বাজারে আসছে Subaru-র দুটি বিশেষ গাড়ি

ছবিঃ Subaru

তবে প্যাঁচটা হলো—এগুলো কেবল একটি দেশের জন্যই বরাদ্দ।

United States-এর বাজারে দুটি ঘরোয়া মাইলফলক উদ্‌যাপন করছে Subaru of America। ২০০২ সালে দেশটিতে টার্বোচার্জড WRX আসার ২৫ বছর এবং রিয়ার-ড্রাইভ BRZ লাইনআপে যুক্ত হওয়ার ১৫ বছর পূর্তি হচ্ছে ২০২৭ সালে। এই উপলক্ষ‍্যকে স্মরণীয় করে রাখতে দুটি সীমিত সংস্করণের ট্রিবিউট এডিশন এনেছে তারা, যেগুলোর নাম রাখা হয়েছে তাদের মূল অভ্যন্তরীণ চ্যাসিস কোড ও বর্ষপূর্তির সংখ্যা মিলিয়ে: WRX GD25 এবং BRZ ZC15।

উভয় রিলিজের প্রেক্ষাপট তুলে ধরে Subaru-র কার লাইন প্ল্যানিং ম্যানেজার William Stokes জানান, এই গাড়ি দুটি মূলত তাদের দীর্ঘদিনের মোটরস্পোর্টস ঐতিহ্য এবং ড্রাইভিংয়ের নিখুঁত অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে।

র‍্যালি ঐতিহ্যের অনুকরণে তৈরি 2027 Subaru WRX GD25 মডেলটি সাজানো হয়েছে আইকনিক World Rally Blue রঙে। ১৯ ইঞ্চির সোনালি রঙের অ্যালয় হুইল, Bridgestone Potenza S007 হাই-পারফরম্যান্স টায়ার এবং সোনালি ক্যালিপারযুক্ত আপগ্রেডেড Brembo ব্রেকিং সিস্টেম গাড়িটিতে নজরকাড়া লুক এনে দিয়েছে। এর পেছনের ডেকে বসানো হয়েছে Travis Pastrana-র ARA চ্যাম্পিয়নশিপজয়ী WRX ARA25L র‍্যালি কার থেকে সরাসরি নেওয়া দানবীয় STI কার্বন-ফাইবার সোয়ান-নেক উইং।

ট্র্যাকের কথা মাথায় রেখে স্টিফার স্প্রিংস, রিক্যালিব্রেটেড ড্যাম্পার ও আন্ডার-হুড ফ্লেক্সিবল স্ট্রাট টাওয়ার ব্রেস দিয়ে হ্যান্ডলিং কিছুটা ধারাল করা হলেও পাওয়ার আউটপুটে হাত দেওয়া হয়নি। সেই চেনা ২.৪-লিটার টার্বোচার্জড বক্সার ফোর-সিলিন্ডার ইঞ্জিনই রয়েছে এতে, যা আগের মতোই ২৭১ হর্সপাওয়ার দেয় এবং এর সাথে রয়েছে STI শর্ট শিফটারযুক্ত সিক্স-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। কেবিনে দেওয়া হয়েছে কালো Ultrasuede আর লাল স্টিচিংয়ের Recaro বাকেট সিট।

একই নস্টালজিক ফর্মুলায় তৈরি 2027 Subaru BRZ ZC15 কুপে গাড়িটি সাজানো হয়েছে প্রথম প্রজন্মের Ceramic White রঙে, যার পাশে রয়েছে হালকা ব্রোঞ্জ সাইড ডেকাল এবং কালো ডেক্লিড স্পয়লার। 2020 BRZ tS মডেলের আদলে এতে দেওয়া হয়েছে ম্যাট ব্রোঞ্জ হুইল এবং লাল ব্রেক ক্যালিপার, আর ফ্রন্ট চ্যাসিসের দৃঢ়তা বাড়ানোর জন্য হুডের নিচে আছে ফ্লেক্সিবল V-বার।

তবে WRX ARA25L-এর মতো এর পাওয়ারট্রেনেও কোনো পারফরম্যান্স আপগ্রেড জোটেনি; সাধারণ ২.৪-লিটার বক্সার ইঞ্জিনটি কোনো রকম টিউনিং ছাড়াই সেই আগের ২২৮ হর্সপাওয়ার সরবরাহ করে, তবে তার সাথে জুড়ে দেওয়া হয়েছে একটি সিক্স-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।

BRZ ZC15 মডেলটি সীমিত রাখা হয়েছে মাত্র ৩০০ ইউনিটে, যা ২০২৭ সালের শুরুর দিকে শোরুমে আসবে। আর WRX GD25 বানানো হবে মাত্র ৩৫০ ইউনিট, যার সরবরাহ শুরু হবে ২০২৭ সালের গ্রীষ্মে। দুটি বিশেষ মডেলেরই আনুষ্ঠানিক দাম বাজারে ছাড়ার কাছাকাছি সময়ে প্রকাশ করা হবে।

Previous
Previous

জার্মানিতে কারখানা বন্ধের ঝুঁকিতে Mercedes

Next
Next

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রত্যাখ্যান করল Bentley