Porsche 944 Shooting Brake উন্মোচন

ছবিঃ CarPoint

জার্মানির অটো কাস্টমাইজেশন হাউস CarPoint ক্লাসিক Porsche 944-এর ওপর ভিত্তি করে তৈরি এক্সক্লুসিভ ও সীমিত সংস্করণের শুটিং ব্রেক রূপান্তর 'GT-K44' উন্মোচন করেছে।

এই প্রকল্পটি মূলত ৮০-এর দশকের শুরুর দিকের বিখ্যাত কার-বিল্ডার Günter Artz-এর তৈরি 'Artz 924 Turbo Kombi'-র নকশা অনুসরণ করে হাতে নেওয়া হয়েছে। সে সময় Artz মাত্র ২০টির মতো এমন গাড়ি বানিয়েছিলেন, যার একটির মালিক ছিলেন CarPoint-এর প্রতিষ্ঠাতা Andreas Freund। Michael Söhngen ও Freund-এর যৌথ ডিজাইনে তৈরি নতুন এই GT-K44 হলো সেই মূল Artz সংস্করনের প্রতি অত্যন্ত নিখুঁত ও আধুনিক এক শ্রদ্ধার্ঘ্য।

এই বিশেষ রূপান্তরের বেস মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে ১৯৯১ সালের Porsche 944 S2। এতে রয়েছে ৩.০ লিটারের ৪-সিলিন্ডার ইনলাইন ইঞ্জিন, যা ২১১ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। গাড়িটির ভেতরে রয়েছে ক্লাসিক Pascha-প্যাটার্নের ইন্টেরিয়র এবং বাইরের অংশে রয়েছে নজরকাড়া ডিপ Oak Green পেইন্ট। নতুন এই সংস্করণটি তৈরি করতে গ্রাহকদের নিজেদের Porsche 944 সরবরাহ করতে হবে অথবা CarPoint-কে দিয়ে সংস্থানের ব্যবস্থা করাতে হবে। এক্ষেত্রে প্রাকৃতিক ইঞ্জিনের 944 S2 কিংবা ২২০ থেকে ২৫০ হর্সপাওয়ারের 944 Turbo মডেলগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এসব পরিবর্তনের পরও মূল স্পোর্টস কারের ফ্রন্ট-ইঞ্জিন ট্রান্সঅ্যাক্সেল ওজন বন্টন, ম্যানুয়াল বা অটোমেটিক গিয়ারবক্স এবং ২+২ সিটিং কনফিগারেশন অপরিবর্তিত রাখা হয়েছে।

একটি স্পোর্টস কুপকে ওয়াগনে রূপান্তর করতে মেটালওয়ার্ক, কাটিং, ওয়েল্ডিং এবং বডি শেপিংয়ের পেছনে শত শত ঘণ্টার কঠোর পরিশ্রম প্রয়োজন হয়। এর প্রধান পরিবর্তনের মধ্যে রয়েছে রুফলাইন বাড়ানো ও প্রসারিত করা, B-পিলারের নব‍্য রূপ দেওয়া, পেছনের কাস্টম প্যানেল তৈরি এবং নতুন টেলগেট যুক্ত করা।

গাড়িটির এক্সক্লুসিভিটি বা দুর্লভতা বজায় রাখতে বিশ্বজুড়ে মাত্র ১০টি গাড়ি রূপান্তরের ঘোষণা দিয়েছে CarPoint। কর ছাড়া এই কনভার্সন প্যাকেজের প্রারম্ভিক মূল নির্ধারণ করা হয়েছে ১,০০,০০০ ইউরো। আর জার্মানির ১৯ শতাংশ ভ্যাটসহ এর দাম দাঁড়ায় ১,১৯,০০০ ইউরো বা ১,২৮,০০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা)। তবে মূল দাতা গাড়ি, বিশেষ চাকা, সাসপেনশন, এক্সহস্ট বা ইন্টেরিয়রের আলাদা খরচের হিসাব এর সাথে যুক্ত হবে।

সাধারণ চোখ দেখলে দামটি বেশ চড়া মনে হতে পারে, তবে Porsche-র হাতে তৈরি অনন্য ইতিহাস সংগ্রহে রাখতে চাওয়া ওয়াগন-প্রেমীদের কাছে এই বঅভিজাত সৃষ্টি হয়তো আর্থিক মূল্যের চেয়েও অনেক বেশি দামি।

Next
Next

যুক্তরাজ্যে বিক্রির শীর্ষে চীনা Jaecoo 7