E-Power হাইব্রিড রুপে আসছে Nissan X-Trail

ছবিঃ Nissan

2027 X-Trail Hybrid-এর আত্মপ্রকাশ ঘটিয়েছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Nissan। কিন্তু নতুন এই ক্রসওভারটি প্রচলিত হাইব্রিড গাড়ি নয়, বরং ইঞ্জিনযুক্ত একটি ইলেকট্রিক ভেহিকল (EV)।

যুক্তরাষ্ট্রে Nissan Rogue নামে উন্মোচিত গাড়িটির মাধ্যমে অবশেষে প্রতিষ্ঠানটি তাদের বহুল প্রতীক্ষিত E-Power সিরিজ-হাইব্রিড প্রযুক্তি বাজারে আনছে। এর পাওয়ারট্রেনে রয়েছে 1.5-liter টার্বোচার্জড তিন-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন, যা সরাসরি চাকা না ঘুরিয়ে মূলত গাড়ির ব্যাটারিটি চার্জ করার জেনারেটর হিসেবে কাজ করে। মুল শক্তি আসে 1.67-kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে, যা দুটি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে গাড়ির চারটি চাকায় ২২৫ হর্সপাওয়ার শক্তি সরবরাহ করে।

ফুল-টাইম অল-হুইল ড্রাইভ সমৃদ্ধ এই গাড়িতে প্লাগ-ইন চার্জিংয়ের প্রয়োজন নেই; রিফুয়েল করলেই চলে। Nissan-এর অভ্যন্তরীণ পরীক্ষায় গাড়িটি সম্মিলিতভাবে ৩৮ এমপিজি, শহরে ৪০ এমপিজি এবং হাইওয়েতে ৩৬ এমপিজি মাইলেজ প্রদান করেছে।

বাহ্যিক নকশায় যুক্ত করা হয়েছে হানিকম্ব গ্রিল ও ইন্টিগ্রেটেড এলইডি হেডলাইট। পেছনে রয়েছে এলইডি টেইললাইট এবং এলইডি লাইট বার। বিশেষ করে SR গ্রেডে থাকছে ইউনিক ফ্রন্ট ও রিয়ার ফ্যাসিয়া, ভিন্নধর্মী এক্সটেরিয়র ট্রিম ও প্রিমিয়াম গ্লস ব্ল্যাক অ্যাকসেন্ট। ক্রেতাদের জন‍্য গাড়িটি ৮টি আকর্ষণীয় সিঙ্গেল কালারে পাওয়া যাবে এবং পাশাপাশি থাকবেকালো ছাদযুক্ত পাঁচটি ডুয়াল-টোন রঙের সংস্করণ।

কেবিনের ভেতরে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে থাকছে এক জোড়া ১২.৩ ইঞ্চির ডিজিটাল ডিসপ্লে, যা Apple CarPlay ও Android Auto-র সাথে সহজেই কানেক্ট করা যায়। ওপরের ট্রিমগুলোতে যুক্ত হবে ডিজিটাল ক্লাস্টার এবং টাচস্ক্রিনের আকার বেড়ে হবে ১৪.৩ ইঞ্চি। শীর্ষ Platinum ট্রিমে রয়েছে ১০-স্পিকারের Bose প্রিমিয়াম অডিও সিস্টেম। গাড়িটির পেছনের সিট সোজা রাখা অবস্থায় ৩১.১ কিউবিক ফিট এবং সিট ভাজ করলে ৬৫.৯ কিউবিক ফিট লাগেজ রাখার জায়গা পাওয়া যায়।

২০২৬ সালের শরৎকাল থেকেই গাড়িটির বিক্রি শুরু হবে। উদ্ভাবনী মডেল হিসেবে প্রথমে বাজারে আসছে SR Tech Package যুক্ত X-Trail SR AWD, ১,৫৭৫ ডলারের বাধ্যতামূলক ডেস্টিনেশন চার্জসহ যার প্রারম্ভিক মূল্য ৪৩,০৬৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৩ লাখ ৮৩ হাজার ১২৫ টাকা)। বাকি ট্রিমগুলো আসবে ২০২৭ সালের শুরুর দিকে। এর মধ্যে X-Trail Hybrid SV AWD-এর দাম ৩৭,০৬৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ লাখ ৩৩ হাজার ১২৫ টাকা), স্ট্যান্ডার্ড X-Trail Hybrid SR AWD-এর দাম ৩৯,০৬৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ লাখ ৮৩ হাজার ১২৫ টাকা), SV Premium Pack যুক্ত X-Trail Hybrid SV AWD-এর দাম ৩৯,১৬৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ লাখ ৯৫ হাজার ৬২৫ টাকা) এবং শীর্ষ Platinum AWD ট্রিমের দাম ৪৫,০৬৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ লাখ ৩৩ হাজার ১২৫ টাকা)। আগামী বছরের শেষের দিকে সাশ্রয়ী মূল্যের নন-হাইব্রিড গ্যাসোলিন সংস্করণ আসার কথাও রয়েছে, যার দাম বর্তমান মডেলের মতোই ৩১,০৩৫ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ লাখ ৭৯ হাজার ৩৭৫ টাকা) কাছাকাছি হতে পারে।

তবে জাপানের বাজারে নতুন এই X-Trail কবে নাগাদ উন্মোচন করা হবে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি Nissan। ফলে রিকন্ডিশন্ড বা সরাসরি আমদানির মাধ্যমে ঢাকার রাস্তায় গাড়িটি দেখা যেতে এখনও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

Previous
Previous

আবার বিদায় নিচ্ছে Volvo-র সিইও

Next
Next

গাড়ি বানাবে সৌদি আরব