Maserati এখনও জাদু দেখাতে জানে

ছবিঃ Maserati

গভীর আর্থিক সংকটের মাঝেও কিভাবে একটি চোখ ধাঁধানো সুপারকার তৈরি করতে হয় তা ভুলে যায়নি Maserati।

কোম্পানিটির Fuoriserie কাস্টমাইজেশন প্রোগ্রাম একজন ব্যক্তিগত সংগ্রাহকের অনুরোধে তৈরি করেছে তাদের নতুন মাস্টারপিস, এক অনন্য Maserati GT2 Stradale। কিংবদন্তি MC12-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি এই গাড়িটি ১৬ থেকে ১৮ অক্টোবর Florence-এর বাইরে Arno নদীর তীরে আয়োজিত Villa La Massa Excellence 2026-এ প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হয়। এর পাশে রাখা হয়েছিল আসল MC12-কে। ফলে দর্শকেরা নতুন গাড়িটির অনুপ্রেরণা এবং তার আধুনিক পুনরূপ—দুটিই পাশাপাশি দেখার সুযোগ পেয়েছেন।

গাড়িটি তৈরি করা হয়েছে মালিক ও Maserati-এর সৃজনশীল দলের ঘনিষ্ঠ সহযোগিতায়। গাড়ির বডি ও কেবিনের সাজসজ্জা থেকে শুরু করে ফিনিশিং—সবকিছুই এই প্রক্রিয়ার আওতায় ছিল। ফলাফল এমন একটি গাড়ি, যার নকশা মনে করিয়ে দেয় সেই সময়ের কথা, যখন Maserati সত্যিকারের সুপারকার তৈরি করত।

গাড়ির বাইরের অংশ রাঙ্গানো হয়েছে ধাতব আভাযুক্ত Blu Victory রঙে, যা MC12-এর World GT1 Championship জয়ের স্মারক। ম্যাট-কার্বনের ছাদের ওপর বসানো হয়েছে বড় Bianco Pastello Trident লোগো। পেছনের উইংয়ে রয়েছে সাদা Maserati লেখা। সাদা নম্বর প্লেটে লাল রঙে আঁকা হয়েছে ইতালির পতাকা, “Italy” শব্দটি এবং ৩৩ নম্বর। সাদা প্রতীকযুক্ত কালো অ্যানোডাইজড সেন্টার-লক চাকা পুরো সাজসজ্জাকে সম্পূর্ণ করেছে।

কেবিনেও নীল-সাদার সমন্বয় বজায় রাখা হয়েছে। রয়েছে নীল Alcantara আসন এবং হেডরেস্টে কালো সেলাইয়ে তৈরি Trident লোগো। তবে সবচেয়ে ব্যক্তিগত সংযোজনটি লুকানো রয়েছে ইঞ্জিন বে-তে। মালিকের অনুরোধে Maserati-এর Reference Driver ও Racing Advisor Andrea Bertolini সেখানে নিজ হাতে স্বাক্ষর করেছেন। MC12-এর চ্যাম্পিয়নশিপ জয়ের বছরগুলোতে আসল গাড়িটি চালিয়েছিলেন Bertolini। ২০১০ সালে তিনি জিতেছিলেন FIA GT1 World Championship।

এই সম্মাননা সত্যিই যথার্থ। ২০০৪ থেকে ২০১০ সালের মধ্যে MC12 মোট ২২টি রেস জিতেছিল এবং ১৪টি শিরোপা অর্জন করেছিল। এর মধ্যে ছিল দুটি Constructors' Cup, পাঁচটি Drivers' Championship এবং ছয়টি Team Championship। ৩৭ বছর বিরতির পর আন্তর্জাতিক GT রেসিংয়ে Maserati-এর প্রত্যাবর্তনের প্রতীক ছিল গাড়িটি।

24 Hours of Spa-তেও আধিপত্য দেখিয়েছিল MC12। ২০০৫, ২০০৬ ও ২০০৮ সালে এই দীর্ঘদূরত্বের রেস জিতে গাড়িটি। ২০০৭ ও ২০০৯ সালে শেষ করে দ্বিতীয় স্থানে। ফলে নিজের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ GT রেসিং গাড়ি হয়ে উঠেছিল MC12।

আধুনিক GT2 Stradale সেই রেসিংয়ের আত্মার কিছু অংশ সাধারণ মানুষের ব্যবহারের রাস্তায় নিয়ে এসেছে। এটি Maserati-এর GT2 রেস কারের সড়কে চালানোর অনুমোদনপ্রাপ্ত সংস্করণ। Modena-তে কোম্পানিটির Viale Ciro Menotti কারখানায় তৈরি হয় গাড়িটি। শক্তি আসে Nettuno V6 ইঞ্জিন থেকে, যা উৎপাদন করে ৬৩১ হর্সপাওয়ার।

হিসাব অনুযায়ী, গাড়িটি ঘণ্টায় ৬০ মাইল গতিতে পৌঁছাতে সময় নেয় প্রায় ২.৮ সেকেন্ড এবং এর সর্বোচ্চ গতি প্রায় ২০০ mph। Maserati-এর দাবি, এটি তাদের তৈরি সবচেয়ে পারফরম্যান্সকেন্দ্রিক সড়কগামী গাড়ি। ওজন কমানো এবং ট্র্যাকের অভিজ্ঞতা থেকে তৈরি অ্যারোডাইনামিক ব্যবস্থাই এর পারফরম্যান্সের বড় অংশ নিশ্চিত করে।

গাড়িটির মধ্যে একধরনের যথার্থতা রয়েছে। নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করার মতো পর্যাপ্ত গাড়ি বিক্রি করতে হিমশিম খাচ্ছে Maserati। আগামী বছরগুলোতে ব্র্যান্ডটির চেহারা কেমন হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তবু সত্যিকার অর্থে বিশেষ কিছু তৈরি করার ক্ষমতা কোম্পানিটি হারায়নি।

GT2 Stradale Maserati-এর আর্থিক অবস্থা উদ্ধার করতে পারবে না। একজন ব্যক্তিগত সংগ্রাহকের জন্য তৈরি একটিমাত্র গাড়ি কোম্পানির আয়-ব্যয়ের হিসাবে বড় কোনো পরিবর্তন আনার সম্ভাবনা কম, বিশেষ করে যখন তাদের বিপুলসংখ্যক গাড়ি বিক্রি করা প্রয়োজন। তবে এটি দেখিয়ে দেয়, Maserati-তে এখনও এমন মানুষ রয়েছেন, যাঁরা বোঝেন ব্র্যান্ডটিকে কোন বিষয়গুলি গাড়ি প্রেমীদের কাছে এত আকর্ষণীয় করে তোলে।

Next
Next

সফটওয়্যার সমস্যায় জর্জরিত Toyota