AI ব্যর্থ, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের কাজে ফেরাল Ford

পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর ওপর ভরসা করে গাড়ির গুণগত মান নিশ্চিত করা সম্ভব নয়—এই বাস্তবতা মেনে নিয়ে শত শত অভিজ্ঞ ইঞ্জিনিয়ারকে পুনরায় নিয়োগ দিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Ford।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, গত তিন বছরে Ford তাদের কোম্পানিতে ৩৫০ জন প্রবীণ ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ারকে ফিরিয়ে এনেছে। এর মধ্যে কোম্পানির সাবেক কর্মী এবং বিভিন্ন সাপ্লায়ার প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরাও রয়েছেন। বছরের পর বছর ধরে ওয়ারেন্টি দাবি এবং রিকল বাবদ বিলিয়ন বিলিয়ন ডলার লোকসানের মুখে পড়ে কোম্পানিটি এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা এখন কোম্পানির এআই টুলগুলোর পাশাপাশি কাজ করছেন এবং তরুণ কর্মীদের নতুন করে প্রশিক্ষণ দিচ্ছেন।

Ford-এর ভেহিকল হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট চার্লস পুন (Charles Poon) গণমাধ্যমকে জানিয়েছেন, "কৃত্রিম বুদ্ধিমত্তা একটি চমৎকার টুল, কিন্তু এটি ঠিক ততটাই ভালো কাজ করবে, যতটা ভালো তথ্য দিয়ে আপনি একে প্রশিক্ষণ দেবেন।" তিনি স্বীকার করেন যে, আগে কোম্পানিটি AI-এর ক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করত। তারা ভেবেছিল, ডিজাইনের প্রয়োজনীয়তাগুলো কেবল এআই সিস্টেমে ইনপুট দিলেই উচ্চমানের পণ্য তৈরি সম্ভব হবে।

Ford-এর চিফ অপারেটিং অফিসার কুমার গালহোত্রা (Kumar Galhotra) বলেন, "আমরা স্বয়ংক্রিয় গুণগত মান নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভর করছিলাম, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছিলাম না। তাই আমরা প্রযুক্তিগত বিশেষজ্ঞদের ফিরিয়ে এনেছি; তারা কোনো যন্ত্রাংশ কারখানায় পৌঁছানোর আগেই তার সম্ভাব্য ত্রুটিগুলো খুঁজে বের করেন।"

মজার বিষয় হলো, Ford তাদের উৎপাদন প্রক্রিয়ায় AI-এর ব্যবহার পুরোপুরি কমিয়ে দেয়নি। গত বছর তারা কারখানার উৎপাদন ত্রুটি ধরতে প্রায় ৯০০টি এআই-চালিত ক্যামেরা বসিয়েছে। সিইও জিম ফার্লি অতীতে এআই-এর মাধ্যমে অনেক হোয়াইট-কলার চাকরি প্রতিস্থাপনের কথা বললেও, বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে যে গাড়ির নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে মানুষের অভিজ্ঞতার কোনো বিকল্প নেই।

এই নতুন পদ্ধতির ফলে ইতোমধ্যে ওয়ারেন্টি ও রিকল খরচ কমতে শুরু করেছে বলে জানিয়েছেন সিইও জিম ফার্লি। তার মতে, নতুন এই উদ্যোগের মাধ্যমে কোম্পানিটি চলতি বছর প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের মতো খরচ কমাতে পারবে। যদিও যুক্তরাষ্ট্রে এখনো সবচেয়ে বেশি রিকল করা ব্র্যান্ডের তালিকায় Ford শীর্ষে রয়েছে, তবে কোম্পানিটির কর্মকর্তারা আশা করছেন যে, নতুন গুণগত মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় তৈরি হওয়া গাড়িগুলো বাজারে এলে এই রিকলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

Previous
Previous

প্রথমবার অল-ইলেকট্রিক সংস্করণসহ এলো নতুন BMW X5

Next
Next

চীনা আগ্রাসনের মুখে বাজার ধরে রাখার লড়াইয়ে Toyota