ফেরত যাচ্ছে প্রায় ৯ হাজার Omoda 5

ছবিঃ Omoda

গত সপ্তাহে Malaysia-তে একটি Omoda 5 চলন্ত অবস্থায় পেছনের চাকা বিছিন্ন হয়ে গিয়েছিল। তাই এবার গাড়িগুলো ফেরত নিচ্ছে Chery।

গত ১১ অক্টোবর Chery Malaysia জানিয়েছে, পেছনের অ্যাক্সেল অ্যাসেম্বলির শক্তি নিয়ে উদ্বেগের কারণে ৮,৮৭৮টি Omoda 5 ফিরিয়ে নেওয়া (রিকল করা) হবে। আন্তর্জাতিক বাজারে গাড়িটি C5 এবং O5 নামেও পরিচিত। Malaysia-তে পেছনের অ্যাক্সেল খুলে যাওয়ার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এই সংস্করণের এটি দ্বিতীয় রিকল। এর আগে ২০২৪ সালে একই ধরনের সমস্যায় ৬০০টি গাড়ি ফিরিয়ে নেওয়া হয়েছিল।

সর্বশেষ রিকলের আওতায় রয়েছে ২০২৩ মডেল-ইয়ারের Omoda 5-এর C এবং H ভ্যারিয়েন্ট। Malaysia-তে এই ভ্যারিয়েন্টের বিক্রি ২০২৫ সালে বন্ধ করা হয়েছিল। তবে রিকল বিজ্ঞপ্তিতে আক্রান্ত গাড়িগুলোর উৎপাদনের সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।

গত ৮ অক্টোবরের একটি ঘটনার পর এই ঘোষণা আসে। CarNewsChina জানিয়েছিল, Malaysia-র Johor Bahru-তে চলার সময় ২০২৩ সালের একটি Omoda 5-এর পেছনের অ্যাক্সেল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পেছনের সাসপেনশন অ্যাসেম্বলি চ্যাসিস থেকে ছিটকে যাওয়ায় পর গাড়িটি রাস্তায় আছড়ে পড়ে। সৌভাগ্যক্রমে, এ ঘটনায় কেউ আহত হননি।

ছবিঃ Panggil Aku Naz

প্রাথমিক খবর প্রকাশের পর Chery কোনো রিকলের ঘোষণা দেয়নি। তবে তিন দিন পর Malaysia-র Road Transport Department-এর সঙ্গে তদন্ত চালিয়ে প্রতিষ্ঠানটি রিকল নিশ্চিত করে। তদন্তে দেখা যায়, পেছনের অ্যাক্সেলের ট্রেইলিং আর্মের নির্দিষ্ট কিছু ওয়েল্ডিং পয়েন্ট যথেষ্ট শক্তিশালী ছিল না। ফলে “চরম পরিস্থিতিতে” সেগুলো ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল।

Malaysia-র Road Transport Department Omoda 5-এর Vehicle Type Approval-ও স্থগিত করেছে। কারিগরি তদন্ত চলাকালে নতুন গাড়ির নিবন্ধন সাময়িকভাবে সীমিত থাকবে। এটি সাধারণ রিকলের চেয়ে গুরুতর পদক্ষেপ, কারণ এর ফলে দেশটিতে মডেলটির নতুন গাড়ি নিবন্ধন করার সুযোগও বন্ধ হয়ে গেছে।

Chery জানিয়েছে, প্রশ্নবিদ্ধ পেছনের অ্যাক্সেলের নকশাটি এখন আর ব্যবহার করা হচ্ছে না। পাশাপাশি, অন্যান্য আন্তর্জাতিক বাজারে ২০২৩ সালে তৈরি Omoda 5 গাড়িগুলোতেও একই ধরনের পরীক্ষা শুরু করেছে প্রতিষ্ঠানটি। ডিলাররা আক্রান্ত গাড়ি পরীক্ষা করবেন এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট যন্ত্রাংশ বিনামূল্যে বদলে দেবেন।

Malaysia-তে Omoda 5-এর দাম ছিল ১ লাখ ৮ হাজার ৪০০ থেকে ১ লাখ ১৮ হাজার ৪০০ ringgit, যা  বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ ১৯ হাজার থেকে ৩৬ লাখ ২৬ হাজার টাকা। কমপ্যাক্ট SUV-টির দৈর্ঘ্য ৪,৪০০ মিমি, প্রস্থ ১,৮৩০ মিমি এবং উচ্চতা ১,৫৮৮ মিমি। এতে রয়েছে ১.৫-লিটারের পেট্রোল ইঞ্জিন, যা ১৫৪ hp শক্তি এবং ২৩০ Nm টর্ক উৎপন্ন করে। CVT গিয়ারবক্সের মাধ্যমে সেই শক্তি সামনের চাকায় পৌঁছায়।

উল্লেখ্য, Malaysia-তে Omoda 5 বিক্রির সময় ১০ বছর অথবা ১০ লাখ কিলোমিটারের ওয়ারেন্টির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কাগজে-কলমে এটি বেশ আকর্ষণীয়।  কিন্তু গাড়ির সাসপেনশন যদি কোনো ঘোষনা ছাড়াই গাড়ি থেকে চলন্ত অবস্থায় লাল সালাম দেয়, তাহলে এই দীর্ঘ ওয়ারেন্টির ব্যবহারযোগ্যতা প্রশ্নসাপেক্ষ।

তবে মনে রাখা ভাল এই রিকল সিদ্ধান্তের মানে এই নয় যে প্রতিটি Omoda 5 ত্রুটিপূর্ণ, কিংবা অন্য দেশে বিক্রি হওয়া সব গাড়িই আক্রান্ত। Chery জানিয়েছে, অন্যান্য বাজারে ২০২৩ সালে তৈরি গাড়িগুলোও পরীক্ষা করা হচ্ছে। সেই পরীক্ষার ফলাফল গুরুত্বপূর্ণ হবে।

তবু পেছনের অ্যাক্সেল নিয়ে দ্বিতীয়বার রিকল এবং পূর্বেএকই ধরনের আরেকটি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা—নতুন একটি গাড়ির ব্র্যান্ডের জন্য এমন খবর মোটেও কাম্য নয়। পদক্ষেপ নেওয়াটা প্রথম ধাপ, কিন্তু সমস্যাটি সঠিকভাবে সনাক্ত করে স্থায়ী সমাধান করা হয়েছে, সেটাও এখন প্রতিষ্ঠানটিকে প্রমাণ করতে হবে।

Previous
Previous

মাত্র ৯ মিনিটেই চার্জ হবে BYD-এর নতুন Atto 8

Next
Next

চীনা হাইব্রিড আমদানিতে লাগাম টানল ইউরোপ