অবশেষে বিদায় নিচ্ছে McLaren 720S

ছবিঃ McLaren

প্রায় এক দশক পর 720S এবং এর উত্তরসূরি 750S-কে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে McLaren।

২০২৭ সালে 750S-এর উৎপাদন বন্ধ হয়ে যাবে। আর তাই এরই মধ্যে গ্রাহকদের কাছ থেকে শেষবারের মতো অর্ডার নেওয়া শুরু করেছে McLaren।

কোম্পানিটির বৃহত্তর করপোরেট রূপান্তরের অংশ হিসেবেই এসেছে এই ঘোষণা। এর মধ্যে রয়েছে ব্র্যান্ডের লোগো নতুন করে সাজানো এবং অটোমোবাইল বাজারে নতুন সেগমেন্টে প্রবেশের পরিকল্পনা। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, Ferrari Purosangue-কে টেক্কা দিতে একটি সুপার-SUV তৈরির কথাও ভাবছে সংস্থাটি।

750S আসলে 720S-এরই বিবর্তিত সংস্করণ। 720S প্রথম বাজারে আসে ২০১৭ সালে। ২০২৩ সালে 750S উন্মোচনের সময় McLaren দাবি করেছিল, 720S-এর প্রায় ৩০ শতাংশ যন্ত্রাংশ পরিবর্তন বা উন্নত করা হয়েছে। তারপরও গাড়িটির মূল প্ল্যাটফর্ম প্রায় দশ বছর পূর্ণ করার পথে। অত্যাধুনিক প্রকৌশলবিদ্যার জন্য পরিচিত একটি ব্র্যান্ডের ক্ষেত্রে একই প্ল্যাটফর্মের এত দীর্ঘ সময় ধরে টিকে থাকা বেশ অস্বাভাবিক।

এছাড়া বছরের পর বছর ধরে এই প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে একাধিক উচ্চক্ষমতার সংস্করণ তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে ট্র্যাককেন্দ্রিক 765LT এবং সম্প্রতি উন্মোচিত 788HS। বিশেষজ্ঞরা মনে করেন, এত বেশি সংস্করণ তৈরি করতে গিয়ে McLaren-এর এই কৌশল উল্টো তাদের ক্ষতিই করেছে। একসময় ব্র্যান্ডটির মূল আকর্ষণ ছিল এর 'এক্সক্লুসিভিটি' বা অনন্যতা, কিন্তু একের পর এক নতুন সংস্করণ আসায় সেই স্বাতন্ত্র্য ক্রমেই ম্লান হয়ে গেছে।

750S-এ রয়েছে 4.0-litre twin-turbocharged V8 ইঞ্জিন, যা 740 horsepower শক্তি উৎপাদন করে। McLaren-এর দাবি, গাড়িটির শুষ্ক ওজন 2,815 pounds। 720S-এর তুলনায় এতে সাসপেনশন নতুনভাবে সমন্বয় করা হয়েছে, পরিবর্তন আনা হয়েছে অ্যারোডাইনামিকসে, হালনাগাদ করা হয়েছে ট্রান্সমিশনের ক্যালিব্রেশন এবং কেবিনকে আরও চালককেন্দ্রিক করে তোলা হয়েছে।

McLaren-এর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা Henrik Wilhelmsmeyer বলেছেন, "একটি আদর্শ McLaren সুপারকারের যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন—তার সবকিছুরই নিখুঁত সংমিশ্রণ ঘটেছে এই 750S মডেলে। এর মধ্যে রয়েছে বেঞ্চমার্ক পারফরম্যান্স, রোমাঞ্চকর ড্রাইভিং অভিজ্ঞতা, প্রযুক্তিগত উদ্ভাবন, নজরকাড়া ডিজাইন এবং গ্রাহকের পছন্দ অনুযায়ী কাস্টমাইজেশনের (Personalization) সুবিধা। গাড়িটি অটোমোবাইল জগতে এক অনন্য ও অসাধারণ ঐতিহ্য রেখে যাচ্ছে।"

750S-এর বিদায় McLaren-এর আরও বড় পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, হাইব্রিড Artura-ও উৎপাদনের শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে। এর ফলে সম্পূর্ণ নতুন প্রজন্মের মডেল আনার পথ তৈরি হতে পারে।

প্রকৌশলবিদ্যাকে প্রতিনিয়ত এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিতে গড়ে ওঠা একটি প্রতিষ্ঠানের জন্য এই পুরোনো হয়ে যাওয়া প্ল্যাটফর্মটি অবসরে পাঠানোর সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। একই পুরোনো সুপারকারে নতুন ব্যাজ লাগানোর আরেকটি অজুহাত দাঁড় না করিয়ে McLaren-এর এখন দরকার মৌলিক ভাবনা বা ভিন্নধর্মী উদ্ভাবন।

Previous
Previous

Ghostbusters-এর ডাকে সাড়া দিল Rivian

Next
Next

হঠাৎ বিচ্ছিন্ন Omoda 5-এর পেছনের অ্যাক্সেল