মিনিভ‍্যান ফিরিয়ে আনতে চায় Renault

ছবিঃ Jaguar

স্পোর্টস ইউটিলিটি ভেহিকলের (SUV) দাপটে বাজার থেকে প্রায় হারিয়ে যাওয়া এককালের জনপ্রিয় মিনিভ্যানকে নতুন রূপে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে ফরাসি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Renault।

তাদের সিগনেচার "voiture à vivre" ("জীবনের জন্য গাড়ি") দর্শনকে আধুনিক যুগের উপযোগী করে তুলে ধরার লক্ষ্যে আগামী ১২ অক্টোবর ‘Paris Motor Show 2026’-এ ‘E-Space Concept’-এর বিশ্ব উন্মোচনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমান ষষ্ঠ প্রজন্মের Espace মডেলটি তার মিনিভ্যান ঐতিহ্য থেকে সরে গিয়ে উঁচু রাইড হাইট ও প্রটেক্টিভ বডি ক্ল্যাডিং সহ পুরোপুরি একটি এসইউভিতে রূপ নিয়েছে। তাই নতুন এই E-Space Concept-এর মাধ্যমে ১৯৮৪ সালের সেই মূল মডেলের নকশাকে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনা হচ্ছে, যা একসময় ইউরোপে প্রথম এমপিভি (মাল্টি-পারপাস ভেহিকল) সেগমেন্টের সূচনা করেছিল।

Matra-র সাথে যৌথভাবে তৈরি করা সেই এমপিভিটি গাড়ির অভ্যন্তরীণ বিন্যাসে যুগান্তকারী পরিবর্তন এনেছিল। ভেতরের ছিল সাতটি আসন, পেছনের সিট সম্পূর্ণ সরিয়ে নেওয়ার সুবিধা এবং ঘোরানো যায় এমন সামনের আসনসহ অনেক নতুন ফিচার।

ফ্রান্সের বাজারে বিক্রির প্রথম মাসে মাত্র ৯টি ইউনিট বিক্রি হওয়ায় শুরুতে বড় হোঁচট খেলেও পরবর্তী বছরগুলোতে এর লক্ষাধিক ইউনিট বিক্রি হয়েছিল।

সেই মূল মডেলের অনুপ্রেরণায় তৈরি নতুন কনসেপ্টটিতে রাখা হয়েছে একটি বক্সি সিলুয়েট, শর্ট বডি ওভারহ্যাংস, রেট্রো-ফিউচারিস্টিক ফ্রন্ট গ্রিল, লাইট-আপ ব্যাজ, বিশাল চাকা, সাইড-মিরর ক্যামেরা এবং দরজার হ্যান্ডেলের সাথে সমন্বিত অ্যারোডাইনামিক উইংলেট।

৪.৭ মিটার (১৮৫ ইঞ্চি) দৈর্ঘ্যের এই গাড়িটির আকার বর্তমানে উৎপাদনে থাকা পেট্রোল চালিত Espace SUV-র সমান হলেও, এর নামের শুরুর "E" অক্ষরটি ইঙ্গিত দেয় গাড়িটিতে পুরোপুরি বৈদ্যুতিক ড্রাইভট্রেন ব্যবহার করা হচ্ছে।

সম্প্রতি Twingo-র মতো রেট্রো নকশার আধুনিক বৈদ্যুতিক রূপান্তর এনে বেশ সফলতা পেয়েছে Renault, তবে মিনিভ্যান সেগমেন্টকে আবার ফিরিয়ে আনার এই চেষ্টা তাদের জন্য কতটুকু লাভজনক হবে তা দেখার বিষয়।

Previous
Previous

বিক্রি বাড়ছে Mercedes-এর বৈদ্যুতিক গাড়ির

Next
Next

১০১৬ হর্সপাওয়ারের বৈদ্যুতিক ইট আনল Jaguar