ঐতিহ্যে ভর করে ঘুরে দাঁড়াচ্ছে Nissan

ছবিঃ Nissan

শোরুমে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এবং ব্যবসায়িক মোড় ঘোরাতে নিজস্ব ঐতিহ্যের ওপর ভরসা করছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Nissan।

মডেলের সংখ্যা কমিয়ে আনা, মূল মডেলগুলোকে টিকিয়ে রাখা এবং আসন্ন নতুন গাড়িগুলোর ডিজাইনে ব্র্যান্ডের পুরনো ঐতিহ্যকে ফুটিয়ে তোলার সমন্বয়ে একটি বড় পরিবর্তন পরিকল্পনা বাস্তবায়ন করছে তারা।

গত এপ্রিলে সংবাদমাধ্যম The Drive-কে দেওয়া এক সাক্ষাৎকারে Nissan-এর প্রেসিডেন্ট ও সিইও Ivan Espinosa ঘোষণা দিয়েছিলেন, “Nissan ফিরে এসেছে।” সেই রূপরেখার ওপর জোর দিয়ে Nissan North America-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ প্ল্যানিং অফিসার Ponz Pandikuthira এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন, ভবিষ্যৎ গাড়িগুলোতে তাদের ঐতিহ্যের সূক্ষ্ম ছোঁয়া থাকবে।

এই কনসেপ্ট বা আইডিয়ার কার্যকরকরণ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। নতুন 2026 Nissan Leaf-এর বাহ্যিক ডিজাইনে Z32-প্রজন্মের 300ZX-এর বিভিন্ন স্টাইলিং উপাদান যুক্ত করা হয়েছে, যা বর্তমান Z স্পোর্টস কারের দর্শনের সাথেও মেলে।

Pandikuthira ব্যাখ্যা করেন, জার্মান লাক্সারি ব্র্যান্ডগুলো যেভাবে দীর্ঘদিন ধরে তাদের ধারাবাহিকতা বজায় রেখে গ্রাহকের আনুগত্য তৈরি করেছে, Nissan-ও ঠিক সেভাবেই গ্রাহকদের সাথে একটি পরিচিতি ও বিশেষ অনুভূতি তৈরি করতে চায়—তা সে Sentra, Rogue কিংবা Pathfinder যে মডেলই হোক না কেন।

এই কৌশলের প্রতিফলন দেখা যাচ্ছে তাদের বর্তমান ও আসন্ন বিভিন্ন গাড়িতে। 2026 Z Heritage Edition চালুর পর, নতুন 2027 Z মডেলের ফ্রন্ট বাম্পারের নকশায় সরাসরি আদি 240Z-এর অনুপ্রেরণা নেওয়া হয়েছে। এছাড়া একটি Z Convertible ফিরিয়ে আনার আশাও ব্যক্ত করেছেন Pandikuthira।

অন্যদিকে রেট্রো ও ক্লাসিক এসইউভি প্রোফাইল নিয়ে জনপ্রিয় Xterra মডেলটিকে ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছে Nissan। পাশাপাশি নতুন একটি Rogue Hybrid-এর প্রোটোটাইপ মূল্যায়ন শুরু হয়েছে। ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ সুপারকার ক্যাটাগরিতে পরবর্তী প্রজন্মের GT-R তৈরির কাজও পুরোদমে চলছে। জানা গেছে, ২০৩০ সালের মধ্যে হাইব্রিড রূপে আসবে এই আইকনিক গাড়িটি, যাতে VR38 ইঞ্জিন ব্লক বহাল রাখা হবে।

ডিজাইন কৌশলের পাশাপাশি ক্লাসিক গাড়িপ্রেমীদের জন্য পুরনো পার্টস সরবরাহ ও রিস্টোরেশন খাতেও বড় পরিসরে প্রবেশ করছে প্রতিষ্ঠানটি। মোটরস্পোর্টস খাতের অভিজ্ঞতাসম্পন্ন একজন নির্বাহী নিয়োগের মাধ্যমে হেরিটেজ পার্টস ব্যবসায় নিজেদের পুনরায় প্রবেশ নিশ্চিত করেছে Nissan North America। আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে রিপ্লেসমেন্ট পার্টস বিক্রয় এবং রেস্টোমোড (restomod) কার্যক্রমকে শিল্প পর্যায়ে রূপ দেওয়াই এই নিয়োগের মূল লক্ষ্য।

Previous
Previous

যুক্তরাষ্ট্রে পাস হলো ‘Leno Law’

Next
Next

দুবাই পুলিশে যুক্ত হল Mansory Ferrari