মাত্র ৯ মিনিটেই চার্জ হবে BYD-এর নতুন Atto 8
ছবিঃ BYD
BYD-এর নতুন Atto 8 মাত্র ৯ মিনিটে ৯৭ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে বলে দাবি করা হচ্ছে। তবে এর জন্য লাগবে উপযুক্ত চার্জার।
গত ১২ অক্টোবর Paris Motor Show-তে BYD উন্মোচন করেছে Atto 8, তাদের ফ্ল্যাগশিপ সাত আসনের বৈদ্যুতিক SUV। ইউরোপকে লক্ষ্য করে তৈরি এটিই কোম্পানির সবচেয়ে বড় ও দামি SUV। বাজারে Skoda Peaq-সহ বড় আকারের তিন সারির আসনবিশিষ্ট পারিবারিক গাড়িগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে এটি।
Atto 8-এর দৈর্ঘ্য ১৯৮.৪ ইঞ্চি, প্রস্থ ৭৮.৬ ইঞ্চি এবং উচ্চতা ৬৯.৩ ইঞ্চি। অর্থাৎ, আকারে এটি বেশ বড়সড় একটি গাড়ি। কেবিনে রয়েছে ২৫.৭ বর্গফুটের প্যানোরামিক কাচের ছাদ এবং ১৫.৬ ইঞ্চির কেন্দ্রীয় টাচস্ক্রিন। এতে সাতজন বসতে পারবেন, যদিও তৃতীয় সারির আসনগুলো শিশুদের জন্য কিংবা অল্প দূরত্বের যাত্রায় বেশি উপযোগী।
BYD-এর Executive Vice President Stella Li Atto 8-কে বুদ্ধিমত্তাকে বাস্তবে রূপ দেওয়ার “একটি নিখুঁত উদাহরণ” হিসেবে বর্ণনা করেছেন।
SUV-টিতে ব্যবহৃত হয়েছে BYD-এর দ্বিতীয় প্রজন্মের Blade ব্যাটারি, যার ধারণক্ষমতা ১১৫ kWh। ক্রেতারা দুটি সংস্করণের মধ্যে বেছে নিতে পারবেন। রিয়ার-হুইল ড্রাইভ Design নামক সংস্করণটি ৪৫৫ hp শক্তি উৎপন্ন করে এবং প্রায় ৫.৮ সেকেন্ডে ঘণ্টায় ০ থেকে ৬২ মাইল গতিতে পৌঁছাতে পারে। এর দাবি করা WLTP রেঞ্জ ৪০৫ মাইল।
অল-হুইল ড্রাইভ Excellence নামক সংস্করণটিতে রয়েছে দুটি ইলেকট্রিক মোটর, যা সম্মিলিতভাবে ৭৬৪ hp শক্তি এবং ৫৭১ lb-ft টর্ক উৎপন্ন করে। এটি ৪.৬ সেকেন্ডে ঘণ্টায় ৬২ মাইল গতিতে পৌঁছাতে পারে। তবে বাড়তি শক্তির বিনিময়ে এর দাবি করা WLTP রেঞ্জ কমে ৩৭৪ মাইলে নেমে এসেছে।
তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো BYD-এর Flash Charging প্রযুক্তি। তাদের দাবি অনুযায়ী,এই প্রযুক্তিতে Atto 8 মাত্র পাঁচ মিনিটে ১০ থেকে ৭০ শতাংশ চার্জ হতে পারে। আর মোট নয় মিনিটেই ব্যাটারির চার্জ ৯৭ শতাংশে পৌঁছে যাবে।
Li এইপ্রযুক্তিকে “ইলেকট্রিক গাড়ির জন্য সেই যুগান্তকারী সাফল্য, যার জন্য সবাই অপেক্ষা করছিল” বলে অভিহিত করেছেন। এর চার্জের গতির সঙ্গে তিনি পেট্রোলচালিত গাড়িতে জ্বালানি ভরার গতির তুলনাও করেছেন।
যদিও এই চার্জিং গতির একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। এই চার্জের গতি পেতে হলে ব্যবহার করতে হবে BYD-এর নিজস্ব Flash চার্জার, যেগুলো সর্বোচ্চ ১,৫০০ kW শক্তিতে চার্জ দিতে পারে। পাশাপাশি প্রয়োজন হবে দ্বিতীয় প্রজন্মের Blade ব্যাটারি। Atto 8-কে অন্য প্রতিষ্ঠানের ফাস্ট চার্জারে সংযুক্ত করলে চার্জের গতি নির্ভর করবে সেই চার্জিং স্টেশনের সর্বোচ্চ আউটপুটের ওপর। অর্থাৎ, যেকোনো পাবলিক চার্জারেই নয় মিনিটে চার্জ করার সুবিধা পাওয়া যাবে না।
ঠান্ডা আবহাওয়াও চার্জের গতিতে প্রভাব ফেলে। তবে BYD-এর দাবি করা পারফরম্যান্স সেখানেও বেশ চমকপ্রদ। তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস ২২ ডিগ্রি ফারেনহাইট হলেও ১০ থেকে ৯৭ শতাংশ চার্জ হতে নয় মিনিটের বদলে লাগবে ১২ মিনিট।
তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই প্রযুক্তির উপযোগী চার্জিং অবকাঠামো তৈরি করা। BYD-এর পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ ইউরোপজুড়ে ৩,০০০টি Flash Charging স্টেশন স্থাপন করা হবে। আর ইউরোপের শোরুমগুলোতে Atto 8-এর বিক্রি শুরু হওয়ার কথা ২০২৭ সালের প্রথম প্রান্তিকে।
BYD যদি বড় পরিসরে এই চার্জিং নেটওয়ার্ক গড়ে তুলতে পারে, তাহলে ইলেকট্রিক গাড়ি নিয়ে প্রচলিত বিতর্কের চেহারা অনেকটাই বদলে যাবে। দীর্ঘ সময় চার্জের জন্য অপেক্ষা করা এবং ফাস্ট চার্জার সহজে না পাওয়া—এই দুটি কারণেই অনেক ক্রেতা এখনও পেট্রোল বা ডিজেলচালিত গাড়ি পছন্দ করেন। চার্জের এই অপেক্ষা যদি মোটামুটি এক কাপ কফি কেনার সময়ের মধ্যে সীমিত করা যায়, তাহলে জ্বালানি চালিত ইঞ্জিনের অন্যতম বড় ব্যবহারিক সুবিধা বিলীন হয়ে যাবে।
ইউরোপের প্রতিষ্ঠিত গাড়ি নির্মাতাদের জন্য এখন সময়টা খুব একটা সুবিধের নয়। প্রতিযোগিতামূলক দাম, দ্রুত নতুন মডেল তৈরি এবং ক্রমগত উন্নত ব্যাটারি প্রযুক্তি নিয়ে চীনা নির্মাতারা এমনিতেই তাদের ওপর চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে BYD যদি নির্ভরযোগ্য ও বিস্তৃত আল্ট্রা-ফাস্ট চার্জিং নেটওয়ার্কও যুক্ত করতে পারে, তাহলে ইউরোপীয় ব্র্যান্ডগুলোকে আরও একটি বড় সমস্যার সমাধান করতে হবে।
তবে ৩,০০০টি চার্জিং স্টেশন স্থাপনের ঘোষণা দেওয়া আর পুরো মহাদেশজুড়ে চালকদের জন্য সেগুলোকে সহজলভ্য ও সুবিধাজনক করে তোলা এক বিষয় নয়। বিপুল পরিমাণ স্থাপনের খরচ, নেটওয়ার্কের বিস্তৃতি এবং বাস্তব পরিস্থিতিতে এর প্রকৃত চার্জিং গতি—সবকিছুই এই প্রযুক্তির সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্বাধীন পরীক্ষা-নিরীক্ষার ফলাফল এবং সাধারণ ক্রেতাদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই কেবল Atto 8-এর এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হবে।
এদিকে BYD কোন দিকে এগোচ্ছে, তা স্পষ্ট। ইউরোপের ক্রেতাদের কাছে আরেকটি ইলেকট্রিক SUV বিক্রি করাই প্রতিষ্ঠানটির একমাত্র লক্ষ্য নয়। বরং জ্বালানী ইঞ্জিন ব্যবহার করার পক্ষে সবচেয়ে জোরালো যুক্তিগুলোর একটি দূর করতে চাইছে তারা।
পরিশেষে BYD যদি নয় মিনিটে চার্জ করার এই সুবিধা ব্যাপকভাবে চালকদের কাছে পৌঁছে দিতে পারে, তাহলে চীনা ইলেকট্রিক গাড়ির সঙ্গে প্রতিযোগিতা ইউরোপের গাড়িশিল্পের জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে।
BYD-এর নতুন Atto 8 মাত্র ৯ মিনিটে ৯৭ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে বলে দাবি করা হচ্ছে। তবে এর জন্য লাগবে উপযুক্ত চার্জার।