Veyron-এর ২০ বছর উদযাপন করল Bugatti

আইকনিক সুপারকার Veyron-এর ২০তম বার্ষিকী উপলক্ষে মূল ৪৫০টি মডেলের মধ্যে থেকে একটি গাড়িকে বিশেষভাবে রিস্টোর (পুনর্নির্মাণ) ও কাস্টমাইজ করার মাধ্যমে উদযাপন করেছে বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান Bugatti। গাড়িটির মালিকের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে তাদের নিজস্ব ‘La Maison Pur Sang’ প্রোগামের আওতায় এই কাজ সম্পন্ন করা হয়।

ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ Bugatti মডেলগুলোকে রিস্টোর করা, সংরক্ষণ এবং সার্টিফাই করার লক্ষ্যে ২০২০ সালে ‘La Maison Pur Sang’ প্রোগ্রাম চালু করা হয়। বার্ষিকী উপলক্ষে তৈরি বিশেষ এই সংস্করণের নকশায় Chiron এবং Tourbillon মডেলের সূক্ষ্ম প্রভাব রাখা হলেও, মূল Veyron-এর স্বকীয়তা এবং এর প্রথাগত ড্যাশবোর্ড সম্পূর্ণ বজায় রাখা হয়েছে।

গাড়ির বাহ্যিক পরিবর্তনের ক্ষেত্রে Rouge Rembrandt (যা মূল Tourbillon-এর জন্য তৈরি করা হয়েছিল) এবং Petrol Blue (যা Chiron-এর ঐতিহ্যবাহী শেড)—এই দুটি বিশেষ রঙের সমন্বয়ে ডুয়াল-টোন পেইন্ট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, মূল Machiavelli হুইলের ডিজাইনটি নতুন ও বড় টায়ারের সাথে খাপ খাওয়াতে আকারে কিছুটা বড় করা হয়েছে। ফ্রন্ট, সাইড এবং রিয়ার এয়ার ইনটেকগুলোতে যুক্ত করা হয়েছে নতুন থ্রি-ডি মেশ এলিমেন্ট।

গাড়ির কেবিন ও অভ্যন্তরে Magnola লেদার সিট ব্যবহার করা হয়েছে, যার স্টিয়ারিং হুইল এবং গিয়ার সিলেক্টরে দেখা যাবে Mocassin স্টিচিং। এর সেন্টার কনসোলে ঘড়ি তৈরির শিল্প থেকে অনুপ্রাণিত ‘Côte de Genève’ ফিনিশিং দেওয়া হয়েছে এবং দুটি সিটের মাঝখানে একটি বিশেষ "20 Years of Veyron" এমব্লেম বা প্রতীক বসানো হয়েছে।

তবে সম্পূর্ণ একক ও বিশেষ এই রিস্টোরেশন কাজে কত খরচ হয়েছে, সে সংক্রান্ত কোনো আর্থিক তথ্য প্রকাশ করেনি Bugatti।

Previous
Previous

GR GT লাভজনক নয়: Toyota

Next
Next

৪০ মিলিয়ন ডলারে বিক্রি ফেরা‌রির প্রথম বৈদ্যুতিক গাড়ি