খোলস পাল্টাচ্ছে Nissan
অটোমোবাইল বাজারে সস্তা বা নিম্নমানের গাড়ি নির্মাতা হিসেবে তৈরি হওয়া ভাবমূর্তি থেকে বেরিয়ে আসতে চায় জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Nissan (নিসান)।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে Nissan-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ইভান এস্পিনোসা (Ivan Espinosa) কোম্পানির পূর্ববর্তী নেতৃত্বের সমালোচনা করেছেন। তিনি জানান, অতীতে যুক্তরাষ্ট্রে রেন্টাল-কার বা গাড়ি ভাড়া দেওয়া প্রতিষ্ঠানগুলোর কাছে বেশি পরিমাণে গাড়ি বিক্রি করে বিক্রির সংখ্যা (Volume) বাড়ানোর যে কৌশল নেওয়া হয়েছিল, তা মূলত কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এস্পিনোসা বলেন, "আগে আমাদের লক্ষ্য ছিল শুধু সংখ্যা, সংখ্যা আর সংখ্যা বাড়ানো। একটি গাড়ি কোম্পানি চালানোর জন্য এটি কোনো সঠিক পদ্ধতি নয়।" বর্তমান নেতৃত্ব বুঝতে পেরেছে যে, রেন্টাল ফ্ল্যাটের সাথে অতিরিক্ত সম্পৃক্ততার কারণে ব্র্যান্ডের মান কমে গেছে। তাই কোম্পানির সুনাম ফিরিয়ে আনতে ভবিষ্যতে এই বাজার থেকে দূরে থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি।
৪৭ বছর বয়সী মেক্সিকান এই নির্বাহী, যিনি ২০২৫ সালের এপ্রিল থেকে কোম্পানির সিইও এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, গাড়ির গুণগত মান নিশ্চিত করা এবং নতুন মডেলের গাড়ি আনার মাধ্যমে উত্তর আমেরিকার বাজারে নিসানের ব্যবসা স্থিতিশীল করতে চান। এই পুনরুদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে নিসান ব্র্যান্ড এবং এর বিলাসবহুল বিভাগ ‘Infiniti’ (ইনফিনিটি)-এর গাড়িগুলোর লাইনে বড় পরিবর্তন আনা হচ্ছে। কোম্পানির "Re:Nissan" পুনরুদ্ধার পরিকল্পনার লক্ষ্য হলো গাড়ি উন্নয়নের গতি বাড়ানো। এর মাধ্যমে পরবর্তী প্রজন্মের মডেল তৈরির সময়সীমা ৫২ মাস থেকে কমিয়ে ৩৭ মাসে এবং অন্যান্য ভ্যারিয়েন্ট তৈরির সময় ৫০ মাস থেকে কমিয়ে ৩০ মাসে নামিয়ে আনা হবে।
এই বড় পরিবর্তনের পাশাপাশি কোম্পানিটি ব্যাপক খরচ কমানোর পরিকল্পনাও হাতে নিয়েছে। এর আওতায় প্রায় ২০,০০০ কর্মী ছাঁটাই, ৭টি কারখানা ও ২টি ডিজাইন স্টুডিও বন্ধ, বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩৫ লক্ষ ইউনিট থেকে কমিয়ে ২৫ লক্ষ ইউনিটে নামিয়ে আনা এবং ম্যানুফ্যাকচারিং প্ল্যাটফর্মের সংখ্যা ১৩টি থেকে কমিয়ে ৭টিতে নামিয়ে আনা হচ্ছে।
তবে ভবিষ্যতের পণ্য তালিকায় নিসান আবার তার চেনা রূপে ফিরছে। কোম্পানিটির বিখ্যাত ‘Nissan Xterra’ মডেলটি বডি-অন-ফ্রেম SUV হিসেবে আনুষ্ঠানিকভাবে বাজারে ফিরছে, যার প্রাথমিক দাম হতে পারে ৪০,০০০ মার্কিন ডলারের নিচে। নিসান আমেরিকার চেয়ারম্যান ক্রিশ্চিয়ান মিউনিয়ার (Christian Meunier) জানিয়েছেন, গাড়িটি ২০২৮ মডেল বছর হিসেবে বাজারে আসার সম্ভাবনা রয়েছে এবং এতে ভি৬ (V6) গ্যাস ইঞ্জিন ও ভি৬ হাইব্রিড পাওয়ারট্রেন—উভয় সুবিধাই থাকবে।
এছাড়া, জাপানের বাজারের জন্য এই শীতেই নতুন ‘Nissan Skyline’ উন্মোচন করা হবে, যা পরবর্তীতে উত্তর আমেরিকার বাজারে ইনফিনিটির একটি প্রিমিয়াম সংস্করণ হিসেবে আসবে। পাশাপাশি, ২০২৭ মডেল বছর হিসেবে বাজারে আসবে ‘Nissan Rogue Hybrid E-Power’। রেঞ্জ-এক্সটেন্ডিং ইভি (EV) প্রযুক্তির এই গাড়িটিতে একটি ছোট টার্বোচার্জড থ্রি-সিলিন্ডার ইঞ্জিন থাকবে, যা মূলত গাড়ির চাকা চালানো ইলেকট্রিক মোটরগুলোর জন্য বিদ্যুৎ তৈরি করবে।
যেকোনো সাধারণ যাত্রীবাহী গাড়ির গায়েই নিজেদের উচ্চ পারফরম্যান্স ব্র্যান্ড 'Nismo'-র স্টিকার মেরে বিক্রি করার অভ্যাস বাদ দিতে চায় Nissan।