বাংলাদেশেই হাইব্রিড গাড়ি বানাবে Toyota
ছবিঃ Toyota
গত বছরই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর এবার বড় ধরনের বিনিয়োগের ইঙ্গিত দিল জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Toyota।
বাংলাদেশকে কেন্দ্র করে নিজেদের ‘With Bangladesh, For Bangladesh." স্লোগান নিয়ে ‘Toyota Tsusho Corporation’ দেশে হাইব্রিড ইলেকট্রিক গাড়ি (HEV) সংক্রান্ত কারখানা গড়ে তোলার ঘোষণা দিয়েছে। এটি বাস্তবায়ন করা গেলে তা দেশের অটোমোবাইল খাতের জন্য একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। ২০২৭ সালে কারখানাটির নির্মাণকাজের পরিকল্পনা করা হয়েছে এবং ২০২৯ সালের মধ্যে এখান থেকে পূর্ণাঙ্গ গাড়ি সংযোজন ও উৎপাদনে যাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং Toyota Tsusho Corporation-এর ভাইস চেয়ারম্যান Ichiro Kashitani
গত ৬ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত উচ্চপর্যায়ের এক বৈঠকে প্রথমবারের মত এই প্রস্তাব প্রকাশ্যে আনা হয়। Toyota Tsusho Corporation-এর ভাইস চেয়ারম্যান Ichiro Kashitani-র নেতৃত্বে প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করে কারখানার কৌশলগত পরিকল্পনা তুলে ধরেন। দেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তৈরি হতে যাওয়া এই কারখানার মাধ্যমে কারিগরি কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ জনবল তৈরির বড় সুযোগ আসবে বলে মনে করা হচ্ছে।
কারখানা চালুর পাশাপাশি স্থানীয় তরুণদের গাড়ি শিল্পে পারদর্শী করে গড়ে তুলতে বিশেষ পদ্ধতিগত ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর আগ্রহ প্রকাশ করেছে Toyota। একই সাথে পুরো দেশে গাড়ি বিক্রয় এবং বিক্রয়োত্তর সেবার পরিধি বাড়াতে সকল বিভাগীয় শহরে নিজেদের বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগও তাদের রয়েছে। সরকারের পক্ষ থেকে Toyota কে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়, পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো খাতে বিনিয়োগে উৎসাহিত করা হয়।
বাংলাদেশে আমদানি করা reconditioned গাড়ির ওপর ভর করে Toyota-র বিপুল জনপ্রিয়তা থাকলেও সরাসরি ব্র্যান্ড হিসেবে তারা এতদিন অনুপস্থিত ছিল। দীর্ঘ কয়েক দশক Navana-র মাধ্যমে সীমিত উপস্থিতি থাকলেও, এবার কোনো তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই প্রত্যক্ষভাবে বাজারে প্রবেশ করেছে Toyota। এবং বাংলাদেশে কোনো আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারকের কারখানা স্থাপনের পরিকল্পনাও এটাই প্রথম। সুতরাং Toyota কেবল গাড়ি বিক্রি করার চেষ্টা করছে না, বরং একটি স্থায়ী শিল্প ভিত্তি গড়ে তোলার ইঙ্গিত দিচ্ছে।
গত বছরই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর এবার বড় ধরনের বিনিয়োগের ইঙ্গিত দিল জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Toyota।