ইউরোপীয় গাড়ি নির্মাতাদের তীব্র সমালোচনা করলেন Rimac

ছবিঃ Rimac Automobili

ইউরোপের অটোমোবাইল শিল্পের সাম্প্রতিক সংকট ও ভুল দিকনির্দেশনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন Bugatti Rimac-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং Rimac Group-এর প্রেসিডেন্ট Mate Rimac।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিও বার্তায় Zagrab-এ নিজেদের ক্যাম্পাসে ২,১০০ হর্সপাওয়ারের অল-ইলেকট্রিক 'Nevera R' সুপারকারের সামনে দাঁড়িয়ে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার মতে, চীন থেকে আসা সুলভ ও উন্নত প্রযুক্তির গাড়ির প্রতিযোগিতায় টিকতে না পেরে ইউরোপীয় ঐতিহ্যবাহী গাড়ি নির্মাতারা হাঁটছে সম্পূর্ণ ভুল পথে।

সংকট থেকে উত্তরণের কিছু পরামর্শ দিয়ে Rimac বলেন, “ইউরোপীয় অটোমোবাইল শিল্প এখন চরম বিপদে এবং তারা এই সংকট থেকে বের হতে কনসালটেন্টদের কোটি কোটি টাকা দিচ্ছে। আমি আপনাদের সেই টাকাটা বাঁচিয়ে দিচ্ছি—চীনারা যেগুলোতে সেরা, আপনারা দয়া করে সেগুলো হুবহু নকল করতে যাবেন না; যেমন—সবচেয়ে বড় স্ক্রিন, কম বোতাম কিংবা দ্রুততম চার্জিং সময়। এগুলো করা বন্ধ করুন।”

ছবিঃ Mate Rimac

ভিডিওতে একটি ক্লাসিক Rolls-Royce-এর ভেতরটা দেখিয়ে ডিজিটাল গ্যাজেটের বদলে আভিজাত্য আর গুণগত মানের দিকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি। তিনি বলেন, “আপনাদের চামড়া, আসল উপাদান আর খাঁটি উপকরণ নিয়ে কাজ করা উচিত। আপনি হয়তো বলবেন, এতে গাড়ি সবার জন্য থাকবে না। আমাদের মতপার্থক্যটা সেখানেই। আপনি সবার জন্য গাড়ি বানাতে পারবেন না। সুইস ঘড়ি নির্মাতারা যেমন তাদের নির্দিষ্ট জায়গা (niche) খুঁজে নিয়েছে, আপনাদেরও তাই করতে হবে। তারা বিশ্বের ঘড়ির মাত্র ৫ শতাংশ তৈরি করে, কিন্তু পুরো শিল্পের ৯০ শতাংশ মুনাফা তাদের পকেটে যায়। ইউরোপকে হয় এই পথ বেছে নিতে হবে, আর নয়তো এই শিল্পের ভবিষ্যৎ অন্ধকার; কারণ একই জিনিস বানিয়ে চীনাদের সাথে প্রতিযোগিতা করা অসম্ভব। ব্যাস, আমি আপনাদের প্রচুর টাকা বাঁচিয়ে দিলাম!”

ছবিঃ Bugatti

কাগজে-কলমে Rimac-এর এই পরামর্শ শুনতে আকর্ষণীয় মনে হলেও, কয়েক কোটি সাধারণ গাড়ি বিক্রি করা বিশাল প্রতিষ্ঠানগুলোর জন্য এই কৌশল বাস্তবে প্রয়োগ করা অনেকটাই রূপকথার মতো। Bugatti-র মতো ছোট ও উচ্চ-মুনাফার ব্র্যান্ডের জন্য এটি তুলনামূলক সহজ হলেও, Volkswagen-এর মতো বিশাল প্রতিষ্ঠানের পক্ষে কয়েক মিলিয়ন গাড়ি বিক্রি ছেড়ে দিয়ে স্রেফ বিলাসবহুল পণ্যের ব্র‍্যান্ডে রূপান্তরিত হওয়া বাস্তবসম্মত নয়।

যুক্তরাজ্যের মতো ইউরোপীয় অটোমোবাইল খাত যদি পুরোপুরি ধসে না পড়ে, তবে ঐতিহ্যবাহী এই জায়ান্টদের শেষ পর্যন্ত কৃত্রিম চামড়া আর ক্রিস্টালের আড়ালে আশ্রয় না নিয়ে প্রযুক্তি আর দামের ময়দানেই চীনাদের বিরুদ্ধে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে।

Previous
Previous

দুর্লভ Gullwing Sera ভাড়া দিচ্ছে Toyota

Next
Next

১০ লাখ গাড়ি উৎপাদন করল BMW M