Ghostbusters-এর ডাকে সাড়া দিল Rivian

ছবিঃ Rivian

Halloween উদ্‌যাপন করতে Sony Pictures-এর সঙ্গে হাত মিলিয়েছে Rivian।

Ecto-R1, Ghostbusters-এর আইকনিক Ecto-1 গাড়ির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষভাবে নির্মান করা হয়েছে একটি গাড়ি। পাশাপাশি নিজেদের বৈদ্যুতিক গাড়ির জন্য একটি বিশেষ Ghostbusters অ্যাপও নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

R1S SUV-এর ওপর ভিত্তি করে তৈরি Ecto-R1-এ রয়েছে সাদা রঙের কভারসহ উজ্জ্বল 22-inch Aero হুইল, গায়ে লাল গ্রাফিক্স এবং বনেট ও সামনের দরজায় পরিচিত “No-Ghost” লোগো। গাড়িটিকে আরও বাস্তবসম্মত করে তুলতে এতে যোগ করা হয়েছে পুরোনো দিনের জরুরি সেবায় ব্যবহৃত বাতি।

ছাদের র‍্যাকটি কেবলই সাজসজ্জার জন্য নয়। এতে রয়েছে কার্যকর সাইরেন, স্পটলাইট, রাডার ডিশ, পার্শ্ববর্তী ট্যাংক এবং ওপর থেকে দেখা যায় এমন একটি কম্পাস। নিউ ইয়র্কের রাস্তায় ভূত শিকার করতে না নামলেও, এই রূপান্তরকে বিশ্বাসযোগ্য করে তুলতে যে ব্যাপক পরিশ্রম করা হয়েছে, তা স্পষ্ট।

Ecto-R1 প্রদর্শন করা হবে Laguna Beach, Austin, Venice, Miami Brickell, San Francisco এবং New York City-র Meatpacking District-এ অবস্থিত Rivian Spaces-এ। দর্শনার্থীরা সেখান থেকে সীমিত সংখ্যায় তৈরি বিশেষ পণ্যসামগ্রীও সংগ্রহ করতে পারবেন।

Halloween নিয়ে Rivian-এর আয়োজন অবশ্য এই গাড়ি প্রদর্শনীতেই সীমাবদ্ধ নয়। প্রতিষ্ঠানটি এমন একটি Ghostbusters অ্যাপ আনছে, যা গাড়ি পার্ক করা অবস্থায় এর ডিসপ্লেগুলোর চেহারা বদলে দেবে। এমনকি গাড়ি Drive মোডে নেওয়ার পরও অ্যাপটির বিশেষ ফিচারগুলো সক্রিয় থাকবে।

Trick or Treat Mode চালু করলে চালক ও পেছনের যাত্রীদের ডিসপ্লে বদলে যাবে, বাজবে Ghostbusters-এর থিম সং এবং গাড়ির বাইরের আলো ও সাউন্ড ইফেক্টের একটি বিশেষ প্রদর্শনী শুরু হবে। মালিকেরা Ecto-1, Proton Pack, Slimer, Ghost Trap এবং Peter Venkman থেকে অনুপ্রাণিত বিভিন্ন থিম বেছে নিতে পারবেন। চাইলে স্বয়ংক্রিয় নির্বাচন (Random) সেটিং চালু করে পছন্দের কাজটুকুও সফটওয়্যারের ওপর ছেড়ে দিতে পারেন।

এই আপডেটে Ghostbusters-অনুপ্রাণিত লকিং সাউন্ডও যুক্ত হয়েছে। প্রথম প্রজন্মের R1 মডেলগুলোতে Ecto-1 মোড ব্যবহার করা যাবে। অন্যদিকে, দ্বিতীয় প্রজন্মের R1 এবং আসন্ন R2 মডেলে Proton Pack ও Chant সাউন্ডের মধ্যে বেছে নেওয়ার সুযোগ থাকবে। Rivian-এর স্মার্টফোন অ্যাপ থেকেই এসব ফিচার নিয়ন্ত্রণ করা যাবে।

যাঁরা ভূত শিকারের পিছনে বেশী খাটতে চান না, তাঁদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। আপডেটে যোগ হয়েছে Mallow Mash নামের একটি আর্কেড গেম। গাড়ি পার্ক করা অবস্থায়ই শুধু খেলা যাবে এটি, আর খেলোয়াড়দের কাজ হলো Mini-Pufts-দের ফাটানো।

Halloween সফটওয়্যার আপডেটটি ৯ অক্টোবর থেকে চালু হবে এবং ২ নভেম্বর পর্যন্ত ব্যবহার করা যাবে।

গাড়ি সাজিয়ে সিনেমার চরিত্র ফুটিয়ে তোলার প্রতিযোগিতায় Rivian-এর এই প্রচেষ্টা বেশ চমৎকার। কারণ, সব বৈদ্যুতিক SUV-র কপালে তো আর দুনিয়াকে ভূতের হাত থেকে বাঁচানোর রোমাঞ্চকর সুযোগ জোটে না!

Previous
Previous

চলতে চলতেই চার্জ হবে Honda-র গাড়ি

Next
Next

অবশেষে বিদায় নিচ্ছে McLaren 720S