উৎপাদনে যেতে পারে Civic Type R HRC

হয়তো শীঘ্রই আসছে আরও শক্তিশালী ও দ্রুতগতির Honda Civic Type R ।

জাপানি সংবাদমাধ্যম Response-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, Tokyo Auto Salon-এ প্রদর্শিত 'Honda Civic Type R HRC' কনসেপ্ট গাড়িটি ২০২৭ সালের মধ্যে বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমান FL5 Civic Type R-এর একটি ফেসলিফ্ট সংস্করণের ওপর ভিত্তি করে এই ট্র্যাক-ফোকাসড মডেলটি তৈরি করা হতে পারে, যা চলতি বছরের শেষের আগেই উন্মোচন করতে পারে Honda।

Honda-র Formula 1, MotoGP এবং Super GT কার্যক্রম পরিচালনাকারী বিভাগ Honda Racing Corporation (HRC) এই ব্যাজটিকে কেবল সাজসজ্জার প্যাকেজ নয়, বরং রেসিং-গ্রেড পার্টসের প্রতীক হিসেবে উপস্থাপন করতে চায়।

Civic Type R-এর ডেভেলপমেন্ট চিফ Hideki Kakinuma কেবল Nürburgring ট্র্যাকের ল্যাপ রেকর্ড ভাঙার পেছনে না ছুটে সার্বিক পারফরম্যান্সের ভারসাম্যের দিকে প্রকৌশলগত মনোযোগ দিচ্ছেন। গাড়িটির অ্যারোডাইনামিক্স, কুলিং এবং ইঞ্জিন হার্ডওয়্যার নিখুঁত করতে Tokyo Auto Salon-এর কনসেপ্ট গাড়িটিকে জাপানের একটি এনডিউরেন্স রেসিং সিরিজে টেস্ট ভেহিকল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

কনসেপ্ট মডেলে বড় ফ্রন্ট ইনটেক, টুইন এয়ার গাইডস, বর্ধিত ফ্রন্ট লিপ স্পয়লার, বড় রিয়ার উইং এন্ডপ্লেট এবং বড় আকারের রিয়ার ডিফিউজার যুক্ত করা হয়েছে। এছাড়া নিচের গ্রিলের পেছনে একটি HRC-ব্র্যান্ডের রেডিয়েটর এবং Akrapovič এক্সজস্ট সিস্টেমও দেখা গেছে।

মেকানিক্যাল পরিবর্তনের মধ্যে রয়েছে নতুন করে টিউন করা সাসপেনশন, বড় ব্রেক, ফোর্জড হুইল এবং অতিরিক্ত কার্বন ফাইবার উপাদান—যার ফলে স্ট্যান্ডার্ড মডেলের চেয়ে এর ওজন প্রায় ৫০ পাউন্ড কম হতে পারে। গুঞ্জন রয়েছে, Super Taikyu-তে ব্যবহৃত HRC-K20C রেসিং ইঞ্জিনের ছোঁয়া এতে থাকতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ২.০-লিটার টার্বোচার্জড ইনলাইন-ফোর ইঞ্জিনের (যা ৩১৫ হর্সপাওয়ার তৈরি করে) সফটওয়্যার, ইনটেক এবং এক্সজস্টে পরিবর্তন এনে শক্তি বাড়িয়ে প্রায় ৩৩৫ হর্সপাওয়ারে রূপান্তর করার পরিকল্পনা চলছে।

জাপানের বাজারে গাড়িটির সম্ভাব্য দাম ধরা হতে পারে প্রায় ৭০ লাখ ইয়েন বা প্রায় ৪৫,৬০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ লাখ টাকা), যা জাপানের বাজারে থাকা সাধারণ Civic Type R-এর (৬১.৮ লাখ ইয়েন) চেয়ে প্রায় ৫,০০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা) বেশি। সীমিত সংখ্যার একটি 'Halo car' হিসেবে Toyota-র GR এবং Nissan-এর Nismo সাব-ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এটিকে প্রস্তুত করা হচ্ছে। যদিও Honda এখনো এর স্পেসিফিকেশন বা উৎপাদন পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

উল্লেখ্য, বৈদ্যুতিক গাড়ি (EV) নিয়ে নেওয়া কিছু ভুল সিদ্ধান্তের জেরে ৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বড় ক্ষতির মুখে পড়েছিল প্রতিষ্ঠানটি। সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় একটি দ্রুতগতির Type R নিঃসন্দেহে Honda-র ব্যবসায়িক অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা করতে পারে।

Previous
Previous

Volkswagen Group থেকে বিদায় নিল Bugatti

Next
Next

নিলামে উঠছে শেষ MkV Supra