান্স প্ল্যাটফর্মের ওপর তৈরি দ্বিতীয় মডেল। শুরুতে তিনটি সংস্করণ পাওয়া যাবে: GT53 SUV, GT55 SUV এবং GT63 SUV। 2027 সালের গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের গাড়িগুলো ডিলারশিপে পৌঁছানোর কথা।
অবশ্য এই বিতর্কিত ডিজাইনের নিচে কিছু চমকপ্রদ প্রকৌশল রয়েছে। GT55 এবং GT63-এ রয়েছে তিনটি বৈদ্যুতিক মোটর, একটি সামনে এবং দুটি পেছনে। প্রয়োজন না হলে রেঞ্জ বাড়াতে সামনের মোটরটি বন্ধ করেই গাড়িটি চলতে পারে। দুটি মডেলেই রয়েছে AMG Performance 4MATIC+ অল-হুইল ড্রাইভ, যা পেছনের দুটি চাকার আলাদাভাবে টর্ক বণ্টন করে।
এন্ট্রি-লেভেল GT53 লেআউট অবশ্য কিছুটা ভিন্ন। এতে আছে দুটি বৈদ্যুতিক মোটর, প্রতি অ্যাক্সেলে একটি করে, যার সাথে যুক্ত করা হয়েছে দুই গতির রিয়ার ট্রান্সমিশন। প্রথম গিয়ারটি ছোট আর ব্যবহার করা হয় দ্রুত গতি তোলার জন্য, অন্যদিকে দ্বিতীয় গিয়ারটি তুলনামূলকভাবে লম্বা, আর তৈরি করা হয়েছে আর হাইওয়েতে এক চার্জে বেশি দূরত্ব পার করার জন্য।
GT53 মোটরগুলো স্বাভাবিক অবস্থায় 362 হর্সপাওয়ার উৎপাদন করতে পারে। সর্বোচ্চ আউটপুট 536 হর্সপাওয়ার এবং সর্বোচ্চ টর্ক 590 lb-ft। Mercedes-এর দাবি, এটি 0 থেকে 60 mph গতিতে পৌঁছাতে 4.1 সেকেন্ড নেয় এবং সর্বোচ্চ 143 mph গতিতে চলতে পারে।
অন্যদিকে GT55 তিনটি মোটর স্বাভাবিক অবস্থায় 711 হর্সপাওয়ার এবং সর্বোচ্চ 805 হর্সপাওয়ার উৎপাদন করে। সর্বোচ্চ টর্ক 1,372 lb-ft, যা SUV-টিকে মাত্র তিন সেকেন্ডে 0 থেকে 60 mph গতিতে পৌঁছে দিতে যথেষ্ট। এর সর্বোচ্চ গতি 168 mph।
এরপর রয়েছে GT63। এটিও স্বাভাবিক অবস্থায় 711 হর্সপাওয়ার উৎপাদন করে, তবে সর্বোচ্চ আউটপুট বেড়ে দাঁড়ায় অবিশ্বাস্য 1,153 হর্সপাওয়ারে। সর্বোচ্চ টর্ক 1,475 lb-ft, আর 0 থেকে 60 mph গতিতে পৌঁছাতে লাগে মাত্র 2.6 সেকেন্ড। এটিও সর্বোচ্চ গতি 168 mph।
এত ক্ষমতাসম্পন্ন দানবীয় গাড়ি আদৌ কারও দরকার কি না, সেটা অবশ্য আলাদা প্রশ্ন। তবে এ প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে AMG কোনো আগ্রহ দেখায়নি।
তিনটি মডেলেই রয়েছে 800-ভোল্টের বৈদ্যুতিক আর্কিটেকচার। GT53-এ ব্যবহার করা হয়েছে 106.0 kWh ব্যাটারি, আর GT55 ও GT63 ব্যবহার করা হয়েছে আরও বড় 128.0 kWh ব্যাটারি প্যাক।
বিশাল এই ব্যাটারিগুলোর চার্জিংয়ের গতি প্রশংসনীয়। GT53 সর্বোচ্চ 600 kW ক্ষমতায় চার্জ নিতে পারে, আর আরও শক্তিশালী দুটি সংস্করণ নিতে পারে সর্বোচ্চ 710 kW। Mercedes-এর দাবি, GT53 মাত্র 10 মিনিটে WLTP রেখায় সর্বোচ্চ 236 মাইল চলার সমপরিমাণ রেঞ্জ যোগ করতে পারে। GT55 ও GT63 একই সময়ে যোগ করতে পারে সর্বোচ্চ 280 মাইলের রেঞ্জ।
GT63-এর সম্ভাব্য WLTP রেঞ্জ 385 থেকে 435 মাইল। বলে রাখা ভালো যুক্তরাষ্ট্রের EPA পদ্ধতিতে নির্ধারিত রেঞ্জের হিসাব এখনও প্রকাশ করা হয়নি। আমেরিকায় গাড়িগুলোর দামও জানানো হয়নি। শুধু জানানো হয়েছে 2027 সালের গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের ডিলারশিপগুলোতে গাড়িগুলো পৌঁছানোর সম্ভাবনা।
AMG SUV-টিতে Active Ride Control+ সাসপেনশন যুক্ত করা হয়েছে। GT63-এ প্রযুক্তিটি স্ট্যান্ডার্ড, আর GT55-এই ব্যবস্থার জন্য অতিরিক্ত টাকা ঢালতে হবে। প্রচলিত অ্যান্টি-রোল বারের বদলে এতে ব্যবহার করা হয়েছে হাইড্রলিক ড্যাম্পার ও এডজাস্টেবল এয়ার স্প্রিং। লক্ষ্য হলো, গাড়ির বডির নড়াচড়া নিয়ন্ত্রণে রেখে যাত্রাকে আরামদায়ক ও স্থিতিশীল রাখা।
Active Ride Control+-এর মতোই প্রযুক্তিটি GT63-এ AMG Dynamic Plus Package স্ট্যান্ডার্ড হিসেবে পাওয়া যাবে GT55-এটি পেতে হলে আবার পকেটে হাত দিতে হবে। প্যাকেজটিতে রয়েছে AMG Race Engineer Control Unit, যাতে গাড়ির আচরণ পরিবর্তনের জন্য ড্যাশবোর্ডে তিনটি রোটাই নব যুক্ত করা হবে।
AMG Dynamic Select-এ সাতটি ড্রাইভিং মোড রয়েছে: Comfort, Sport, AMGFORCE Sport+, Race, Slippery, Eco এবং Individual। Race মোডে রয়েছে Drift Mode, Drag Race এবং Launch Control। বলা।বাহুল্য, কোন সে বিশেষ ব্যক্তি যে দুই টনের একটি বৈদ্যুতিক SUV নিয়ে ড্রিফট করবে, এই প্রশ্নের কোনো উত্তর তারা দেয় নি।
তবে যেহেতু গাড়িটি বৈদ্যুতিক, অর্থাৎ কোন আওয়াজ করে না, তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে Mercedes এতে কৃত্রিম ইঞ্জিনের শব্দ যোগ করেছে। GT53-এ শোনা যাবে ছয় সিলিন্ডারের ইঞ্জিনের শব্দ, আর GT55 ও GT63-এ অনুকরণ করা হয়েছে V8 ইঞ্জিনের গর্জন। Mercedes জানিয়েছে, বাস্তব ইঞ্জিনের শব্দ রেকর্ড করে এসব আওয়াজ তৈরি করা হয়েছে। আওয়াজ সরবরাহের জন্য ব্যবহার করা হবে 16টি মাইক্রোফোন।
প্রকৌশলগত কাজের পরিমাণ যথেষ্ট চিত্তাকর্ষক। দুর্ভাগ্যজনকভাবে, গাড়িটির নকশা সমস্ত প্রচেষ্টা মাটি করে দিয়েছে।
GT SUV-তে রয়েছে ঢালু ছাদ, চওড়া গড়ন, পেশিবহুল হুইল আর্চ, ফ্রেমবিহীন পাশের জানালা এবং পেছনে ছয়টি গোলাকার লাইট। Mercedes এতে Aerokinetics Airpanel সক্রিয় অ্যারোডাইনামিক ব্যবস্থাও বসিয়েছে, যেখানে সামনের বাম্পারে রয়েছে নড়াচড়া করতে পারে এমন লুভার। GT55 ও GT63-এ আছে সক্রিয় পেছনের স্পয়লার।
সামনে রয়েছে AMG GT 4-Door Coupe-এর মত সেই বিশাল বোয়াল মাছের মতো মুখ। তবে গাড়িটির বড় আকৃতির ফলে সেই মুখটি আরো বদখতভাবে ফুলে ফেঁপে উঠেছে।
আর আপনার যদি সেডানটির পেছনের অংশ দেখে খারাপ লেগে থাকে, তাহলে SUV-র পেছনটা দেখলে একটি বড় ধাক্কা খাবেন। দেখে মনে হতে পারে এটি একটি উৎপাদনের জন্য প্রস্তুত কোন গাড়ি নয়। বরং কোন অদক্ষ গ্যারেজে জোড়া তালি দিয়ে তৈরি করা কিছু।
ভেতরেও Mercedes-এর সাম্প্রতিক স্ক্রিনের নেশা বহাল রয়েছে। ড্যাশবোর্ডের প্রতিটি অংশে একটি করে স্ক্রিন আছে। রয়েছে 10.2 ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ডিসপ্লে এবং 14.0 ইঞ্চির কেন্দ্রীয় ইনফোটেইনমেন্ট স্ক্রিন। আর ক্রেতার যদি শখ হয়, তবে গাটের পয়সা খরচ করে সে বসাতে পারে সামনের যাত্রীর জন্য একটি অতিরিক্ত 14.0 ইঞ্চির ডিসপ্লে।
তবে মন্দের ভালো, ভিতরে বসার জায়গার অভাব নেই। SUV-টিতে রয়েছে তিনজনের বসার উপযোগী পেছনের বেঞ্চ সিট, ভাঁজ করা যায় এমন সিটব্যাক এবং ইলেকট্রোক্রোমিক প্যানোরামিক কাচের ছাদ। পেছনে মালপত্র রাখার জায়গা 21.4 ঘনফুট। সামনে রয়েছে আরও 2.8 ঘনফুট ধারণক্ষমতার ফ্রাঙ্ক।
প্রযুক্তিগত দিক থেকে AMG-এর নতুন এ গাড়িটি চোখ ধাঁধানো। সমস্যাটা হলো, সাম্প্রতিক Mercedes মডেলগুলোর এই সকল প্রকৌশলগত দক্ষতাকে এমন সব ডিজাইনের মোড়কীকরণ করেছে, যাকে বিতর্কিত বলাটাই সবচেয়ে নিরাপদ।
একসময় Mercedes-Benz ছিল স্বয়ংচালিত জগতে আভিজাত্যের সমার্থক। তাদের গাড়ির নকশা নিজেদের জাহির করতো না। ছিল না বাড়াবাড়ি আকার বা বিদঘুটে নকশার প্রয়োজন। মানুষ গাড়িগুলো দেখলেই বলতে পারতো, চালকের রুচি আছে।
এর মাঝে কোনো এক জায়গায় কোম্পানিটি দৃশ্যমান বাড়াবাড়িকেই ভালো ডিজাইন বলে ভুল করতে শুরু করেছে। এখন তারা এমন গাড়ি তৈরি করছে, যেগুলো সুন্দরভাবে সময়ের সঙ্গে টিকে থাকার বদলে যেন সামাজিক যোগাযোগমাধ্যমের ফিড দখল করার জন্য ডিজাইন করা হয়েছে। হয়তোবা ইনফ্লুয়েন্সারদের কাছে এসব গাড়ি আকর্ষণীয় মনে হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষের নজর কাড়া আর প্রশংসা অর্জন করার মধ্যে পার্থক্য আছে।
Mercedes-AMG-র প্রশ্নসাপেক্ষ নকশার AMG GT 4-Door Coupe-র কথা মনে আছে? আপনার যদি মনে হয় ওই বৈদ্যুতিক গাড়িটি দেখতে যথেষ্ট বিকট ছিল না তবে চিন্তা নেই, তার ক্রসওভার সংস্করণ বাজারে আনছে জার্মান প্রতিষ্ঠানটি।