১০১৬ হর্সপাওয়ারের বৈদ্যুতিক ইট আনল Jaguar

ছবিঃ Jaguar

ঐতিহ্য ছুড়ে ফেলে অতি-বিলাসী বাজারে ঢোকার পরিকল্পনার অংশ হিসবে সম্পূর্ণ বৈদ্যুতিক ‘Type 01’ গ্র্যান্ড ট্যুরার উন্মোচন করেছে ব্রিটিশ গাড়ি নির্মাতা Jaguar।

ইট সদৃশ বাহ্যিক কাঠামোর নিচে এই গাড়িতে রয়েছে তিনটি বৈদ্যুতিক মোটর; যার একটি সামনের এক্সেল এবং দুটি পেছনের এক্সেলে বসানো। মোটর তিনটি যৌথভাবে উৎপন্ন করে ১,০১৬ হর্সপাওয়ার এবং ১,০০৭ পাউন্ড-ফুট টর্ক। কাগজে কলমে এটি এই ব্র্যান্ডের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রোড কার।

বিশাল শক্তির বদৌলতে প্রায় তিন টন এই গাড়িটি মাত্র ৩.২ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিমি/ঘণ্টা গতি তুলতে সক্ষম। এর ৫০:৫০ ওজন ভারসাম্য নিশ্চিত করতে ৮৫০-ভোল্ট আর্কিটেকচারের একটি ১১৮.০ kWh ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, যা ইউরোপীয় WLTP মান অনুযায়ী ৪৫০ মাইল পর্যন্ত ড্রাইভ করার সুবিধা দেবে।

গাড়িটির দৈর্ঘ্য ২০৬.৪ ইঞ্চি এবং উচ্চতা ৫৫.২৪ ইঞ্চি—যা একটি আধুনিক Ford Mustang-এর কাছাকাছি। গাড়িটির ভেতরে রয়েছে ১৫.৯ ঘনফুট মালামাল রাখার জায়গা, যা পেছনের সিট ভাঁজ করলে ৩৫.৩ ঘনফুটে উন্নীত হয়।

বেঠপ এই নকশার নিচে রয়েছে সুইচ-অ্যাবল ভলিউম এয়ার স্প্রিংসহ 'Dynamic Air Suspension, তার সাথে যুক্ত করা হয়েছে সামনে ডাবল-উইশবোন ও পেছনে ইন্টিগ্রাল-লিঙ্ক সাসপেনশন। তাপ নিয়ন্ত্রণের প্রয়োজন হলে সামনের গ্রিল নিজে থেকেই খুলে যায়, আর ৯৬.৩ মাইল/ঘণ্টার বেশি গতিতে পেছনে স্পয়লার স্বয়ংক্রিয়ভাবে খুলে এই পাথরের টুকরোকে মাটির সঙ্গে আটকে রাখে। গাড়িটির চিকন হেডলাইট গুলোর উচ্চতা মাত্র ৩.৩১ ইঞ্চি, যাতে প্রতিটি ইউনিটে ২০,০০০ এইচডি এলইডি ব্যবহার করা হয়েছে। সাধারণ বা সবচেয়ে সস্তা মডেলে দেওয়া হবে ২৩ ইঞ্চির অ্যালয় হুইল।

বাড়াবাড়ি রকম লম্বা হবার পরও, অল-হুইল স্টিয়ারিং ব্যবস্থার কারণে বিশাল আকারের গাড়িটির টার্নিং সার্কেল দাঁড়িয়েছে মাত্র ৩৭.৭ ফুট।

বিলাসবহুল গাড়ি হওয়া সত্ত্বেও, গাড়িটির ভেতরে রয়েছে চীনের সস্তা বৈদ্যুতিক গাড়িগুলোর মতো স্ক্রিনের আধিক্য। স্টিয়ারিং হুইলের পেছনে বিশাল ২৪.০ ইঞ্চির ওলেড ডিসপ্লে। পাশাপাশি মিডিয়া ও এয়ার কন্ডিশনিং নিয়ন্ত্রণের জন্য রয়েছে আলাদা ৭.০ ইঞ্চির টাচস্ক্রিন। গাড়ির পেছনের কাচ পুরোপুরি বাদ দেওয়ায় রিয়ারভিউ দেখার জন্য উইন্ডশিল্ডের নিচে ডিজিটাল ‘ClearSight’ মিরর যুক্ত করা হয়েছে। সোজা ভাষায় বললে গাড়ি চালকদের পেছনের দৃশ্য দেখার জন্য সম্পূর্ণ ক্যামেরার উপর নির্ভর করতে হবে।

চালকদের জন্য থাকছে পাঁচটি ড্রাইভিং মোড—Jaguar, Dynamic, Efficient, Ice & Snow এবং Curated।

সুনির্দিষ্ট মুক্তির তারিখের ঘোষণা না আসলেও, Jaguar নিশ্চিত করেছে যে Type 01-এর প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৩০,০০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা)।

তবে Jaguar এই রাস্তা এমন সময় বেছে নিয়েছে যখন Bentley, Porsche এবং Aston Martin-এর মতো পুরনো অতি বিলাসবহুল গাড়ি নির্মাতারা তাদের বৈদ্যুতিক পরিকল্পনা থেকে পিছু হটেছে বা সম্পূর্ণ বাতিল করে দিয়েছে। তারা দাবি করে, খদ্দেররা ইঞ্জিনের গর্জনই বেশি পছন্দ করে।

তাই প্রশ্ন রয়ে যায়, এককালে বিকট গর্জন তোলা V12 আর স্ট্রেইট-সিক্স ইঞ্জিনের জন্য বিশ্বজুড়ে যে ঐতিহ্য গড়ে তুলেছিল Jaguar, নতুন জমানার বৈদ্যুতিক গাড়ির ভরসায় সেই জনপ্রিয়তা তারা ধরে রাখতে পারবে কি না!

Next
Next

গাড়িতে বসে গালিগালাজের সুযোগ করে দিল Mazda