Volkswagen Group থেকে বিদায় নিল Bugatti

প্রায় তিন দশকের সম্পর্কের অবসান ঘটিয়ে অবশেষে Volkswagen Group-এর সঙ্গে সরাসরি সম্পৃক্ততা ত্যাগ করেছে বিশ্ববিখ্যাত সুপারকার ব্র্যান্ড Bugatti।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর গত ৯ সেপ্টেম্বর Bugatti Rimac ও Rimac Group-এ থাকা নিজেদের সমস্ত শেয়ার বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করেছে Porsche। Abu Dhabi-ভিত্তিক BlueFive Capital-সহ HOF Capital-এর নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম Porsche-র শেয়ারগুলো অধিগ্রহণ করেছে।

শেয়ার বিক্রির মাধ্যমে Porsche প্রায় ১ বিলিয়ন ইউরো বা ১.১৬ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪,৫০০ কোটি টাকা) পাবে। এই অর্থের মধ্য থেকে ২৫০ মিলিয়ন ইউরো বা ২৯০.৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,৬৩৩ কোটি ৭৫ লাখ টাকা) বিশেষভাবে কর্মীদের পেনশন তহবিল ব্যবস্থাপনায় ব্যয় করা হবে।

এই বিক্রির ফলে Bugatti-র মালিকানা কাঠামোতে বড় পরিবর্তন এসেছে। । তবে Bugatti Rimac-এর সংখ্যাগরিষ্ঠ অংশীদার হিসেবে থাকছে Rimac Group। একই সঙ্গে Bugatti Rimac-এর সিইও পদে থাকার পাশাপাশি Bugatti Automobiles-এর প্রেসিডেন্টের দায়িত্বও গ্রহণ করেছেন Mate Rimac।

১৯৯৮ সালে Volkswagen Group-এর তৎকালীন সিইও Ferdinand Piëch-এর হাত ধরে এই ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছিল, যিনি Lamborghini ও Bentley-র সঙ্গে Bugatti-র স্বত্বও কিনে নিয়েছিলেন। তাঁর হাত ধরেই যুগান্তকারী ১,০০০ হর্সপাওয়ারের Veyron তৈরি হয়। পরবর্তীতে ২০২১ সালে Porsche এবং Rimac যৌথভাবে 'Bugatti Rimac' প্রতিষ্ঠা করে। এই অংশীদারিত্বের অধীনে Chiron, Mistral এবং V16 হাইব্রিড ইঞ্জিনের Tourbillon-এর মতো গাড়ি বাজারে আসে।

Porsche মূলত নিজেদের মূল ব্যবসায়ে নতুন করে বিনিয়োগ করতেই এই শেয়ার বিক্রি করেছে। জার্মান স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে প্রথম প্রজন্মের Macan-এর উত্তরসূরি, বৈদ্যুতিক Boxster ও Cayman-এর পাশাপাশি সেগুলোর গ্যাসোলিন সংস্করণ ফিরিয়ে আনা, একটি থ্রি-রো SUV এবং নতুন হাইপারকার তৈরির উদ্যোগ।

এদিকে নতুন মালিকানায় গেলেও Bugatti বাণিজ্যিকভাবে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে; প্রতিষ্ঠানটির ফ্রান্সের Molsheim কারখানায় ২০২৯ সাল পর্যন্ত সব গাড়ির উৎপাদন ইতোমধ্যেই সম্পূর্ণ বুকিং হয়ে গেছে।

Previous
Previous

Ferrari Luce-কে আরও বিকট রূপ দিল Vossen

Next
Next

উৎপাদনে যেতে পারে Civic Type R HRC