জ্বালানি স্পোর্টস কারেই দীর্ঘ ভবিষ্যৎ দেখছেন Rimac
সাধারণ ব্যবহারের গাড়িগুলো দ্রুত বৈদ্যুতিক প্রযুক্তিতে স্থানান্তরিত হলেও, বিলাসবহুল হাই-এন্ড স্পোর্টস কারগুলো দীর্ঘমেয়াদে জ্বালানি বা কম্বাশন ইঞ্জিন চালিতই থেকে যাবে বলে মনে করেন Rimac Automobili-র প্রতিষ্ঠাতা এবং Bugatti Rimac-এর সিইও Mate Rimac। তাঁর মতে, সুপারকারের বাজার এখন ‘সুইস ঘড়ির যুগে’ প্রবেশ করছে।
CNBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে মোটরগাড়ি শিল্পের এই রূপান্তর ব্যাখ্যা করে Rimac বলেন, "সাধারণ মানুষের প্রতিদিনের ব্যবহারের অধিকাংশ গাড়িই ইভি (EV) হয়ে যাবে। কিন্তু স্পোর্টস কারসহ ওপরের সেগমেন্টের গাড়িগুলো সুইস ঘড়ির মতোই দীর্ঘ সময় কম্বাশন প্রযুক্তিতে থাকবে। বিশ্বের মাত্র ৫ শতাংশ ঘড়ি সুইজারল্যান্ডে তৈরি হলেও পুরো খাতের ৯০ শতাংশ মুনাফা সেখান থেকেই আসে। একটি Apple Watch বা যেকোনো স্মার্টওয়াচ দিয়ে অনেক বেশি কাজ করা সম্ভব, কিন্তু কোনো গ্রাহক সেটির জন্য ২ লাখ ডলার খরচ করবেন না।"
২০০৯ সালে প্রতিষ্ঠিত Rimac বিশ্বকে Concept One এবং প্রায় ২০ লাখ ইউরোর Nevera EV-র মতো ৪১২ কিমি/ঘণ্টা গতির হাইপারকার উপহার দিয়েছে। পরবর্তীতে ২০২১ সালে গঠিত Bugatti Rimac যৌথ উদ্যোগের মাধ্যমে প্রস্তুত করা হয় Chiron-এর পরবর্তী সংস্করণ Tourbillon। নতুন এই হাইপারকারে ব্যবহার করা হয়েছে ৮.৩ লিটারের V16 কম্বাশন ইঞ্জিন (৭৪৬ কিলোওয়াট) এবং তিনটি বৈদ্যুতিক মোটর (৫৯৭ কিলোওয়াট), যা যৌথভাবে সর্বোচ্চ ১,৩৪৩ কিলোওয়াট শক্তি উৎপন্ন করে।
ইভি ও কম্বাশন ইঞ্জিনের এই যুগলবন্দী নিয়ে তিনি বলেন, "বিষয়টি বেশ মজার যে আমি এখন বিশ্বের সবচেয়ে বড় কম্বাশন ইঞ্জিন তৈরি করছি। ক্রোয়েশিয়ায় আমাদের কারখানায় একই প্রোডাকশন লাইনে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বৈদ্যুতিক গাড়ির পাশেই তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কম্বাশন ইঞ্জিন। জীবন মাঝে মাঝে সত্যিই অদ্ভুত।" ব্যক্তিগত জীবনেও জ্বালানি চালিত গাড়ির ভক্ত Mate Rimac-এর নিজস্ব গ্যারেজে রয়েছে BMW E39 M5, E30 M3 Sport Evolution, Z4 M Coupe, E46 M3 CSL, F90 M5 Competition, E64 M6 (V10) এবং প্রতিদিন ব্যবহারের জন্য একটি Golf Mk5 R32।
বর্তমান বাজারে যখন Ferrari তাদের প্রথম EV 'Luce' নিলামে ৪ কোটি ডলারে বিক্রি করেছে (২০২৫ সালে তারা মোট ১৩,৬৪০টি গাড়ি সরবরাহ করে), তখন অনেক সুপারকার ব্র্যান্ড ইভি প্রকল্প থেকে পিছিয়ে আসছে। গ্রাহক না থাকায় Pagani তাদের ইভি প্রজেক্ট বাতিল করেছে, Koenigsegg জানিয়েছে ইভি সুপারকারের চাহিদা 'অত্যন্ত কম', Lamborghini তাদের ইভিকে প্লাগ-ইন হাইব্রিডে রূপান্তর করেছে এবং Bentley-ও ইভি পরিকল্পনা সংকুচিত করেছে।
অন্যদিকে, প্রতিটি ৩.৮ মিলিয়ন ইউরো মূল্যের ২৫০টি Tourbillon তৈরির পরিকল্পনা করেছে Bugatti। কাস্টমাইজেশন ও পার্সোনালাইজেশনের চাহিদা বাড়ায় Porsche Sonderwunsch, Maserati Fuoriserie এবং Mercedes-Benz Manufaktur-এর মতো প্রোগ্রামগুলো বেশ জনপ্রিয় হচ্ছে। Rimac জানান, গ্রাহকরা এখন কেবল গতির পরিসংখ্যান চান না, বরং গাড়ির পেছনে একটি নিজস্ব গল্প ও ব্যক্তিত্ব খুঁজছেন।
চীন থেকে এখন প্রায় ৫০,০০০ ডলারেই ১০ বছর আগের যেকোনো স্পোর্টস কারের চেয়ে দ্রুতগতির গাড়ি পাওয়া সম্ভব উল্লেখ করে Rimac বলেন, "গতি এখন গৌণ হয়ে গেছে। আসল বিষয় হলো মানুষের দক্ষতা ও কারুকার্যের উদযাপন। এসব গাড়ির দিকে তাকালে আপনি শৈল্পিক সৌন্দর্য ও উদ্ভাবনী দক্ষতা দেখতে পাবেন। আমার লক্ষ্য হলো সেরা ও সবচেয়ে আকর্ষণীয় গাড়ি তৈরি করা এবং শতকরা হিসেবে বিশ্বের সবচেয়ে লাভজনক অটোমোবাইল প্রতিষ্ঠান পরিচালনা করা।"
বাণিজ্যিক বাজারে ধুঁকলেও চমৎকার নকশার সুপারকার তৈরিতে যে তাদের জুড়ি নেই, তা আবারও প্রমাণ করল ইতালীয় ব্র্যান্ড Alfa Romeo।