বৈদ্যুতিক গাড়ির লক্ষ্য বাতিল করল Bentley

ছবিঃ Bentley

সব গাড়ি সম্পূর্ণ বৈদ্যুতিক করার উচ্চাভিলাষী প্রতিশ্রুতির ইতি টানল ব্রিটিশ বিলাসবহুল ব্র্যান্ড Bentley।

সংবাদমাধ্যম Autocar-কে দেওয়া এক সাক্ষাৎকারে Bentley-র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) Frank-Steffen Walliser জানান, ২০৩০ সালের মধ্যে পুরোপুরি কম্বাশন ইঞ্জিনকে বিদায় জানানোর যে পরিকল্পনা তারা করেছিল , তা এখন আনুষ্ঠানিকভাবে বাতিল।

তিনি অকপটে স্বীকার করেন, পুরো গাড়িশিল্পের সেই সাজানো কৌশল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তিনি বলেন, "ভবিষ্যতের নিখুঁত ছক কষে পরিকল্পনা করার দিন সত্যি বলতে ফুরিয়ে গেছে, এবং আমি মনে করি না তা আর কখনো ফিরে আসবে।" এই সিদ্ধান্তের স্বপক্ষে যুক্তি দিয়ে তিনি আরো জানান, মূলত পরিবর্তনশীল নিয়মনীতি এবং বিলাসবহুল ইভি (EV)-র চাহিদা কমে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত বদল করতে হয়েছে।

নতুন নাম দেওয়া "Beyond100+" করপোরেট উদ্যোগের আওতায় শতভাগ ব্যাটারিচালিত বৈদ্যুতিক লাইনআপের সময়সীমা ২০৩৫ সাল পর্যন্ত পিছিয়ে দিয়েছে এই অভিজাত ব্রিটিশ ব্র্যান্ড। অন্তর্বর্তীকালীন সময়ে গ্যাসোলিন ইঞ্জিন এবং প্লাগ-ইন হাইব্রিডের আয়ু বাড়িয়ে নিচ্ছে তারা। এমনকি একই কারখানায় হাইব্রিড ও পেট্রোলচালিত গাড়ি তৈরি করা হবে, যাতে বাজারে ক্রেতাদের প্রকৃত মেজাজ বুঝে ঝটপট উৎপাদনের চাকা ঘুরিয়ে নেওয়া যায়।

এই পিছু হটার দৃশ্য অবশ্য নতুন নয়; তাদের চিরপ্রতিদ্বন্দ্বী Rolls-Royce-ও ২০৩০ সালের মধ্যে শতভাগ ইভি চালুর কড়া প্রতিশ্রুতি থেকে সরে এসে নিজেদের সিগনেচার V12 ইঞ্জিন টিকিয়ে রেখেছে। কারণ বিত্তশালী ক্রেতারা নীরস নীরবতার বৈদ্যুতিক বিলাসিতায় খুব সীমিত আগ্রহও দেখিয়েছেন।

তবে বড় এই পিছু হটার মধ্যেও ২০২৬ সালের সেপ্টেম্বরে নিজেদের প্রথম বাণিজ্যিক ব্যাটারি-ইলেকট্রিক যান হিসেবে 'Torcal' নামের একটি এসইউভি উন্মোচন করেছে Bentley। গাড়িটি আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে নামার কথা রয়েছে।

৮০০-ভোল্ট আর্কিটেকচারে তৈরি এই ক্রসওভারে থাকছে বিশাল ১১৩ কিলোওয়াট-আওয়ারের ব্যাটারি প্যাক ও দ্রুতগতির ডিসি চার্জিং সুবিধা। এর বেস মডেলেই মিলবে ৮১০ হর্সপাওয়ারের শক্তি, আর পারফরম্যান্স সংস্করণ 'Torcal S' দেবে ৮৭৬ হর্সপাওয়ার—যা দিয়ে স্থিরাবস্থা থেকে ঘণ্টায় ৬০ মাইল গতি তুলতে সময় লাগবে মাত্র ২.৮ সেকেন্ড। Bentley নিশ্চিত করেছে যে এই প্ল্যাটফর্মে কোনো গ্যাসোলিন বা হাইব্রিড সংস্করণ আসবে না।

তবে অন্যান্য নতুন বৈদ্যুতিক মডেলের পরিকল্পনা আপাতত আগামী দশকের শুরু পর্যন্ত সিন্দুকে পাঠিয়ে দেওয়া হয়েছে, যখন তারা Volkswagen Group-এর আসন্ন SSP কাঠামোতে রূপান্তরের প্রস্তুতি নেবে।

প্রাথমিক ইভি উন্মাদনা কেটে যাওয়ার পর Bentley-র এই বাস্তবতার মুখোমুখি হওয়া প্রকৃতপক্ষে অভিজাত ব্র্যান্ডগুলোর বৃহত্তর মোহভঙ্গেরই অংশ। Pagani, Koenigsegg কিংবা Maserati-র মতো নির্মাতারাও এখন খোলাখুলি স্বীকার করছে যে, তাদের কোটিপতি গ্রাহকরা নীরব দ্রুত গাড়ির থেকে ইঞ্জিনের গর্জনই বেশি ভালোবাসেন। এমন বাস্তবতায় কেবল একরোখা হয়ে দাঁড়িয়ে রয়েছে Jaguar, যারা তাদের চরম বিতর্কিত ও ধারালো ডিজাইনের Type 01 নিয়ে একাই সম্পূর্ণ বৈদ্যুতিক বিলাসের দিকে অন্ধের মতো ছুটছে।

তবে শীর্ষ অটো এক্সিকিউটিভদের কাছে বার্তাটি একদম পরিষ্কার: বিশ্বের ধনকুবেররা এখনো তাঁদের বিপুল বৈভবের প্রকাশ বৈদ্যুতিক নীরবতায় নয়, বরং এক্সজস্ট পাইপের খাঁটি হুঙ্কারেই শুনতে পছন্দ করেন।

Previous
Previous

ফরাসি বেশে ফিরল Nissan Pixo

Next
Next

চীনা গাড়ির দাম নিয়ে ক্ষুব্ধ BMW