“বৈশ্বিক নকশা” নীতি থেকে সরছে Audi
পুরো বিশ্বের সব ধরনের গ্রাহককে একটি মাত্র বৈশ্বিক ডিজাইনের বা একই কাঠামোর গাড়ি দিয়ে সন্তুষ্ট করার কৌশলটি আর কাজ করছে না—এমন বাস্তবতাকে মেনে নিয়ে বৈশ্বিক গাড়ি নীতি (Universal Global Car Strategy) থেকে সরে আসার ঘোষণা দিয়েছে জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Audi (আউডি)। এখন থেকে কোম্পানিটি বিভিন্ন অঞ্চলের স্থানীয় ক্রেতাদের পছন্দের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ডিজাইনের গাড়ি তৈরি করবে।
অস্ট্রেলিয়ার গাড়ি বিষয়ক সাময়িকী GoAuto-কে দেওয়া এক সাক্ষাৎকারে Audi-র চিফ টেকনিক্যাল অফিসার রুভেন মোহর (Rouven Mohr) এই পরিবর্তনের কথা জানান। তিনি বলেন, "সত্যি বলতে, পুরো বিশ্বের জন্য একই ডিজাইনের গাড়ি তৈরির ধারণা এখন অতীত। এটি এখন আর আমেরিকা কিংবা চীনের মতো বাজারে কার্যকর হচ্ছে না। বর্তমানে স্থানীয় বাজারের চাহিদার কথা মাথায় রেখেই গাড়ি উৎপাদন করা প্রয়োজন।"
এই মতামতের সাথে একমত পোষণ করেছেন চীনে ভক্সওয়াগনের ব্র্যান্ড প্রধান রালফ ব্র্যান্ডস্ট্যাটার (Ralf Brandstätter)। তিনি গত বছর উল্লেখ করেছিলেন যে, ইউরোপের ক্রেতারা গাড়ির টাচ-কন্ট্রোল, দীর্ঘস্থায়িত্ব এবং ড্রাইভিং ডাইনামিকসকে বেশি গুরুত্ব দেন; অন্যদিকে চীনের ক্রেতারা প্রাধান্য দেন এআই-চালিত কানেক্টেড ভেহিকল, ভয়েস কন্ট্রোল এবং স্মার্ট ককপিটের মতো আধুনিক প্রযুক্তিকে।
চীনের বাজারের সাথে খাপ খাইয়ে নেওয়া Audi-র জন্য নতুন কিছু নয়। ১৯৮৮ সালে প্রথম বিলাসবহুল গাড়ি কোম্পানি হিসেবে আউডি চীনের বাজারে প্রবেশ করেছিল, যা BMW-এর চেয়ে ৬ বছর এবং মার্সিডিজ-বেঞ্জের চেয়ে ১৭ বছর আগে। ঐতিহাসিকভাবে পশ্চিমা বিলাসবহুল ব্র্যান্ডগুলো চীনের বাজারে গাড়ির পেছনের সিটের আরাম বাড়াতে গ্লোবাল মডেলগুলোর হুইলবেস বড় করে স্থানীয়ভাবে তৈরি করত। পরবর্তীতে তারা কেবল চীনের বাজারের জন্যই লং-হুইলবেস সম্পন্ন বিশেষ SUV তৈরি শুরু করে।
এই ধারাবাহিকতায়, চীনা প্রতিষ্ঠান SAIC-এর সাথে যৌথ অংশীদারিত্বে আউডি সম্পূর্ণ আলাদা একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছে, যার নাম রাখা হয়েছে বড় হাতের অক্ষরে "AUDI"। চমকপ্রদ বিষয় হলো, এই গাড়িগুলোতে আউডির ঐতিহ্যবাহী চার রিংয়ের (Four Rings) লোগোটি থাকবে না। কেবল চীনের বাজারের জন্য তৈরি এই ব্র্যান্ডের অধীনে E5 স্পোর্টব্যাক ওয়াগন, E7X SUV এবং একটি নতুন সেডান গাড়ি বাজারে আনা হবে। তবে যারা খাঁটি জার্মান ধাঁচের গাড়ি পছন্দ করেন, তাদের জন্য আউডি চার রিং লোগোসহ তাদের কিছু নির্দিষ্ট গ্লোবাল মডেল বিক্রি সচল রাখবে। তবে কোম্পানির প্রধান কারিগরি কর্মকর্তা আশা করছেন, ভবিষ্যতের বাজার মূলত লোগোবিহীন এই নতুন "AUDI" সাব-ব্র্যান্ডের মাধ্যমেই বড় হবে।
এদিকে, ইউরোপের মূল আউডি ব্র্যান্ডটি তাদের গাড়ির জন্য "স্ট্রাইভ ফর ক্ল্যারিটি" (Strive for Clarity) নামক একটি নতুন ডিজাইন ফিলোসফি বা নকশা নীতি গ্রহণ করতে যাচ্ছে। এই নতুন রূপটি ইতিমধ্যে তাদের 'কনসেপ্ট সি' এবং 'নভোলোরি' স্পোর্টস কারগুলোতে প্রদর্শন করা হয়েছে, যা ২০২৮ সালে সম্পূর্ণ বৈদ্যুতিক 'A4' মডেলের মাধ্যমে বড় পরিসরে বাজারে আসবে। এই নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে গাড়ির ভেতরের কেবিনে অনেক কাঙ্ক্ষিত পরিবর্তন আনা হবে। এতে বিরক্তিকর ডিজিটাল মেনুর পরিবর্তে স্পর্শ করা যায় এমন আসল ফিজিক্যাল সুইচগিয়ার বা বাটন ফিরিয়ে আনা এবং গাড়ির অভ্যন্তরীণ গুণগত মান বাড়ানোর ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হবে।
BMW-র হাই-পারফরম্যান্স ডিভিশন ‘BMW M’ নিজেদের ১০ লাখতম গাড়ি উৎপাদনের বিরল এক মাইলফলক স্পর্শ করেছে।