বিক্রি বাড়ছে Mercedes-এর বৈদ্যুতিক গাড়ির

ছবিঃ Mercedes

প্রশ্নসাপেক্ষ ডিজাইনের পরও, Mercedes-Benz এর নতুন বৈদ্যুতিক গাড়িগুলো শোরুম থেকে খুব দ্রুত বিদায় হয়ে যাচ্ছে।

Stuttgart ভিত্তিক এই প্রতিষ্ঠানটি গত বুধবার তাদের বৈশ্বিক পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত কোয়ার্টারে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে, বিশ্বজুড়ে বিক্রি হওয়া প্রতি চারটি নতুন Mercedes গাড়ির একটি ছিল প্লাগ-ইন বা বিদ্যুতায়িত মডেল।

জার্মানির এ বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির সামগ্রিক গাড়ি বিক্রি কমলেও বৈদ্যুতিক গাড়ির বিক্রিতে বড় ধরণের লাফ দিয়েছে। তারা শেষ তিন মাসে বিশ্বজুড়ে মোট ৪০৭,২০০ টি প্যাসেঞ্জার কার ডেলিভারি দিয়েছে, যা গত বছরের তুলনায় ৮% কম। এর মূল কারণ চীনের বাজারের চ্যালেঞ্জিং পরিস্থিতি। তবে চীন ছাড়া অন্যান্য সব জায়গায় বিক্রি ৬% বেড়েছে।

শুধু ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ৬৮,৪০০ ইউনিটে, যা গত বছরের তুলনায় ৬১% বেশি এবং আগের কোয়ার্টারের চেয়ে ২৯% বেশি। মোট বিক্রির রেকর্ড ১৬.৮% ছিল পুরো বৈদ্যুতিক মডেলের দখলে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৭.২ শতাংশ বেশি।

আবার ইউরোপে বিক্রি হওয়া প্রতি তিনটি নতুন Mercedes গাড়ির প্রায় একটি ছিল পুরোপুরি ব্যাটারিচালিত। এই অঞ্চলে বৈদ্যুতিক গাড়ি বিক্রি গত বছরের তুলনায় ৭৮% বেড়েছে, যার নেপথ্যে বড় ভূমিকা রেখেছে নতুন বৈদ্যুতিক GLC।

এমনকি European Union জুড়ে CLA, GLA, GLB এবং GLC এর বৈদ্যুতিক ভ্যারিয়েন্টগুলোর ২০২৬ সালের পরিকল্পিত উৎপাদনের লট পুরোপুরি বিক্রি হয়ে গেছে। বিক্রির দিক দিয়ে তাদের কমার্শিয়াল ভ্যানগুলোও পিছিয়ে নেই, বৈশ্বিক ভ্যান বিক্রির ১১% এবং Europe এ ১৫% জায়গা করে নিয়েছে বৈদ্যুতিক মডেলগুলো।

EQ সিরিজের বিদঘুটে ডিজাইনের ধাক্কা সামলে ওঠা এই ঐতিহ্যবাহী ব্র্যান্ডটির জন্য এটি সত্যি চমৎকার খবর। এখন আশা করা যায় তারা তাদের উৎকট ডিজাইন শৈলী আর স্ক্রিনের প্রতি অতিরিক্ত ঝোঁক কিছুটা কমাবে।

Previous
Previous

পেট্রোল 718-এর হাল ছেড়ে দিল Porsche

Next
Next

মিনিভ‍্যান ফিরিয়ে আনতে চায় Renault