Alpine A310 Visionঃ আশির দশকের জয়
ছবিঃ Alpine
ইউরোপের গাড়ি নির্মাতারা যেন নিজেদের গৌরবময় অতীতকে আধুনিক প্রযুক্তি আর বৈদ্যুতিক মোড়কে ফিরিয়ে আনতে চেষ্টা করছেন । Citroën ফিরিয়ে এনেছে তাদের সহজলভ্য 2CV, Renault নতুন করে কল্পনা করেছে 8 Gordini-কে, আর এবার সেই পথে Alpine নিয়ে এসেছে A310 Vision। লক্ষ্য হলো বিগত দিনের ধারালো নকশার সঙ্গে বৈদ্যুতিক গতি মিলিয়ে দেওয়া।
সত্যি বলতে, দেখতে বেশ চমৎকার হয়েছে।
২০২৬ সালের Paris Motor Show-তে উন্মোচিত A310 Vision ১৯৭১ সালে আত্মপ্রকাশ করা আসল Alpine A310-এর আধুনিক কল্পরূপ। এর পাশাপাশি এই কনসেপ্টটি আসল A310-এর আত্মপ্রকাশের ৫৫ বছর এবং V6 সংস্করণ বাজারে আসার ৫০ বছর উদযাপন করছে।
নকশায় আশির দশকের কৌণিক সৌন্দর্যের চূড়ান্ত প্রকাশ ঘটেছে। নিচু, চওড়া ও আঁটসাট A310 Vision দেখে মনে হয় ডিজাইনাররা প্রতিটি রেখা রুলার ব্যবহার করে এঁকেছেন। গাড়িটির দৈর্ঘ্য ৪.৫৫ মিটার, প্রস্থ ২.০৩ মিটার এবং উচ্চতা মাত্র ১.১৮ মিটার। দুই চাকার মাঝখানে ব্যবধান মাত্র ২.৪৫ মিটার। এই অনুপাত গাড়িটিকে মাটি আঁকড়ে রাখার এক চৌকস চেহারা দিয়েছে, যা আরেকটি বিশাল পারফরম্যান্স SUV-র টালমাটাল চেহারা থেকে একেবারে আলাদা।
কনসেপ্টটি বানাতে Alpine আসল A310-এর দুই প্রজন্ম থেকেই অনুপ্রেরণা নিয়েছে। শুরুর চার-সিলিন্ডার মডেলের ছোঁয়া মিলেছে এর ছিমছাম ও সুন্দর নকশায়, আর পরবর্তী V6 সংস্করণ থেকে এসেছে পেছনের চওড়া ও পেশিবহুল আকৃতি। ফলাফল এমন একটি রেট্রো-ফিউচারিস্টিক রূপ, যা মূল গাড়িটির প্রতি শ্রদ্ধা রেখেছে, কিন্তু হুবহু নকল করেনি।
গাড়িটির ওপরের অংশ তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। নিচের কালো অংশে রয়েছে Formula 1 থেকে অনুপ্রাণিত মসৃণ, বাঁকানো ও প্রাকৃতিক অবয়বের অ্যারোডাইনামিক পৃষ্ঠ। চাকার নকশায় ফুটে উঠেছে Alpine-এর নিজস্ব তীরের আকৃতির ডিজাইন শৈলী। অন্যদিকে, আধা-স্বচ্ছ কেবিন কনসেপ্টটিকে দিয়েছে অত্যাধুনিক ছোঁয়া।সাথে আছে বৈচিত্র্যময় কিছু উপাদানও। গাড়ি চালু করলে হেডলাইটগুলো বাম্পারের নিচ থেকে বেরিয়ে আসে, যা পুরো ব্যাপারটিতে যোগ করে যান্ত্রিক নাটকীয়তা বনেটের ওপর S-আকৃতির খাঁজটি রেসিংয়ের অ্যারোডাইনামিক নকশার কথা মনে করিয়ে দেয়। অন্যদিকে, গাড়ির মাঝ বরাবর চলা একটি কেন্দ্রীয় ব্লেড দৃষ্টি টেনে নিয়ে যায় পেছনের দিকে। পেছনের উইংটি দুই ভাগে বিভক্ত এবং স্বচ্ছ উপকরণে তৈরি, যার ঠিক নিচেই রয়েছে ব্লেডের মতো দেখতে টেইললাইট।
কেবিনেও এই নকশার ধারা বজায় রয়েছে। আধা-স্বচ্ছ বডিওয়ার্কের ভেতর দিয়ে মানবদেহের আকারের সাথে মানানসই আরামদায়ক আসন ও উজ্জ্বল রঙের সমন্বয় দেখা যায়। ককপিটের বোতাম এবং কন্ট্রোলগুলো ডিজাইন করা হয়েছে প্রিমিয়াম অডিও সরঞ্জামের আদলে। বর্তমান যুগের বৈদ্যুতিক কনসেপ্ট গাড়িগুলোতে সবকিছু টাচস্ক্রিন মেনুতে বন্দি করার যে প্রবণতা রয়েছে, Alpine সেই প্রলোভন এড়িয়ে এখানে বাস্তব ও স্পর্শযোগ্য নিয়ন্ত্রণব্যবস্থা রাখার যে সিদ্ধান্ত নিয়েছে—তা সত্যিই প্রশংসনীয়।
যদিও সকল ভালো খবরের ইতি এখানেই। Alpine জানিয়েছে, A310 Vision শুধু একটি স্বতন্ত্র নকশা গবেষণা, ভবিষ্যতের কোনো উৎপাদন মডেলের পূর্বাভাস নয়। Renault-এর 8 Gordini-অনুপ্রাণিত কনসেপ্টের মতো এই গাড়ি কখনই বাজারে আসবে না। অন্য কথায়, এই চমৎকার গাড়িটি একটিমাত্র নমুনা হিসেবেই থেকে যাবে। সত্যিই দুঃখজনক।
তবে Alpine-ভক্তদের তাক লাগিয়ে দেওয়ার বাইরেও এই কনসেপ্টের একটি উদ্দেশ্য রয়েছে। এই গাড়ীটি নতুন Alpine Performance Platform বা APP-এর ওপর তৈরী। এই স্থাপত্য ভবিষ্যতের বৈদ্যুতিক স্পোর্টস কারগুলোর জন্য তৈরি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পরবর্তী প্রজন্মের A110-এ এই প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে।
A310 Vision-এর পাওয়ারট্রেন বা পারফরম্যান্সের কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি Alpine। নকশাবিষয়ক গবেষণার ক্ষেত্রে বিষয়টি যৌক্তিক। তারপরও তারা যদি কখনও এটি উৎপাদনের সিদ্ধান্ত নেয়, তাহলে বাস্তব সংস্করণটি কী ধরনের পারফরম্যান্স দিতে পারে, তা নিয়ে কৌতূহল থেকেই যায়।
আপাতত A310 Vision দেখিয়ে দিচ্ছে, বৈদ্যুতিক ভবিষ্যতে Alpine কী করতে পারে। সমস্যা হল, ইউরোপ নিজেদের গাড়িশিল্পের সোনালি অতীত নতুন করে আবিষ্কার করার পথে যদি শুধু নমুনা দেখিয়েই লাগাম টানে তাহলে গৌরবময় দিন ফিরিয়ে আনার খুব একটা অর্থ থাকে না।
ইউরোপের গাড়ি নির্মাতারা যেন নিজেদের গৌরবময় অতীতকে আধুনিক প্রযুক্তি আর বৈদ্যুতিক মোড়কে ফিরিয়ে আনতে চেষ্টা করছেন । Citroën ফিরিয়ে এনেছে তাদের সহজলভ্য 2CV, Renault নতুন করে কল্পনা করেছে 8 Gordini-কে, আর এবার সেই পথে Alpine নিয়ে এসেছে A310 Vision। লক্ষ্য হলো বিগত দিনের ধারালো নকশার সঙ্গে বৈদ্যুতিক গতি মিলিয়ে দেওয়া।
সত্যি বলতে, দেখতে বেশ চমৎকার হয়েছে।