Rolls-Royce-এর প্রতিদ্বন্দ্বী আনছে BYD
সাধারণ বাজারের দখল নেওয়ার পর এবার শীর্ষ ধনকুবেরদের দিকে নজর দিয়েছে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD।
Car News China-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ আল্ট্রা-লাক্সারি ব্র্যান্ড Yangwang একটি নতুন Sedan এবং SUV চীনের রাস্তায় পরীক্ষা করছে। ধারনা করা হছে, পানিতে ভাসমান ও ট্যাংকের মতো চক্রাকারে ঘুরতে সক্ষম U8 SUV, U9 Xtreme সুপারকার এবং U7 সেডানের পর উচ্চবিত্তের বাজারে নিজেদের আধিপত্য আরও জোরালো করতেই প্রতিষ্ঠানটি গাড়িগুলো বাজারে আনছে।
China EV DataTracker-এর তথ্যমতে, সীমিত উৎপাদন ও অত্যন্ত প্রিমিয়াম ক্যাটাগরির হওয়া সত্ত্বেও Yangwang ব্র্যান্ডটি ২০২৬ সালের আগস্ট মাসে চীনে ৪৪২টি গাড়ি সরবরাহ করেছে এবং বার্ষিক হিসাবে ধারাবাহিকভাবে তাদের বিক্রির উর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে।
গাড়িগুলোর বাহ্যিক গঠন ও নকশায় রয়েছে Rolls-Royce-এর বিখ্যাত Phantom এবং Cullinan এর প্রভাব।
ছবিঃ কার নিউজ চায়না।
নতুন এই সেডানটিতে রয়েছে লম্বা হুইলবেস এবং Rolls-Royce Phantom-এর মতো রাজকীয় সিলুয়েট। দরজার হাতলের অবস্থান ইঙ্গিত করে এতে বিপরীতমুখী কোচ ডোর (coach doors) ব্যবহার করা হয়েছে। সাধারন B-pillar ছাড়া গাড়ির কাঠামোগত দৃঢ়তা বজায় রাখতে নিচে যুক্ত করা হয়েছে লোড-বেয়ারিং ব্যাটারি এবং প্যানোরামিক গ্লাসের পরিবর্তে রাখা হয়েছে শক্ত ধাতব ছাদ।
চীনা বিভিন্ন সূত্রের মতে, কেবিনে সহজে ওঠানামার সুবিধার্থে এটি পিলার-হীন চ্যাসিস ডিজাইন ব্যাবহার করতে পারে। আর এতে বিপরীতমুখী কোচ ডোর আর প্যানোরামিক গ্লাসের অনুপস্থিতি এই ধারনাকে আরো জোরালো করে।
সেডানটির প্রোটোটাইপে কোনো LiDAR ইউনিটের উপস্থিতি দেখা যায়নি তবে পেছনের বাম্পারের নিচে দেখা গেছে একটি এয়ার ক্যানিস্টার, যা BYD-র উচ্চমানের DiSus-A এয়ার সাসপেনশন ব্যবহারের ইঙ্গিত দেয়। গাড়িটিতে আরও ব্যবহার করা হয়েছে Maybach-অনুপ্রাণিত বিশাল চাকা।
ছবিঃ কার নিউজ চায়না।
অন্যদিকে নতুন লাক্সারি SUV মডেলটিকে চীনের Turpan অঞ্চলে চরম উচ্চ তাপমাত্রার মধ্যে পরীক্ষা করা হয়েছে। Yangwang-এর U8 বা U8L SUV-থেকে ব্যতিক্রম এই ডিজাইনটি Rolls-Royce Cullinan-এর মতো অন-রোড পারফরম্যান্সের দিকে মনোযোগ দিয়েছে।
পার্কিংয়ের সময় গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিচে নেমে আসতে দেখা যায়, যা অ্যাডজাস্টেবল রাইড-হাইট সিস্টেমের প্রমাণ দেয়। সেডানটির মত এই গাড়িতেও ব্যবহার করা হয়েছে লো-প্রোফাইল Maybach-স্টাইল চাকা।
সেডানের বিপরীতে এই SUV-র উইন্ডস্ক্রিনের ওপর ছাদে একটি LiDAR ইউনিট রয়েছে, যার ফলে ধারণা করা হচ্ছে গাড়িটিতে BYD-র DiPilot 600 অ্যাসিস্টেড ড্রাইভিং সিস্টেম বা "God’s Eye" সংযোজন করা হয়েছে।
ছবিঃ কার নিউজ চায়না।
ভাবগম্ভীর এই বডির নিচে U8 সিরিজের চার মোটরের e⁴ প্ল্যাটফর্মের বদলে এতে e3 প্ল্যাটফর্ম ব্যবহার করা হতে পারে, যা হাইওয়েতে জ্বালানি সাশ্রয় অনেকাংশেই বাড়িয়ে দেবে।
U7 ছাড়া Yangwang ব্র্যান্ডের অন্যান্য মডেলগুলোর প্রারম্ভিক দাম ১০ লাখ ইউয়ান বা প্রায় ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার থেকে শুরু হয় (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা)। এর সাথে কাস্টমাইজেশন ও বিশেষ ট্রিম যুক্ত হলে গাড়ির দাম আরও বহুগুণ বেড়ে যায়। নতুন এই মডেল দুটি BYD-র পুরো লাইনআপের একদম শীর্ষস্থানে 'Halo model' হিসেবে জায়গা পাবে। বলা বাহুল্য, এদের দাম অন্যান্য Yangwang গাড়ির চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি হবে।
ইউরোপজুড়ে চীনা গাড়িগুলোর আগ্রাসী উপস্থিতির একটি বড় মাইলফলক রচিত হলো যুক্তরাজ্যে; সেখানে গত মাসে বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির মুকুট ছিনিয়ে নিয়েছে চীনের তৈরি একটি ক্রসওভার।